
যুক্তরাষ্ট্র শাখা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিশ্ব নেতাদের প্রতি রোহিঙ্গা সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাটসের এক রেস্তোরাঁয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাহবুব আলী বুলু। সভা পরিচালনা করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দু।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা গিয়াস মজুমদার, সাবেক কমিশনার মোহাম্মদ আলী, দলের সহসভাপতি ও কেন্দ্রীয় সদস্য আবদুর রহমান ও অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমেদ, সহ সভাপতি গিয়াস আহমেদ ও খন্দকার আলী নাছিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য লুৎফুর রহমান, যুগ্ম তথ্য ও যোগাযোগ সম্পাদক মাহবুব হাসান সোহাগ, যুগ্ম মহিলা সম্পাদিকা ফারজিন আহমেদ স্বর্ণা, নিউইয়র্ক অঙ্গরাজ্য শাখার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, নিউইয়র্ক নগর কমিটির সভাপতি শুভংকর গাঙ্গুলি, যুব সংহতির সহসভাপতি ইব্রাহীম আলী ও খন্দকার আনোয়ার।
আলোচনা সভায় উপস্থিত জাতীয় পার্টির নেতৃবৃন্দ মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সাম্প্রতিক সামরিক বাহিনীর নির্যাতন, বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। বক্তারা বলেন, আজ এই নির্যাতনে সারা বিশ্বে নিন্দার ঝড় শুরু হয়েছে। মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে এই হত্যাকাণ্ড বন্ধের জন্য যাবতীয় ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ সরকারকে মিয়ানমারের রোহিঙ্গাদের যাবতীয় মানবিক সাহায্য, সহযোগিতা, সুচিকিৎসা দিয়ে আশ্রয় দেওয়ার আহ্বান জানান বক্তারা।
জাতিসংঘের উদ্যোগে বিশ্বের সব নেতৃবৃন্দকে রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগের দাবি জানান জাতীয় পাটির নেতারা।
সভার শেষ পর্যায়ে বাংলাদেশে বন্যায় নিহত সবার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।