রোহিঙ্গা নিয়ে ক্রাউলির সঙ্গে বৈঠক বাংলাদেশি প্রতিনিধিদের

মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা ও ডেমোক্রেটিক ককাসের চেয়ারম্যান কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলির সঙ্গে সাক্ষাৎ করেছে আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের একটি প্রতিনিধিদল।
স্থানীয় সময় গত সোমবার কুইন্সে কংগ্রেসম্যান ক্রাউলির ডিস্ট্রিক্ট অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদলে ছিলেন ডেমোক্র্যাট মোহাম্মদ আমিনুল্লাহ্, কমিউনিটির নেতা মোহাম্মদ বিল্লাহ, মোহাম্মদ হাসানুজ্জামান হাসান ও মুশফিক শ্যাম বিল্লাহ।
প্রতিনিধিদলের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোহিঙ্গা ইস্যু নিয়ে ক্রাউলির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় ক্রাউলিকে জানানো হয়েছে, মিয়ানমারের সামরিক জান্তার নির্মম আচরণে মুসলিম রোহিঙ্গাদের জীবন বিপন্ন হতে যাচ্ছে। প্রাণ বাঁচাতে তারা কোনো সময় নদী সাঁতরে, কোনো সময় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে ঢুকছে।
ক্রাউলি ওয়াশিংটন ডিসিতে গিয়ে সহকর্মীদের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলবেন—এ কথা প্রতিনিধিদলের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।