রোহিঙ্গা নিধনের নেতার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

মিয়ানমারের সেনা কর্মকর্তা মং মং সো-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির ট্রেজারি বিভাগ আজ বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চালানোর অভিযোগ তুলে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, মং মং সোকে গত মাসেই মিয়ানমারের সেনাবাহিনীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা দেওয়ার আগে যুক্তরাষ্ট্র মং মং সোকে কালো তালিকাভুক্ত করেছিল।
চলতি বছরের আগস্ট মাসে প্রায় ৫ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসে। সেই পালিয়ে আসা এখনো অব্যাহত আছে। মার্কিন ট্রেজারি বিভাগ বলেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি মানবাধিকার লঙ্ঘনের যেসব ঘটনা ঘটেছে, সেগুলো এই মং মং সো-এর তত্ত্বাবধানেই হয়েছে।
জাতিসংঘ রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ঘটনাকে ‘জাতিগত নির্মূলের উত্তম উদাহরণ’ বলে অভিহিত করেছে। তবে মিয়ানমারের সরকার এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে। তারা বলছে, রোহিঙ্গা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে সরকার এবং বেসামরিক মানুষের ওপর কোনো নিপীড়ন চালানো হচ্ছে না।