রেমিট্যান্স পাঠানো নিয়ে সেমিনার ৬ অক্টোবর
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ব্যালেজিনো পার্টি হলে ৬ অক্টোবর ‘বাংলাদেশে অর্থ পাঠানোয় প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হচ্ছে। আমেরিকান বাংলাদেশি চেম্বার (এবিসিসিআই) আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি থাকছেন যুক্তরাষ্ট্র সফররত রূপালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এলজিআরডি মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মঞ্জুর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকছেন রূপালী ব্যাংক লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আতাউর রহমান প্রধান। এবিসিসিআইর নির্বাহী প্রেসিডেন্ট হাসানুজ্জামান হাসান জানান, জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসী আয় বা রেমিট্যান্স। বর্তমানে বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত রেমিট্যান্স। প্রবাসীদের পাঠানো অর্থের ওপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৯ বিলিয়ন বা ২ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ বিশ্বের মানচিত্রে অতি ছোট একটি দেশ হলেও তার অর্থনীতির গতিপ্রবাহ দিন দিন বিশ্বকে হতবাক করছে। সেমিনারে দেশে প্রবাসী আয় প্রেরণে প্রবাসীদের সমস্যা এবং উত্তরণের উপায় বিষয়ে আলোচনা হবে। সেমিনারে কমিউনিটির সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তারা বাংলাদেশি বিভিন্ন রেমিট্যান্স হাউস পরিদর্শন করবেন। রূপালী ব্যাংক নিউইয়র্কে রেমিট্যান্স হাউস খোলার চেষ্টা করছে। এ ছাড়া প্রবাসীদের বাংলাদেশে অ্যাপার্টমেন্ট ক্রয় ও নিজ জমিতে বাসভবন তোলার জন্য ঋণ দেওয়ার চিন্তাভাবনা করছে। রূপালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর হোসেনের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায় এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধানের বাড়ি উত্তরবঙ্গের লালমনিরহাটে। যেকোনো তথ্যের জন্য ৯১৭-৫২৮-৭৫৯২ নম্বরে যোগাযোগ করতে প্রবাসীদের অনুরোধ করা হয়েছে।