রোহিঙ্গা হত্যার প্রতিবাদে আটলান্টিক সিটিতে সভা

মিয়ানমারে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের সাউথ জার্সির বাংলা মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে ১৮ সেপ্টেম্বর আটলান্টিক সিটির মি. স্টেক রেস্টুরেন্টে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ঠিকানার স্থানীয় প্রতিনিধি ও এসি বাংলার সম্পাদক মো. আলী খান বাবুল। মো. শাহীনের সূচনা বক্তব্যের পর মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মিরাজ খান, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, সৈয়দ মো. কাউসার, আজিজুল ইসলম ফেরদৌস, ফারুক হোসেন, বেলাল হোসেন, শেখ আমিন, নূর মোহাম্মদ, এম এ রেজা, খালিদ, রেজাউল ইসলাম খালিদ, ইকবাল হোসেন, আবদুর রফিক, জহিরুল ইসলাম বাবুল, মাহবুবুর রহমান চুন্নু, আকবর হোসেন, মো. আলী খান বাবুল, মো. মনিরুজ্জামান, মো. শাহিন, নাসির খান প্রমুখ। মাওলানা আবদুল হাই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
গোলটেবিল বৈঠকে আলোচকেরা মিয়ানমারে রোহিঙ্গা হত্যা বন্ধে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের দাবি জানান। তাঁরা বলেন, মিয়ানমারের রাখাইন এলাকায় সেনাবাহিনী শিশু ও পুরুষদের হত্যা করছে, নারীদের ধর্ষণ করছে, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটতরাজ চালাচ্ছে। এই নারকীয় বর্বরতা বন্ধের জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে বিশ্বের শক্তিধর দেশগুলোকে এগিয়ে আসতে হবে।
আলোচকেরা আরও বলেন, রোহিঙ্গা গণহত্যা চালিয়ে মিয়ানমার সরকার প্রমাণ করেছে, তারা মানবতার দুশমন। তাঁরা বলেন, শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি আজ অশান্তির প্রতীকে রূপ নিয়েছেন। বক্তারা তাঁর ভূমিকার নিন্দা জানান।