রুশ হ্যাকারদের সহায়তার বিষয়টি 'হাস্যকর': ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেতাতে রাশিয়ার হ্যাকাররা সহায়তা করেছিল বলে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) যে প্রতিবেদন দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই প্রতিবেদনকে ‘হাস্যকর’ বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন, ওই প্রতিবেদনটি ডেমোক্র্যাটরা তৈরি করিয়েছিল। কারণ, নির্বাচনী যুদ্ধে রিপাবলিকানদের সঙ্গে পেরে না ওঠায় তারা বেশ অস্বস্তি রয়েছে।
গত শুক্রবার সিআইএ কর্মকর্তারা জানান, তাঁরা নিশ্চিত যে, ট্রাম্পকে নির্বাচনে জেতাতে রাশিয়ার হ্যাকাররা চেষ্টা করেছে। তবে রাশিয়া বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
ট্রাম্প বলেছেন, তাদের ধারণা নেই যে, রাশিয়া বা চীন বা অন্য কেউ কীভাবে একই জায়গায় দাঁড়াবে।

নির্বাচনকালীন সাইবার হামলাকারীদের নিয়ে পুরোপুরি তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নির্বাচনের সময় ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচার প্রধান এবং অন্যদের ইমেইল হ্যাক করা হয়। নির্বাচনের কয়েক মাস আগে এসব ইমেইল উইকিলিকসের মাধ্যমে ফাঁস হয়। এতে হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচার ক্ষতিগ্রস্ত হয়। সিআইএর প্রতিবেদনে অভিযোগ, এসবের সঙ্গে রাশিয়ার হ্যাকাররা জড়িত।

এ ঘটনায় রিপাবলিকান দলের জ্যেষ্ঠ নেতারা ডেমোক্র্যাটদের সঙ্গে সুর মিলিয়ে পুরো তদন্তের দাবি জানিয়েছেন। রিপাবলিকান দলের সিনেটর জন ম্যাককেইন আজ ডেমোক্র্যাটদের সঙ্গে এক যৌথ বিবৃতিতে বলেছেন, সিআইএ-এর প্রতিবেদন মার্কিনদের জন্য হুঁশিয়ারি।

তবে ট্রাম্প এসব আলোচনা আমলে না নিয়ে বলেছেন, ‘এটা হাস্যকর ব্যাপার। আমার ধারণা, এখানে অন্য কোনো কারণ আছে। আমি এটা বিশ্বাস করি না।’ তিনি বলেন, এই প্রতিবেদনের পেছনে ডেমোক্র্যাটরা জড়িত, সিআইএ নয়। কারণ, ডেমোক্র্যাটরা নির্বাচনী লড়াইয়ে জেতার মাপকাঠিতে অনেক পেছনে ছিল।