রোহিঙ্গাদের পাচার থেকে রক্ষায় দরকার সংকটের স্থায়ী সমাধান

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবপাচারের সমূহ বিপদ থেকে রক্ষা করার পারে কেবল এই সংকটের স্থায়ী সমাধান।
২২ নভেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘সংঘাতময় পরিস্থিতিতে মানবপাচার’ বিষয়ক মন্ত্রী পর্যায়ের এক উন্মুক্ত বিতর্কে বক্তৃতাকালে রাষ্ট্রদূত মোমেন এসব কথা বলেন।
বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মর্মভেদী নির্যাতনের কাহিনি, হত্যা ও শোষণ, ডিঙি নৌকায় ভেসে সমুদ্র পাড়ি দিতে গিয়ে শত শত প্রাণহানির ঘটনাসহ ভয়াবহ মানবিক পরিস্থিতির কথা উল্লেখ করে রাষ্ট্রদূত মাসুদ বলেন, ‘এসব ঘটনা মানবপাচারকারী ও সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর অনৈতিক কাজের ক্ষেত্রকে অবারিত করেছে। রাখাইন প্রদেশ থেকে পালিয়ে আসা বিপুলসংখ্যক নারী ও শিশুর মধ্যে অনেকেই চোরাকারবারি ও মানবপাচারকারীদের সম্ভাব্য শিকারে পরিণত হতে পারে।’
মানবপাচারকারী ও সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর প্রতি তীক্ষ্ণ নজরদারি বজায় রাখতে বাংলাদেশের সীমান্ত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মর্মে রাষ্ট্রদূত তাঁর বক্তৃতায় উল্লেখ করেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ, ইউএন অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের নির্বাহী পরিচালক ইউরি ফেডোটভ, জাতিসংঘের মানব পাচার বিষয়ক বিশেষ র্যাপর্টিয়ার মিস মারিয়া গ্রাজিয়া জিয়ামমারিনারো এবং আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা বিষয়ক কমিশনার ইসমাইল চেরগুই সভায় বক্তৃতা করেন।
বক্তারা সবাই ‘সংঘাতময় পরিস্থিতিতে মানবপাচার’ বিষয়টিকে এ সময়ের সবচেয়ে বড় মানবাধিকার সংকট বলে উল্লেখ করেন। রাষ্ট্রদূত মাসুদ ‘সংঘাতময় পরিস্থিতিতে মানবপাচার’-এর বিরুদ্ধে জাতিসংঘের সমন্বিত উদ্যোগকে আরও শক্তিশালী করতে সহযোগী সব সদস্য রাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।