রোহিঙ্গা মুসলিম নিধন বন্ধের দাবিতে বাগডিসির মানববন্ধন

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসির (বাগডিসি) উদ্যোগে ২১শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন হয়েছে। এই প্রতিবাদ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা ও অমানবিক অত্যাচারের প্রতিবাদ করা এবং এর সমাধানে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসহ আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি আকর্ষণ করা।
বাগডিসির পক্ষ থেকে বলা হয়, ‘এটা মূলত কোনো ধর্মীয় বা রাজনৈতিক ইস্যু নয়; এটা একটি মানবিক ইস্যু এবং পুরো
বিশ্বের এগিয়ে আসা উচিত এই গণহত্যা রোধে।’
দুপুর বারোটায় ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে কানেকটিকাট অ্যাভিনিউ সংলগ্ন উন্মুক্ত প্রান্তরে জমায়েত হতে শুরু করে। প্ল্যাকার্ড, ফেস্টুন এবং ব্যানার হাতে মিয়ানমারে সংগঠিত গণহত্যার বিরুদ্ধে সবাই একযোগে স্লোগান তুলে প্রতিবাদ জানায় এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক নেতৃবৃন্দ সকলেই এই ঘৃণ্য গণহত্যার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন। তাঁরা অং সান সু চি এবং তাঁর নোবেল প্রাপ্তির বিষয়ে তীব্র সমালোচনা করেন।
বিশেষ করে তাঁরা স্টেট ডিপার্টমেন্ট ও ইউনাইটেড নেশনসের কাছে অনতিবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান। এর পর
সবাই স্টেট ডিপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনে উপস্থিত হয়ে আবার স্লোগান তুলে
প্রতিবাদ জানান এবং স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
তাঁরা সেখান থেকে যান মিয়ানমার দূতাবাসের সামনে। একইভাবে মিয়ানমার দূতাবাসের সামনেও স্লোগান তুলে গণহত্যার প্রতিবাদ জানানো হয়। দূতাবাসের অফিস ভবনের প্রধান দরজা বন্ধ থাকায় এবং কোনো কর্মকর্তা বাইরে না আসায় সরাসরি তাঁদের হাতে স্মারকলিপি দেওয়া সম্ভব হয়নি।
আয়োজিত প্রতিবাদ সমাবেশে ওয়াশিংটন মেট্রো এলাকার অনেক সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পেশাজীবী, সাংবাদিকসহ অনেক প্রবাসী উপস্থিত ছিলেন।
উপস্থিত অন্যান্য অনেকের সঙ্গে যারা এই সমাবেশে যোগ দিয়ে এই গণহত্যার প্রতিবাদে অংশ নিয়েছেন, তাঁরা হলেন মোহাম্মদ আলমগীর, অ্যান্থনি পিউস গমেজ, নুরুল আমিন নুরু, রোকসানা পারভীন, পারভীন পাটোয়ারি, নাইম রহমান,
আবু রুমী, আক্তার হোসেন, কবীর পাটোয়ারি, মোহাম্মদ মোস্তাফা, মাহমুদুন নবী বাকী, ড. মনসুর, রেদোয়ান চৌধুরী, নেসার আহমেদ, সুলতান চোধুরী, রোমিও হক, রফিকুল ইসলাম আকাশ, জীবক
বড়ুয়া, শেখ সেলিম, আলতাফ হোসেন, জাকির চৌধুরী, জাহিদ রহমান, ডেলিগেট বেলাল আলী, মুনির হোসেনসহ আরও অনেকে।
উল্লেখ্য, ওয়াশিংটনস্থ ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগে কর্মরত তাহিরা কিবরিয়া এই প্রতিবাদ সমাবেশের লাইভ ব্রডকাস্ট করে বিশ্ববাসীর কাছে এই সমাবেশের সংবাদ তুলে ধরেন।