রোববার চাঁদ দেখা গেলে সোমবার রোজা শুরু
আরবি দিনপঞ্জি অনুসারে শাবান মাস চলছে। এরপরেই শুরু হচ্ছে রমজান মাস। রোববার চাঁদ দেখা গেলে ৬ মে সোমবার থেকে উত্তর আমেরিকায় পবিত্র রমজান মাস শুরু হবে।
পবিত্র রমজান মাসের আগমনে উত্তর আমেরিকার মুসলিম জনসমাজের মসজিদে, ইসলামিক কেন্দ্রগুলোতে ও ঘরে ঘরে চলছে নানা রকম প্রস্তুতি। রমজান ঘিরে গ্রোসারি স্টোরগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে রাখা হচ্ছে। বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারগুলোতে রমজানের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো কোনো মসজিদে এরই মধ্যে বিনা মূল্যে রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি সংবলিত ফ্লায়ার বা প্রচারপত্র বিতরণ করা শুরু হয়ে গেছে। মসজিদে মসজিদে প্রস্তুতি নেওয়া হয়েছে খতমে তারাবির। নিয়োগ দেওয়া হয়েছে কোরআনে হাফেজের। আবার কোনো কোনো মসজিদে সুরা তারাবিরও প্রস্তুতি নেওয়া হয়েছে। মুসল্লিদের নিরাপত্তার জন্য যোগাযোগ করা হয়েছে নিকটস্থ পুলিশ প্রিসিঙ্কটে।
বাংলাদেশি জনসমাজ প্রতিষ্ঠিত ও পরিচালিত ম্যানহাটনের মদিনা মসজিদ, ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদ, পার্কচেস্টার জামে মসজিদ ও ইসলামিক সেন্টার, ওজোন পার্কের আল–আমান জামে মসজিদ, জ্যামাইকার জ্যামাইকা মুসলিম সেন্টার, আল–আরাফা ইসলামিক সেন্টার, মসজিদ মিশন (হাজি ক্যাম্প), দারুস সালাম মসজিদ, ইকনা, ব্রুকলিনের বাংলাদেশ মুসলিম সেন্টার, বায়তুল জান্নাহ জামে মসজিদ, জ্যাকসন হাইটসের জ্যাকসন হাইটস জামে মসজিদ, অ্যাস্টোরিয়ার আল–আমিন ইসলামিক সেন্টার, শাহজালাল মসজিদ ও গাউছিয়া মসজিদসহ অন্যান্য মসজিদে রমজান উপলক্ষে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।
জ্যামাইকা, ব্রুকলিন, ব্রুঙ্কস, ওজোন পার্ক, অ্যাস্টোরিয়া, ব্রুকলিন প্রভৃতি বাংলাদেশি অধ্যুষিত এলাকার গোসারিগুলোতে পবিত্র রমজানে চালু পণ্য বিশেষ করে পেঁয়াজ, ছোলা বুট, মুড়ি পর্যাপ্ত পরিমাণে আমদানি করা হয়েছে। মুড়ি আর ছোলা বুট আমদানি করা হয়েছে বাংলাদেশ থেকে। ভারত, পাকিস্তান, থাইল্যান্ড এবং মিয়ানমার থেকেও বিভিন্ন সামগ্রী আমদানি করা হয়েছে।