রোহিঙ্গা নির্মূলে নেমেছে মিয়ানমার: জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে সে দেশের সরকার জাতিগত নির্মূল অভিযান চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের জ্যেষ্ঠ এক কর্মকর্তা। তিনি বলেছেন, সেখানে রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনী রোহিঙ্গাদের হত্যা করছে।
জাতিসংঘ শরণার্থী-বিষয়ক সংস্থার কর্মকর্তা জন ম্যাককেসিক বলেন, রাখাইন রাজ্যে সরকারি বাহিনী রোহিঙ্গাদের হত্যা করছে এবং আতঙ্কে রোহিঙ্গারা প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিয়ে যাচ্ছে।
তবে মিয়ানমার সরকারের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, তাঁরা জাতিসংঘের এই মন্তব্যে গভীরভাবে হতাশ হয়েছেন।
জাতিসংঘের কর্মকর্তা বলেন, মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশ রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর ‘যৌথ নিপীড়ন’ করছে।
রাখাইন রাজ্যের মংডু শহরে রোহিঙ্গাদের হাজারো বাড়িতে অগ্নিসংযোগ করেছে মিয়ানমার বাহিনী। তবে দেশটির কর্তৃপক্ষ দাবি করেছে, রোহিঙ্গারা নিজেরাই নিজেদের বসতবাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর সরকারি বাহিনীর নির্যাতনে বহু লোক প্রাণে বাঁচার জন্য এখনো বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করছে। এই পরিস্থিতি অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমা দেশগুলোর কূটনীতিকেরা। দেশটির নেত্রী অং সান সু চি এই পরিস্থিতিতে যে ধরনের আচরণ করছেন, তাতে পশ্চিমাদের উদ্বেগ আরও বাড়ছে।
সু চির সরকার আট মাস আগে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে সহিংসতা। তা নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
কূটনৈতিক সূত্র জানায়, বিদ্যমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আহ্বানে জাতিসংঘ সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় ১৭ নভেম্বর। রুদ্ধদ্বার বৈঠকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বলেন, মিয়ানমারকে নিজের মতো করে সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দেওয়া প্রাথমিক যে সিদ্ধান্ত নিয়েছিল, তা ভুল ছিল এবং এখন আতঙ্কজনক পর্যায়ে পৌঁছে গেছে।
মার্কিন দূত মিয়ানমারে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় খোলার অনুমতি দেওয়ার আহ্বান জানান। সামান্থা পাওয়ার সতর্ক করে বলেন, বহু বছরের বঞ্চনা রোহিঙ্গাদের মধ্যে উগ্রপন্থার সৃষ্টি করতে পারে।

নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার-বিষয়ক উপদেষ্টা বিজয় নাম্বিয়ার দেশটির পরিস্থিতি তুলে ধরেন। বৈঠকে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্য। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ও মিসর বেশ কড়া ভাষায় কথা বলে। মিয়ানমারে অনুষ্ঠেয় ফুটবল আসর থেকে দল প্রত্যাহারেরও হুমকি দিয়ে রেখেছে মালয়েশিয়া। পরিস্থিতি নিয়ে মিসর উদ্বেগ জানিয়েছে।

এই বৈঠকের পরিপ্রেক্ষিতে পরদিন মিয়ানমারের রাজধানী নেপিডোতে কূটনীতিবিদদের সঙ্গে এক বৈঠকে সু চি পশ্চিমা সমালোচনার জবাবে উল্টো অভিযোগ করেন, তাঁর দেশের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ করা হচ্ছে। তবে তিনি অবশ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো খতিয়ে দেখার ব্যাপারে আশ্বস্ত করেছেন। শুক্রবারের ওই বৈঠকে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিবিদেরা উপস্থিত ছিলেন।