
জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের তৃতীয় কমিটির সভায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মজিদ খান বলেছেন, মিয়ানমার নিরাপত্তা, জীবিকা, ন্যায়বিচার ও অধিকার রক্ষার বিষয়গুলোতে নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফিরে যেতে রাজি নয়। তাই টেকসই প্রত্যাবাসন শুরু করতে হলে মিয়ানমারকে রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষার নিশ্চয়তা দিতে হবে। প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ সৃষ্টি করে তাদের আস্থা পুনরুজ্জীবিত করতে হবে।
মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নৃশংসতার শিকার হয়ে প্রাণ বাঁচাতে নিজভূমি ছেড়ে আসা প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে মানবিক আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকার ও জনগণ যে উদারতা দেখিয়েছে তার উল্লেখ করেন সাংসদ মজিদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে মানবাধিকার রক্ষায় সরকার যে সব পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছে, তা সভাকে অবহিত করেন আবদুল মজিদ খান। তিনি বলেন, এসব পদক্ষেপের মধ্যে উল্লেখযোগ্য হল, ২০১৮ সালের মে মাস পর্যন্ত তিনবার ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে বাংলাদেশের অংশগ্রহণ ও রিপোর্ট উপস্থাপন, জেনেভার নিপীড়নবিরোধী কমিটিতে দেশ পর্যায়ের প্রতিবেদন উপস্থাপন এবং ২০১৭ সালে হিউম্যান রাইটস কমিটির ১১৯তম সেশনে বাংলাদেশে বেসামরিক ও রাজনৈতিক অধিকারের চলমান অবস্থার ওপর রিপোর্ট প্রদান।
সাংসদ বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে যখনই জাতীয় কোনো আইন বা বিধির পুনর্মূল্যায়ন ও হালনাগাদ করা প্রয়োজন, তখনই সেটি করছে বাংলাদেশ জাতীয় সংসদ। বিশ্বব্যাপী মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সুরক্ষা ও অগ্রায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের অব্যাহতভাবে কাজ করে যাওয়ার যে প্রতিশ্রুতি রয়েছে, তা পুনর্ব্যক্ত করেন সাংসদ আবদুল মজিদ।
উল্লেখ্য, বাংলাদেশ বর্তমানে মানবাধিকার কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে।