রোহিঙ্গাদের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড অলব্রাইট
যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড অলব্রাইট

যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য অতিরিক্ত ১৫৬ মিলিয়ন ডলার জরুরি ত্রাণ হিসেবে প্রদান করবে। এই অর্থ উদ্বাস্তুদের নিরাপত্তা, জরুরি আশ্রয়, খাদ্য, পানি, পয়োনিষ্কাশন, স্বাস্থ্যসেবা ও মানসিক চিকিৎসায় ব্যবহৃত হবে। এর ফলে রোহিঙ্গাদের সাহায্যার্থে জরুরি ত্রাণ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রদত্ত মোট আর্থিক অনুদানের পরিমাণ ৩৮৯ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

গত মঙ্গলবার জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী মিশনে প্রথম আলোর প্রতিনিধিকে এ কথা জানান যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড অলব্রাইট। এক দিন আগে মিয়ানমার প্রশ্নে মন্ত্রীপর্যায়ের একটি বৈঠকে এই ত্রাণ ঘোষণা করেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নিকি হ্যালি। সে কথা উল্লেখ করে রিচার্ড অলব্রাইট জানান, এই অর্থ রোহিঙ্গাদের সাহায্যার্থে জাতিসংঘ যে আন্তর্জাতিক আবেদন করেছে, তারই ভিত্তিতে প্রদান করা হচ্ছে। জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থা, যেমন: ইউনিসেফ, উদ্বাস্তু হাইকমিশনার ও বিশ্ব খাদ্য সংস্থার মাধ্যমে এই সাহায্য বিলি করা হবে।

স্টেট ডিপার্টমেন্টের জনসংখ্যা, উদ্বাস্তু ও অভিবাসন ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত এই মার্কিন কর্মকর্তা আশ্বাস দেন, এটাই যুক্তরাষ্ট্রের শেষ সাহায্য নয়। রোহিঙ্গাদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে। তিনি আশা প্রকাশ করেন, বিশ্বের অন্যান্য দেশও রোহিঙ্গাদের সাহায্যার্থে এগিয়ে আসবে।

রোহিঙ্গা উদ্বাস্তুদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের কোনো পরিকল্পনা রয়েছে কি না, এই প্রশ্নের জবাবে অলব্রাইট জানান, আপাতত তেমন কোনো পরিকল্পনা নেই। এই মুহূর্তে বাংলাদেশ সরকার উদ্বাস্তু রোহিঙ্গাদের পরিচয় নির্ধারণের কাজে নেতৃত্ব দিচ্ছে। এটি একটি জটিল ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই উল্লেখযোগ্যসংখ্যক রোহিঙ্গাকে এ দেশে আশ্রয় দিয়েছে। উদ্বাস্তু পুনর্বাসনে মার্কিন নীতির ব্যাখ্যায় তিনি বলেন, জাতিসংঘের উদ্বাস্তু হাইকমিশনার কর্তৃক প্রত্যয়িত হওয়ার পরই নতুন কাউকে তেমন আশ্রয় দেওয়ার কথা বিবেচনা করা হয়। এ ব্যাপারে ট্রাম্প প্রশাসন আগের ধারাবাহিকতা মেনে চলছে বলে তিনি জানান।

রোহিঙ্গা উদ্বাস্তু শিবিরে জঙ্গিবাদ বিস্তার হচ্ছে, মিয়ানমারের এই অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অলব্রাইট বলেন, তিনি নিজে কোনো উদ্বাস্তু শিবিরে জঙ্গিবাদ বিস্তারের প্রমাণ দেখেনি। বাংলাদেশে যারা আশ্রয় নিয়েছে, তাদের অধিকাংশই নারী ও শিশু। তিনি জোর দিয়ে বলেন, জঙ্গিবাদ দমনে মার্কিন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রোহিঙ্গাদের মধ্যে যাতে এই সমস্যা দানা না বাঁধে, সে জন্য সচেতন থাকতে হবে। এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শিক্ষা। রিচার্ড অলব্রাইট দেশহারা এসব উদ্বাস্তু যাতে একসময় নিজ দেশের নাগরিক হিসেবে অর্থপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হয়, সে জন্য এখন থেকেই সচেতন থাকার পরামর্শ দেন।

রোহিঙ্গা সমস্যার রাজনৈতিক সমাধান না হলে বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী অনেক উদ্বাস্তুই হয়তো ফিরে যাবে না। সে ক্ষেত্রে আর কত দিন যুক্তরাষ্ট্র এদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে? এই প্রশ্নের জবাবে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো দেশেই উদ্বাস্তু সমস্যার রাতারাতি সমাধান ঘটেনি। জাতিসংঘের হিসাব অনুসারে বড় ধরনের উদ্বাস্তু সমস্যা মিটতে ১০ বছর বা তার চেয়েও বেশি সময় লেগে যায়। তিনি আশ্বাস দেন, সময় যত দীর্ঘ হোক, রোহিঙ্গাদের প্রতি আন্তর্জাতিক গোষ্ঠীর সমর্থন অব্যাহত থাকবে।

অলব্রাইট জানান, মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সে দেশের ছয়জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। আরও ব্যবস্থা গ্রহণ মার্কিন সরকারের বিবেচনায় রয়েছে। ‘সমস্যার সমাধান হবে, সে ব্যাপারে আমরা আশাবাদী,’ অলব্রাইট বলেন।