মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রুশ হস্তক্ষেপের অভিযোগ তদন্তকারী দলের বিশেষ পরামর্শক রবার্ট মুলার তাঁর কাজের প্রয়োজনে ওয়াশিংটনের একটি গ্র্যান্ড জুরির সাহায্য নিচ্ছেন। মার্কিন সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের সঙ্গে রুশ যোগসাজশের কথিত অভিযোগ তদন্তে গ্র্যান্ড জুরির অন্তর্ভুক্তিতে মুলারের অধিকতর জোরালো চেষ্টার প্রতিফলন ঘটেছে। গ্র্যান্ড জুরি নামে পরিচিত বিচারকমণ্ডলী চাইলে সাক্ষ্যের জন্য যেকোনো ব্যক্তিকে তলব করতে পারেন।
প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য এই তদন্তের সমালোচনা অব্যাহত রেখেছেন। ওয়েস্ট ভার্জিনিয়ায় এক সমাবেশে তিনি রুশ যোগসাজশের ওই অভিযোগকে ‘পুরোপুরি বানোয়াট’ বলেছেন।
যুক্তরাষ্ট্রে জনগণের মধ্য থেকে সদস্য নিয়ে গ্র্যান্ড জুরি গঠন করা হয়। এই গ্র্যান্ড জুরি গোপনে সাক্ষ্য নিয়ে থাকেন এবং লোকজনকে দলিলপত্র হস্তান্তরে বাধ্য করতে পারেন। তাই সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের জন্য কৌঁসুলিরা গ্র্যান্ড জুরির সাহায্য নেন। তবে সম্ভাব্য আসামি অপরাধী নাকি নির্দোষ, তা নির্ধারণের দায়িত্ব গ্র্যান্ড জুরির নয়।
প্রকাশিত খবর বলছে, রুশ যোগসাজশের অভিযোগ তদন্তে কৌঁসুলিরা ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ইস্টার্ন ডিস্ট্রিক্টে কয়েক মাস ধরেই একটি গ্র্যান্ড জুরির সাহায্য নিচ্ছেন। মুলার এখন ওয়াশিংটনে একটি গ্র্যান্ড জুরির সহায়তা চেয়েছেন এবং সেটা কয়েক সপ্তাহ আগেই শুরু হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, তদন্তকাজের পূর্ণ নিয়ন্ত্রণ মুলার নিজের হাতেই রেখেছেন। তিনি এ মামলায় ইতিমধ্যে অধিকাংশ কৌঁসুলিকে সরিয়ে নিজের পছন্দের লোকজন নিয়োগ করেছেন।
গ্র্যান্ড জুরির কার্যক্রম গোপনীয় বলে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশিত হবে না। মুলারও তদন্তকাজের কোনো বিবরণ দেননি। তবে এটা স্পষ্ট যে তিনি গত জুনে অনুষ্ঠিত একটি বৈঠকের ব্যাপারে তদন্ত করছেন। ট্রাম্পের ছেলে ডোনাল্ড জুনিয়র এবং জামাতা জ্যারেড কুশনার ওই বৈঠকে একজন রুশ আইনজীবীর সঙ্গে বসেছিলেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রাম্পের প্রচার শিবিরের কেউ রাশিয়ার কাউকে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের প্রচারাভিযানের তথ্য ফাঁস করতে অনুপ্রাণিত করেছিলেন কি না মুলার সেটাই খতিয়ে দেখছেন। পাশাপাশি তিনি আরও খুঁজে দেখছেন, ট্রাম্প নিজের ছেলের ওই বৈঠকের খবর আগে থেকে জানতেন নাকি পরে জেনেছেন।
মার্কিন সংবাদমাধ্যম ওই তদন্তকাজের সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাত দিয়ে লিখেছে, গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান জেমস কোমিকে বরখাস্ত করে ট্রাম্প ন্যায়বিচার বাধাগ্রস্ত করেছেন কি না, সেটাও মুলার তদন্ত করছেন।
প্রেসিডেন্ট নির্বাচনে রুশ যোগসাজশের অভিযোগ তদন্তে কোমিই একসময় নেতৃত্ব দিচ্ছিলেন। তাঁর অপসারণের পর বিচার দপ্তরের ডেপুটি অ্যাটর্নি জেনারেল গত মে মাসে মুলারকে ওই পদে নিয়োগ দেন।