রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রপ্রবাসীদের তহবিল সংগ্রহ

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাহায্যের জন্য তহবিল সংগ্রহ করেছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা।
মাত্র এক দিনে প্রায় ৮৫ হাজার ডলার তহবিল সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
নর্থ ক্যারোলাইনায় বসবাসরত মুক্তিযোদ্ধা মো. আনোয়ার উল ইসলাম জানান, মাত্র ১২৫ জন মানুষের উপস্থিতিতে এই অর্থ সংগ্রহের বিষয় তাঁদের অনুপ্রাণিত করেছে।
প্রবাসী বাংলাদেশিসহ সব সম্প্রদায়ের মানুষ রোহিঙ্গা সমস্যা নিয়ে উদ্বিগ্ন বলে জানান আনোয়ার উল ইসলাম।
জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য জরুরি ভিত্তিতে সংগৃহীত তহবিল বাংলাদেশের সেবামূলক সংস্থা নাবিকের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানানো হয়।
আনোয়ার উল ইসলাম প্রথম আলোকে বলেন, অনেক দাতা নাম প্রকাশে অনিচ্ছার কথা জানিয়েছেন।
ব্যক্তির পাশাপাশি সংগঠনের পক্ষ থেকেও তহবিলে সহায়তা এসেছে। এর মধ্যে নর্থ ক্যারোলাইনার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএএনসি) ১০ হাজার ডলার ও এপেক্স মসজিদ ১০ হাজার ডলার দিয়েছে।
আনোয়ার উল ইসলাম জানান, ৮ অক্টোবর রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহের খবর পেয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক দাতা প্রায় ৮০ মাইল দূর থেকে গাড়ি চালিয়ে এসে ১০ হাজার ডলারের চেক দিয়েছেন।