এফবিআইয়ের সদ্য বরখাস্ত প্রধান জেমস কোমির সঙ্গে কথোপকথনের কোনো রেকর্ড থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ কংগ্রেস সদস্যরা। কোমিকে ‘হুমকির’ ইঙ্গিত দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের এক টুইটের পর কংগ্রেস সদস্যরা এ অবস্থান নিয়েছেন।
কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাট পার্টির নেতা চার্লস শুমার সতর্ক করে দিয়ে বলেছেন, কথাবার্তার কোনো রেকর্ড নষ্ট করে ফেলা হবে আইনের লঙ্ঘন। অন্যদিকে রিপাবলিকান পার্টির প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ট্রাম্পের সঙ্গে কোমির কথোপকথনের কোনো রেকর্ডের অস্তিত্ব আদৌ রয়েছে কি না, হোয়াইট হাউসের এ নিয়ে গুঞ্জনের অবসান ঘটানো উচিত।
ট্রাম্পের গত সপ্তাহের ওই টুইট বার্তায় দৃশ্যত সদ্য সাবেক এফবিআই প্রধানের প্রতি হুমকি দেওয়া হয়। এতে ট্রাম্প কোমিকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার ব্যাপারে সতর্ক করে বলেন, মুখ খোলার আগে তাঁদের কথোপকথনের বিষয়ে কোনো টেপ নেই—এমনটা কামনা করাই উচিত হবে তাঁর।
ট্রাম্প ও কোমির মধ্যে কথোপকথনের রেকর্ড থাকার বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি হোয়াইট হাউস।
এই সম্ভাব্য রেকর্ড নিয়ে বিতর্ক চলার প্রেক্ষাপটে ডেমোক্র্যাট সিনেটর শুমার সতর্ক করে এ-ও বলেন, মার্কিন নির্বাচনে রাশিয়ার নাক গলানোর অভিযোগ তদন্তে বিশেষ কৌঁসুলির নাম ঘোষণা না করা পর্যন্ত সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা একজন নতুন এফবিআই প্রধান বিষয়ে ভোটাভুটিতে অংশ নিতে রাজি না-ও হতে পারেন।
নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ওই অভিযোগ এবং সেই সময় মস্কোর সঙ্গে ট্রাম্পের নির্বাচনী শিবিরের সম্ভাব্য যোগসাজশের ঘটনা তদন্ত করে দেখছে এফবিআই। ট্রাম্প এ ধরনের কোনো যোগাযোগ রাখার কথা অস্বীকার করেছেন। ট্রাম্প বলেছেন, কোমি তাঁকে নিশ্চিত করেছিলেন, তাঁর বিরুদ্ধে তদন্ত চালানো হচ্ছে না।
তবে ট্রাম্প যা-ই বলুন না কেন, ডেমোক্র্যাটরা অভিযোগ করছেন, ওই ঘটনায় এফবিআইয়ের তদন্ত নস্যাৎ করতেই সংস্থাটির প্রধানকে বরখাস্ত করেছেন তিনি। সিনেটর শুমার সিএনএনকে বলেন, কোমির সঙ্গে কথোপকথনের কোনো রেকর্ড থাকলে তা অবিলম্বে হস্তান্তর করা উচিত। তা না করে নষ্ট করে ফেললে আইনের ব্যত্যয় হবে। শুমার আরও বলেন, আর যদি কোনো টেপ না থাকে তাহলে এ নিয়ে বিভ্রান্ত করার জন্য ট্রাম্পকে কোমি ও মার্কিন জনগণ উভয়ের কাছে ক্ষমা চাওয়া উচিত।
ট্রাম্পের ওই টুইট করা যথাযথ হয়নি বলে এনবিসির কাছে মন্তব্য করেন সিনেটর গ্রাহাম। ট্রাম্পকে বিতর্ক থেকে নিজেকে সরিয়ে এফবিআইকে তদন্তকাজ চালিয়ে যেতে দেওয়ার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে রেকর্ডের অস্তিত্ব বিষয়ে ট্রাম্পকে নীরব না থেকে টেপ থেকে থাকলে তা তুলে দেওয়ার অনুরোধ জানান।