রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ সদর দপ্তরে আলোচনাসভায় বক্তৃতা করছেন মাহজাবিন
জাতিসংঘ সদর দপ্তরে আলোচনাসভায় বক্তৃতা করছেন মাহজাবিন

‘মেজারস্ টু এলিমিনেট ইন্টারন্যাশনাল টেররিজম’ শীর্ষক এক আলোচনা সভায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সংরক্ষিত নারী আসনের সাংসদ মাহজাবিন খালেদ বলেছেন, সন্ত্রাসী কেবলই সন্ত্রাসী; কোনো বিশ্বাস, জাতি বা ধর্মের দ্বারা পরিচিত হওয়ার অধিকার তার নেই।
৪ অক্টোবর জাতিসংঘ সদর দপ্তরে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। গত সেপ্টেম্বর মাসে ৭২তম অধিবেশনের হাই লেভেল সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ভাষণে সন্ত্রাস নির্মূলের ক্ষেত্রে যে তিনটি অগ্রাধিকারের কথা তুলে ধরা হয়েছে সাংসদ মাহজাবিন খালেদ সভায় সেই বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, প্রথমত: সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে, দ্বিতীয়ত: সন্ত্রাসীদের অর্থায়ন বন্ধ করতে হবে, তৃতীয়ত: শান্তিপূর্ণভাবে সব আন্তর্জাতিক বিরোধের মীমাংসা করতে হবে।
এ ছাড়া সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী বর্তমান সরকার আইনি, প্রাতিষ্ঠানিক ও নীতিগত পর্যায়ে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ এবং অগ্রগতি অব্যাহত রেখেছে বলে সভায় জানান মাহজাবিন।
এই সাংসদ আরও বলেন, ‘সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার মূল উৎপাটনে আমাদের সরকার সমাজের সবাইকে নিয়ে একযোগে করে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে কমিউনিটি পুলিশিং, নারী ও যুব নেতৃত্বের বেশি বেশি অংশগ্রহণ নিশ্চিত করাসহ সমাজের সক্ষমতা বিনির্মাণ ও নিবিড় অংশগ্রহণের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। আমরা কার্যকর সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমেও কাজ করছি এবং জাতিসংঘসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখছি।’
সাংসদ মাহজাবিন খালেদ সাম্প্রতিক সময়ে মিয়ানমারের রোহিঙ্গা রাজ্যে সাধারণ জনগণের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর অনাকাঙ্ক্ষিত আক্রমণের ফলে সৃষ্ট সংকটের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা এই দুর্দশাগ্রস্ত মানুষকে মানবিক সাহায্য ও আশ্রয় দিয়েছি বটে, কিন্তু কোনো সন্ত্রাসী ও সহিংস চরমপন্থী গোষ্ঠী যাতে তাদের এই অসহায়ত্বের সুযোগ গ্রহণ করতে না পারে, সে বিষয়ে সচেতন রয়েছি। শুধু আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থেই নয়, দীর্ঘস্থায়ী এই মানবিক সংকটের স্থায়ী সমাধানের খোঁজে মিয়ানমারকে সহযোগিতা করার জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।’
এর আগে একইদিন সাংসদ মাহজাবিন সামাজিক উন্নয়ন আলোচ্যসূচিভুক্ত আরেকটি সভায় বাংলাদেশের পক্ষে বক্তৃতা দেন। এ ছাড়া ২ অক্টোবর তিনি ৭২তম সাধারণ পরিষদের আওতাভুক্ত দ্বিতীয় কমিটিতে স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে বক্তৃতা করেন।
সাংসদ মাহজাবিন খালেদ ৭২তম অধিবেশনের চলতি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ উপলক্ষে সরকারি সফরে নিউইয়র্ক অবস্থান করছেন।