রেস্টুরেন্টে বাসি খাবার পরিবেশনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের বিভিন্ন রেস্টুরেন্টে বাসি ও নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে।

করোনাভাইরাস প্রতিরোধে লকডাউন শেষে নিউইয়র্ক নগরী আবার খুলেছে। এখনো নগরীর সব কার্যক্রমে স্বাভাবিকতা ফিরে আসেনি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত পরিদর্শন না থাকায় এই ঘটনা ঘটছে বলে জানা গেছে।

রেস্টুরেন্টে বাসি ও নিম্নমানের খাবার খেয়ে অনেকেই পেটের পীড়াসহ নানাবিধ রোগে ভুগছেন। এ ঘটনায় নগরীর কয়েকটি রেস্টুরেন্টের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানিয়েছেন গ্রাহকেরা।

নগরীর বিভিন্ন রেস্টুরেন্ট ঘুরে দেখা গেছে, রেস্টুরেন্টে পরিষ্কার পরিচ্ছন্নতার মান একেবারেই কমে গেছে। কিচেনের ভেতর অপরিচ্ছন্ন জায়গায় রান্নার কাজ চলছে। এমন অবহেলা বাংলাদেশিবহুল এলাকায় বেশি হচ্ছে। আগের তৈরি খাবার দিনের পর দিন গরম করে খাওয়ানো হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন গ্রাহকেরা।

করোনায় গত কয়েক মাস ধরে বন্ধ থাকার পর রেস্টুরেন্টগুলো আবার চালু হয়েছে। আউটডোর ডাইনিংয়ের ব্যবস্থাও করা হয়। এতে লোকজনের বসে গল্প করে রেস্টুরেন্টে খাওয়ার আগ্রহ বেড়েছে। কিন্তু খাবারের মান দেখে অনেকেই এখন রেস্টুরেন্টে খাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছেন।

জানা গেছে, লকডাউনে রেস্টুরেন্ট বন্ধ থাকার পর বেশির ভাগ কর্মচারী কর্মহীন ভাতা পাচ্ছেন। এসব কর্মচারী এখনো কাজে ফেরেননি। রেস্টুরেন্টগুলোতে আগের মতো বিক্রিও নেই। এতে অনভিজ্ঞ লোক, কম পারিশ্রমিক দিয়ে কোনোভাবে কাজ করানো হচ্ছে। এ কারণে খাবারের মান আর আগের মতো নেই। এসব কর্মচারী পরিচ্ছন্নতার দিকে নজরও দিচ্ছেন না। কর্মঘণ্টা বাঁচানোর জন্য অতিরিক্ত খাবার তৈরি করে রাখা হয়। পরে এসব খাবার গরম করে পরিবেশন করা হয়।

এ ছাড়া ভোজ্য জাতীয় খাবারের মধ্যে একই তেল দিয়ে বারবার পেঁয়াজি-শিঙারা ভাজা হচ্ছে। এতে গ্রাহকেরা পেটের পীড়াসহ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন।

করোনার কারণে নগরীর সবকিছু আগের নিয়ম অনুযায়ী হচ্ছে না। রেস্টুরেন্ট পরিদর্শনেও একই অবস্থা। করোনার আগে সিটি হেলথ ডিপার্টমেন্ট থেকে প্রতি তিন মাস অথবা ছয় মাস পর পর রেস্টুরেন্টগুলো পরিদর্শন করা হতো। এ ছাড়া ভ্রাম্যমাণ পরিদর্শক দল হঠাৎ তল্লাশিও চালাতেন। কিন্তু করোনার কারণে সময় মতো পরিদর্শনে না আসায় এক শ্রেণির অসাধু রেস্টুরেন্ট ব্যবসায়ী নিম্নমানের ও বাসি খাবার পরিবেশন করছেন।

জ্যামাইকার বাসিন্দা বশির উদ্দিন বলেন, আমি এখানকার একটি রেস্টুরেন্টে প্রায় সময় পরিবারসহ খেতে যেতাম। কিন্তু ইদানীং খাবার নিম্নমানের হয়ে গেছে।

নাম প্রকাশ না করার শর্তে ব্রঙ্কসের একটি রেস্টুরেন্টের কর্মচারী বলেন, ‘আমি রেস্টুরেন্টে কাজ করি। কিন্তু আমি নিজে রেস্টুরেন্টের খাবার খাই না। রেস্টুরেন্টে প্রয়োজনের তুলনার অপ্রতুল কর্মচারী এবং নোংরা পরিবেশে খাবার তৈরি হয়।’

জ্যাকসন হাইটস এলাকার আবদুল হাকিম বলেন, রেস্টুরেন্টে বর্তমানে খাবারের মান আগের মতো নেই। বিশেষ করে পুরোনো পেঁয়াজি ও শিঙারা গরম করে খেতে দেওয়া হয় কাস্টমারকে।

ব্রুকলিনের তারেক রহমান বলেন, ‘এখানে রেস্টুরেন্টের খাবার খেয়ে আমি একবার অসুস্থ হয়ে পড়েছি। হেলথ ডিপার্টমেন্টকে অভিযোগ জানিয়েছি। হেলথ ডিপার্টমেন্ট থেকে পরিদর্শন জরুরি হয়ে পড়েছে। এ সব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।’

নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত একজন চিকিৎসক বলেন, বাংলাদেশিরা এমনিতেই স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণে উদাসীন। পুরোনো, তেলে ভাজা খাবার, একই দুধ বারবার উনুনে দিয়ে তৈরি করা চা স্বদেশি জনসমাজের কাছে জনপ্রিয় হলেও বিষয়টি স্বাস্থ্যসম্মত নয়।