রেস্তোরাঁয় ন্যূনতম মজুরি বৃদ্ধি, কমছে কর্মঘণ্টা
নিউইয়র্ক নগরীতে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ১৩ ডলার থেকে বাড়িয়ে ১৫ ডলার করা হয়েছে। চলতি বছরের প্রথম দিন থেকেই বেশ কয়েকটি খাতে এ নতুন মজুরি হার কার্যকর করা হয়েছে। রেস্টুরেন্ট খাতেও এ নতুন হার কার্যকর হয়েছে। এ নিয়ে রেস্টুরেন্ট মালিকেরা আপত্তি জানিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত নগর কর্তৃপক্ষ এ হার কার্যকর করলে তারা তা মেনে নেয়। এখন তারা ভিন্ন পথ ধরেছেন। বর্ধিত ন্যূনতম মজুরির সঙ্গে সমন্বয় করতে তারা শ্রমিকদের কর্মঘণ্টা কমাচ্ছেন।
নতুন মজুরি আইন অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে ১১ জনের বেশি কর্মী থাকলে তাদের মজুরি ঘণ্টায় ১৫ ডলার করে দিতে হবে। এ আইন কার্যকরের ফলে রেস্টুরেন্ট মালিকেরা বিপাকে পড়েছেন বলে মন্তব্য করেছেন। তাঁদের মতে, ন্যূনতম মজুরি বাড়ায় পণ্যের দাম বেড়ে গেছে। ভারসাম্যের জন্য এখন রেস্টুরেন্ট মালিকেরা বাধ্য হয়ে কর্মীদের কম কর্মঘণ্টার কাজ দিচ্ছেন।
নিউইয়র্কে ২০১৬ সালের পর থেকে এখন পর্যন্ত তিনবার ন্যূনতম মজুরি বেড়েছে। শুধু নিউইয়র্ক নয় নতুন বছরে আমেরিকার ২০টি অঙ্গরাজ্যে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি হার বেড়েছে। অন্য অঙ্গরাজ্যগুলো মূলত শিল্পাঞ্চলগুলোয় এ মজুরি হার বাড়িয়েছে। এই মজুরি বৃদ্ধি অনেকটা বাধ্য হয়েই করতে হচ্ছে। কারণ আমাজনের মতো বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই ঘণ্টাপ্রতি ১৫ ডলার হারে মজুরি দেয়। এসব প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ঘণ্টাপ্রতি মজুরি বাড়ানো ছাড়া কোনো গত্যন্তর নেই।
জন ব্লোস্টেইন নিউইয়র্ক নগরীতে ছয়টি রেস্তোরাঁ পরিচালনা করেন। এগুলোর প্রতিটিতে ৫০ থেকে ১১০ জন করে কর্মী রয়েছে। হার্টল্যান্ড ব্রাউরি ও হিউস্টনের মালিক ব্লোস্টেইন জানান, ন্যূনতম মজুরি বৃদ্ধির প্রভাব তাঁর ব্যবসায় চাপ পড়েছে। তিনি বলেন, ‘নতুন মজুরি হারের কারণে ব্যয় বেড়েছে। এই বিশাল ব্যয়ের সঙ্গে এখন সমন্বয় করতে হচ্ছে। এ জন্য কর্মীদের কর্মঘণ্টা কমিয়ে দিতে হচ্ছে। এ ছাড়া রেস্তোরাঁর খাবারের মূল্যেও পরিবর্তন আনতে হচ্ছে। খাবার ব্যয় বেড়ে যাবে। এ মজুরি বৃদ্ধি শ্রমিক, মালিক, বিনিয়োগকারী কারও জন্যই ভালো খবর নয়।’
নিউইয়র্ক সিটি হসপিটালেটি অ্যালায়েন্সের এক জরিপে দেখা গেছে, ৫৭৪টি রেস্টুরেন্টের মধ্যে ৭৪ শতাংশ রেস্টুরেন্ট মজুরি বৃদ্ধির প্রতিক্রিয়ায় কর্মীদের কর্মঘণ্টা কমানোর পরিকল্পনা করছে। এ ছাড়া এই রেস্টুরেন্টগুলোর মধ্যে ৪৭ শতাংশ চলতি বছর কর্মী ছাঁটাইয়ের কথা ভাবছে। আর ৭ শতাংশ খাবারের দাম বাড়ানোর কথা ভাবছে।
সংগঠনটির নির্বাহী পরিচালক অ্যান্ড্রু রিগি বলেন, ‘উচ্চ মজুরি দিতে হলে অর্থের সংস্থান করতে হবে। এ কারণেই আমাদের এসব করতে হচ্ছে। ব্যবসায়ীরা এমন কঠিন কিছু সিদ্ধান্ত নিয়েছে, যার প্রভাব শুধু সংশ্লিষ্ট কর্মীই নয়, পড়বে সবার ওপর।’
২০১১ সালে হার্লেমে লিডো নামের একটি রেস্টুরেন্ট খোলেন সুসানাহা কোটেন। এরই মধ্যে তিনি তাঁর কর্মচারীদের শ্রমঘণ্টা কমিয়ে মজুরি বৃদ্ধির সঙ্গে সমন্বয় শুরু করেছেন। কোটেন বলেন, ‘তিনি মালিক-শ্রমিকের মধ্যে এ ধরনের স্বার্থের বিরোধ পছন্দ করেন না। নতুন মজুরি হার ব্যবসায়ীদের নিরুৎসাহিত করবে, যা নিউইয়র্ক নগরের রেস্টুরেন্ট ব্যবসায় বড় পরিবর্তন নিয়ে আসবে।’
তবে অন্য বিবেচনাও রয়েছে এবং তা খোদ মালিকদের মধ্যেই। ম্যানহাটনে ১৮৬০ এর দশকে প্রতিষ্ঠিত ওল্ড হোমস্টেড স্টেকহাউসের বর্তমান মালিক মার্ক শেরি। মজুরি বৃদ্ধির প্রতিক্রিয়ায় কর্মী ছাঁটাই বা তাদের কর্মঘণ্টা হ্রাসের কথা কখনো বিবেচনা করেননি বলে জানান তিনি। তিনি বলেন, ‘এ ধরনের কোনো পদক্ষেপ ছাড়াই গত ১৫০ বছর ধরে আমাদের ব্যবসার মান অক্ষুণ্ন রেখেছি।’
অর্থনৈতিক পলিসি ইনস্টিটিউটের হেইদি শিয়রহোলজ মনে করেন, চাকরি থেকে ছাঁটাইয়ের পরিবর্তে রেস্টুরেন্টগুলো তাদের খাবারের মান উন্নত করতে পারে। এতে করে বিশ্বস্ত ক্রেতার সংখ্যা বেড়ে যাবে। এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়সহ ননফুড ব্যয়গুলো কমিয়ে আনাও একটি সমাধান হতে পারে। ব্যবসার পরিসর বৃদ্ধিই পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকার পূর্বশর্ত।’