রুশ রাষ্ট্রদূতের সঙ্গে নির্বাচন নিয়ে আলাপ করেন সেশন্স?
ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মস্কোয় তাঁর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বলেছেন, তিনি গত বছর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার কার্যক্রম নিয়ে জেফ সেশন্সের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল সেশন্সের সঙ্গে সে আলোচনায় রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয় নিয়েও কথা হয়। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ওই আলাপচারিতার খবর পেয়েছে।
গোয়েন্দা সূত্রের বরাতে পাওয়া এ খবর জেফ সেশন্সের প্রকাশ্য বক্তব্য-বিবৃতির সঙ্গে একেবারেই মিলছে না।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে সেশন্সের দুটি আলোচনার কথা জানতে পেরেছে। গত নির্বাচনের প্রচারকালে সেশন্স রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতিবিষয়ক পরামর্শকের দায়িত্বে ছিলেন। ওই নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ তদন্ত শুরু হলেও সেশন্স প্রথমে কিসলিয়াকের সঙ্গে তাঁর যোগাযোগের তথ্য দেননি। পরে অবশ্য তিনি বলেছেন, ওই আলাপচারিতায় ট্রাম্পের প্রচারাভিযানের ব্যাপারটি ছিল না।
একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, অ্যাটর্নি জেনারেল সেশন্স তদন্তকাজ বিভ্রান্ত করার মতো বিবৃতি দিয়েছেন। অন্যান্য সাক্ষ্যপ্রমাণের সঙ্গে তাঁর কথা অসামঞ্জস্য। সাবেক এক কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্য থেকে ইঙ্গিত মিলছে, সেশন্স ও কিসলিয়াক ‘তাৎপর্যপূর্ণ’ আলোচনায় অংশ নিয়েছিলেন। এতে রাশিয়া-সংক্রান্ত বিষয়ে ট্রাম্পের অবস্থান এবং ট্রাম্প প্রশাসনের অধীনে সম্ভাব্য রুশ-মার্কিন সম্পর্ক নিয়েও কথাবার্তা হয়েছিল।
ট্রাম্পের জয়ের নেপথ্যে রাশিয়ার যোগসাজশের অভিযোগ নিয়ে সেশন্স এমনিতেই চাপের মধ্যে রয়েছেন। এমন অবস্থায় কিসলিয়াকের সঙ্গে তাঁর একাধিক বৈঠকের খবর প্রকাশের জেরে সেই চাপ আরও বাড়ার আশঙ্কা আছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিতে বলেছেন, তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেই সেশন্স তদন্তকাজ থেকে সরে দাঁড়িয়েছেন।