রুশ সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার কুশনারের

মার্কিন নির্বাচন নিয়ে কোনো ধরনের রুশ সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। তিনি বলেন, তিনি বা ট্রাম্পের নির্বাচনী প্রচার দলের কেউই নির্বাচন বিষয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেননি। সিনেটের তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার আগে দেওয়া কুশনারের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে তদন্ত চলছে আমেরিকায়। এরই অংশ হিসেবে জ্যারেড কুশনারের সাক্ষ্য গ্রহণ করছে সিনেটের তদন্ত কমিটি। একই বিষয়ে প্রতিনিধি পরিষদেও তাঁকে সাক্ষ্য দিতে হবে। তবে সিনেট কমিটির মুখোমুখি হওয়ার আগেই কুশনার নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
এক বিবৃতির মাধ্যমে তিনি জানিয়েছেন, ‘আমি বা ট্রাম্পের নির্বাচনী প্রচার দলের কেউই নির্বাচন বিষয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেননি। কোনো ধরনের অনৈতিক যোগাযোগ আমার ছিল না।’ একই সঙ্গে নিজের ব্যবসায়িক কর্মকাণ্ড কোনোভাবেই রুশ অর্থায়নের ওপর নির্ভরশীল নয় বলেও তিনি জানিয়েছেন। বিবৃতিতে রুশ প্রতিনিধিদের সঙ্গে চারবার যোগাযোগ হওয়ার কথা উল্লেখ করলেও এর কোনোটিতেই নির্বাচন বিষয়ে আলোচনা হয়নি বলে জানান কুশনার। সিনেট কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘তদন্ত দলের সামনে তথ্য উপস্থাপনের সুযোগ পেয়ে আমি খুশি। আমার কিছু লুকানোর নেই।’
ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের সঙ্গে রুশ সংশ্লিষ্টতার বিষয়টি সাম্প্রতিক তদন্তে উঠে আসে। বিশেষত ট্রাম্প জুনিয়রের সঙ্গে রুশ আইনজীবীর বৈঠকের ঘটনা প্রকাশ হলে বিষয়টি গতি পায়। গত বছরের ৯ জুন অনুষ্ঠিত ওই বৈঠকে কুশনার ও ট্রাম্পের প্রচারণা দলের সে সময়ের প্রধান পল ম্যানাফোর্ট উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ট্রাম্প জুনিয়র। ওই বৈঠকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন প্রচার শিবির সম্পর্কে ধ্বংসাত্মক তথ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিৎসকায়া। তবে এ ধরনের কোনো তথ্য শেষ পর্যন্ত তাদের দেওয়া হয়নি বলে জানান ট্রাম্প জুনিয়র। তিনি বৈঠকটিকে ‘অর্থহীন’ বলেও আখ্যা দেন।
এ বৈঠক সম্পর্কে কুশনার তার বিবৃতিতে বলেন, ‘আমি দেরিতে যোগ দিয়েছিলাম। আর একে আমার খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয়নি। এমনকি আমি বৈঠক থেকেই আমার এক সহাকারীকে ই-মেইল করেছিলাম এই বলে যে, “তুমি কি আমার সেলফোনে কল করতে পার? বৈঠক থেকে বের হতে আমার একটি অজুহাত প্রয়োজন”।’
তিনি বলেন, ‘আমি এর আগে বা পরে ওই রুশ আইনজীবীর সঙ্গে কথা বলিনি। এমনকি গত মাসে ডোনাল্ড জুনিয়রের এ সম্পর্কিত একটি ই-মেইল প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এটি আমার মনেই ছিল না।’
কুশনার বলেন, ‘আমি বৈঠকে উপস্থিত থাকার সময় নির্বাচনী প্রচারণা নিয়ে কোনো আলোচনা হয়নি। বৈঠকের পরও এ ধরনের কোনো বিষয় আমার গোচরে আসেনি। সেখানে কতজন ছিলেন, তা আমার স্মরণে নেই। ওই বৈঠকে কোনো নথিপত্র আদান-প্রদান হয়েছে কিনা, তাও আমার জানা নেই।’
সিনেট কমিটির সামনে সাক্ষ্য প্রদানের জন্য কুশনারকে কোনো শপথ নিতে হচ্ছে না। তবে তার দেওয়া এ সাক্ষ্য পরবর্তী তদন্তে ব্যবহার করা হবে। কুশনারের এ বক্তব্য তদন্তের স্বার্থে বিশেষ কৌশলী রবার্ট মুয়েলারকে সরবরাহ করা হবে।
হাউস ইনটেলিজেন্স প্যানেলে থাকা শীর্ষ ডেমোক্র্যাট অ্যাডাম শিফ বলেন, ‘আমাদের অনেক কিছু জানার আছে। আমাদের অনেকগুলো বিষয়ে কথা বলতে হবে।’
প্রসঙ্গত, কংগ্রেস কমিটির সামনে একই বিষয়ে সাক্ষ্য দিতে ট্রাম্প জুনিয়র ও ম্যানাফোর্টের উপস্থিত হওয়ার কথা ছিল। তবে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য তাদের আইনজীবীদের করা সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এটি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।