রুশ হস্তক্ষেপের অভিযোগে নিষ্ক্রিয় ছিলেন ওবামা: ট্রাম্প

গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের বিষয়টি জানার পরও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নিষ্ক্রিয় ছিলেন বলে অভিযোগ তুলেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, গত ৮ নভেম্বরের ভোটের আগেই ওবামা এ বিষয়ে জানতেন, অথচ কোনো ব্যবস্থা নেননি।
নির্বাচনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে সরাসরি হস্তক্ষেপ করতে যাচ্ছেন, বিষয়টি ওবামা আগস্টেই জানতেন—ওয়াশিংটন পোস্টের এমন প্রতিবেদন প্রকাশের পর এ মন্তব্য করেন ট্রাম্প।
মার্কিন প্রভাবশালী এই পত্রিকা গত শুক্রবার এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্বাচনে হস্তক্ষেপে হ্যাকারদের নির্দেশ দিয়েছেন—এমন তথ্যের বিষয়ে গত আগস্টে গোয়েন্দা সংস্থা সিআইএ ওবামাকে সতর্ক করে। দাবি করা হয়, রাশিয়ার এই হস্তক্ষেপের কারণে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের অবস্থান ক্ষতিগ্রস্ত হয়, লাভবান হন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।
প্রতিবেদনে জানানো হয়, ওবামা গোপনে রাশিয়ার হস্তক্ষেপ বন্ধ করতে বেশ কিছু উপায় নিয়ে বিতর্ক করেছেন। শেষ পর্যন্ত যে পদক্ষেপ নিয়েছেন, তা নামকাওয়াস্তে ছিল বলা হচ্ছে। ওবামা উদ্বিগ্ন ছিলেন, তাঁর যেকোনো পদক্ষেপ নির্বাচনে কারসাজি করা হচ্ছে বলে ইঙ্গিত করবে। তাই সিআইএ রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চাইলেও ওবামা নমনীয় পদক্ষেপের পক্ষে থাকেন।
বর্তমান ও সাবেক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ওয়াশিংটন পোস্ট এই প্রতিবেদন করেছে। এখন প্রশ্ন উঠেছে, ওবামা জানা সত্ত্বেও রাশিয়া কীভাবে নির্বাচনে প্রভাব ফেলতে ও মার্কিন গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হলো।
এই প্রতিবেদন প্রকাশের পর শুক্রবারই ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় সাবেক প্রেসিডেন্টের দিকে অভিযোগের তির ছোড়েন। তিনি টুইটে প্রশ্ন করেন, ‘হ্যাকিংয়ের মাধ্যমে রাশিয়া নির্বাচনে হস্তক্ষেপ করতে যাচ্ছে—ওবামা প্রেসিডেন্ট থাকা অবস্থায় তা জানতেন। তাহলে ওবামা প্রশাসন সেটা বন্ধ করার পদক্ষেপ নেয়নি কেন?’
গতকাল শনিবার আবারও এ বিষয়ে টুইট করেন ট্রাম্প, বলেন, ‘ওবামা প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে জানার পর তারা নমনীয় পদক্ষেপ নেয়। তারা হিলারিকে আঘাত করতে চায়নি?’
টুইটে ট্রাম্প লেখেন, ‘যদি তাঁর কাছে তথ্য থাকে, তবে কেন তিনি এ বিষয়ে কিছু করেননি? এ ব্যাপারে কিছু করাটা তাঁর দরকার ছিল। কিন্তু আমরা তেমন কিছু দেখিনি। এটা বেশ দুঃখজনক।’
এর আগে সম্প্রতি ট্রাম্প এক টুইট বার্তায় জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে তাঁর বিরুদ্ধেও তদন্ত চলছে। সাত মাসের তদন্তেও এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো প্রমাণ বের করতে পারেননি। এখন এই অভিযোগে ওবামা প্রশাসনের ওপর তদন্ত করা উচিত বলে পরামর্শ ট্রাম্পের।