রুশ রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছিল হিলারির নির্বাচনী দল
সদ্য হয়ে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলার সময় হিলারি ক্লিনটনের নির্বাচনী দল রাশিয়ার রাষ্ট্রদূত সারগে কিসলিয়াকের সঙ্গে দেখা করেছিল। সে সময় তিনি যুক্তরাষ্ট্রকে রাশিয়ার ভাবমূর্তি ‘খারাপ’ করা বন্ধ করতে নির্দেশ দেন। ক্রেমলিনের মুখপাত্র এমনটা দাবি করেন বলে আজ সোমবার এক্সপ্রেসের খবরে বলা হয়।
রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মার্কিন রাজনীতিতে তাঁর দেশ ‘কখনো’ নাক গলায়নি। এটি একটি ভুয়া খবর।
রাশিয়ার রাষ্ট্রদূত সারগে কিসলিয়াক প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি যদি হিলারির প্রচারের সময় তাঁর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে লক্ষ করেন, তাহলে বুঝতে পারবেন তিনি (সারগে) এমন অনেক বৈঠক করেছেন। রাজনীতি বিশেষজ্ঞ, বিশেষজ্ঞদের অনেকেই হিলারি এবং তাঁর প্রচারণা দলের অনেককেই পরামর্শ দিয়েছেন।’
সারগে কিসলিয়াক বলেন, ‘এখানে রাশিয়ার ভাবমূর্তি “খারাপ” হিসেবে তুলে ধরা হচ্ছে, যা আমাদের কাছে খুবই অবাক হওয়ার মতো। তিনি বলেন, ‘আরেকটা বিষয়, যা বেশ অপ্রত্যাশিত, তা হলো রাশিয়া যেখানে এসে দাঁড়িয়েছে, তাতে রাশিয়া যুক্তরাষ্ট্রের জন্য “দুঃস্বপ্ন” হয়ে উঠেছে। একটি দেশ আপনাদের বিষয়ে হস্তক্ষেপ করতে পারে—এটি বলে আপনি নিজেই নিজের অপমান করছেন।’ তিনি আরও বলেন, বিশ্বে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর দেশ, যাদের স্থিতিশীল রাজনৈতিক ঐতিহ্য রয়েছে। আর আপনি বলছেন, একটি দেশ খুব সহজে আপনার নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ ও প্রভাবিত করতে পারে? এককথায় এটা অসম্ভব।
সম্প্রতি রাশিয়ার একজন অস্ত্র বিশেষজ্ঞ ভয়ংকর দাবি করেছেন। বলেছেন, ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্য ছিল হিলারি ক্লিনটনের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাকে ‘অস্থিতিশীল’ করে তোলা।
তবে পেসকভ এর সঙ্গে একমত পোষণ করেননি। তিনি বলেন, রাশিয়ার কখনো অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছে ছিল না, ভবিষ্যতেও থাকবে না।