রেস্তোরাঁয় গিয়ে কুমিরের তাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেস্টুরেন্টের গ্রাহককে তাড়া করার পর থামানো হয় কুমিরটিকে
ছবি:টুইটার

ক্ষুধা নিবারণে রেস্টুরেন্টে গেলে খাবার পাওয়ার কথা। কিন্তু খাবারের বদলে যদি কপালে কুমিরের তাড়া জোটে, তবে কেমন লাগে! এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানকার এক বাসিন্দা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন। সেখান থেকে তাঁকে ফিরতে হয়েছে কুমিরের তাড়া খেয়ে। স্থানীয় পুলিশ মজা করে বলছে, কুমিরটিও হয়তো ক্ষুধার্ত ছিল। তাইতো জল ছেড়ে শুধু ডাঙায় নয়, রীতিমতো রেস্টুরেন্টে গিয়ে হাজির হয়েছিল।

ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার লি বলিভার্ড কাউন্টিতে জনপ্রিয় ফাস্টফুড চেইন ওয়েন্ডি’সের একটি আউটলেটের সামনের গাড়ি রাখার জায়গায়। নিউইয়র্ক পোস্ট–এর বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার গাড়ি রাখার জায়গায় হাঁটা পথে ছয় ফুট দৈর্ঘ্যের বিশাল একটি কুমিরের দেখা পান ওয়েন্ডি’সের ওই ক্রেতা। শুধু কি তাই, রীতিমতো কুমিরের তাড়া খেয়েছেন তিনি! পরে পুলিশ ডেকে সেখান থেকে সরানো হয় কুমিরটিকে।

এ ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে লি বলিভার্ড কাউন্টির শেরিফের দপ্তর। প্রকাশিত একটি ছবিতে গাড়ি রাখার জায়গায় ঘাসের ওপর কুমিরটিকে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে পুলিশ সদস্যদের কুমিরটি উদ্ধার করতে দেখা যায়। পোস্টের ক্যাপশনে মজা করে লেখা হয়েছে, কুমিরটি হয়তো ক্ষুধার্ত ছিল। চিজবার্গার খেতে চেয়েছিল। তবে পেট ভরাতে এসে সে ভীতি ছড়িয়েছে।

ডাঙায় আটকে পড়া কুমিরটিকে উদ্ধার করেছেন ফ্লোরিডার ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের কর্মীরা। পরে সেটিকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে। কুমিরটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়ায় উদ্ধারকর্মী ও পুলিশের প্রশংসা করেছেন সামাজিকমাধ্যমের ব্যবহারকারীরা। তবে অনেকেই বলছেন, কুমির আর মানুষের মুখোমুখি হওয়ার ঘটনা ফ্লোরিডায় নতুন নয়। যুক্তরাষ্ট্রের এ অঙ্গরাজ্যে প্রাকৃতিক জলাধারগুলোয় প্রায় সাড়ে ১২ লাখ কুমির রয়েছে। অনেক সময় এসব কুমির জল ছেড়ে গলফ খেলার মাঠসহ বিভিন্ন খোলা জায়গায় উঠে আসে।