রোহিঙ্গা গণহত্যার প্রথম বার্ষিকী: 'আমরা সবাই রোহিঙ্গা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর ২৫ আগস্ট শুরু হয়েছিল মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক অভিযান। তার এক বছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার নিউইয়র্কের ম্যানহাটনে অনুষ্ঠিত হয় এক বহুজাতিক ও আন্তধর্মীয় প্রতিবাদ সভা ও পদযাত্রা। এর আয়োজক ছিল বার্মা টাস্কফোর্স নামের একটি নাগরিক অধিকার সংগঠন।

ম্যানহাটনের ইসলামিক কালচারাল সেন্টার থেকে শুরু হয়ে পদযাত্রাটি শেষ হয় মধ্য ম্যানহাটনে জাতিসংঘে মিয়ানমারের স্থায়ী প্রতিনিধির দপ্তরের সামনে। সেখানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকপত্র হস্তান্তর করা হয়। স্মারকপত্রে অবিলম্বে রোহিঙ্গা নির্যাতন বন্ধের পাশাপাশি বাংলাদেশ অবস্থানরত সব রোহিঙ্গা উদ্বাস্তুকে নিরাপদে প্রত্যাবর্তন ও তাদের নাগরিকত্বসহ সব মৌলিক অধিকারের স্বীকৃতি দাবি করা হয়।

নাগরিক জমায়েতে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা রোহিঙ্গা মুসলিমদের সঙ্গে সংহতি প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত রোহিঙ্গাদের একজন প্রতিনিধিও এই জমায়েতে বক্তব্য দেন। ‘মুসলিম কবি’দের পক্ষে নিজের লেখা একটি দ্বিভাষিক কবিতা পড়ে শোনান আয়েশা। এক রোহিঙ্গা কিশোরী মিয়ানমার সামরিক বাহিনীর হাতে নিহত রোহিঙ্গাদের একটি তালিকা থেকে কয়েকজনের নাম পড়ে শোনায়।

বার্মা টাস্কফোর্সের অন্যতম সমন্বয়কারী এডেম ক্যারল প্রথম আলোকে জানান, গণহত্যার প্রথম বার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক ছাড়াও ওয়াশিংটন ডিসি ও শিকাগো এবং কানাডাতে পদযাত্রার আয়োজন করা হয়েছে। মার্কিন সরকার যাতে মিয়ানমারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে, সে উদ্দেশ্যে এই টাস্কফোর্স কংগ্রেসের নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা চালাচ্ছেন বলে জানান। আগামী সপ্তাহে স্টেট ডিপার্টমেন্ট রোহিঙ্গা গণহত্যা বিষয়ে একটি প্রতিবেদন পেশ করার কথা। এই প্রতিবেদনের পর কংগ্রেসের ওপর চাপ সৃষ্টি তাদের পক্ষে সহজতর হবে বলে টাস্কফোর্সের অন্য এক সদস্য মতপ্রকাশ করেন।

জুইশ এলায়েন্স ফর বার্মার একজন প্রতিনিধি প্রথম আলোকে বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের যে হত্যাযজ্ঞের সম্মুখীন হতে হয়েছে, তার প্রতিবাদ করা সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নৈতিক দায়িত্ব। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ইহুদিদের বিরুদ্ধে গণহত্যার পর বলা হয়েছিল ‘আর নয়’, কিন্তু রোহিঙ্গাদের ঘটনা প্রমাণ করে, বিশ্ব সে প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। নিজের হাতে ধরা একটি পোস্টারের দিকে অঙ্গুলিনির্দেশ করে তিনি বলেন, ‘আজ আমরা সবাই রোহিঙ্গা।’