
মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। এমনিতেই জনসংখ্যার ভারে এই দেশ বিপর্যস্ত। ছোট একটা দেশ অথচ মানুষ প্রায় ১৭ কোটি। তার ওপর ৭ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া সহজ বিষয় ছিল না। এরপর আরও প্রায় ৪ লাখ রোহিঙ্গা এসেছে পর্যায়ক্রমে। গত দুই বছরে ক্যাম্পে জন্ম নিয়েছে প্রায় ৯২ হাজার রোহিঙ্গা শিশু। ভবিষ্যতে আরও শিশুজন্ম নেবে। এদের ভরণপোষণ করা কঠিন হয়ে পড়বে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ সহযোগিতার হাত বাড়িয়েছে। কিন্তু কত দিন চলবে এভাবে? এ বছরের মার্চ মাসে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৬ কোটি ৫০ লাখ ডলারের অনুদান অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। কিন্তু অনুদান দিয়েই বা কত দিন?
একটা (রোহিঙ্গা শরণার্থী) জাতি অনুদানের ওপর নির্ভর করে চলতে পারে না। সাময়িকভাবে হয়তো সমাধান করা যায়, কিন্তু স্থায়ী সমাধান হয় না। বিশ্ব ব্যাংক বলেছে, এ অর্থে দিয়ে টেকনাফ ও উখিয়া উপজেলায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আবাসন অবকাঠামো নির্মাণ করা ছাড়াও আশ্রয়কেন্দ্রে অন্যান্য বাবদ খরচ করবে। জাতিসংঘ বা অন্যান্য দেশ মিয়ানমারকে জোরালোভাবে চাপ দিচ্ছে না রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য। বিশ্ব ব্যাংক আবাসিক স্থাপনার জন্য সহযোগিতা করছে। যেন সব দায় বাংলাদেশের। রোহিঙ্গাদের মতো একটা জাতিকে বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দিয়ে নীরব ভূমিকা পালন করছে বিভিন্ন দেশ।
এমনিতেই রোহিঙ্গাদের মধ্যে কুসংস্কার বিরাজ করছে। শিক্ষা নেই, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি এরা ব্যবহার করে না, অলস, অকর্মণ্য জাতি। এরা এখনো অন্ধকার দেয়ালের মধ্যে আবদ্ধ। শিক্ষার আলো পৌঁছায়নি তাদের মধ্যে। অনেকে আবার জীবিকা নির্বাহ করে ইয়াবা বেচাকেনা করে। এ রকম একটি জনগোষ্ঠী ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বোঝা বলা চলে। আর যেসব শিশুরা জন্ম নিচ্ছে, তারা তো জন্মসূত্রে বাংলাদেশি দাবি করবে। তখন কি হবে ? তা ছাড়া কক্সবাজারের দুই-তৃতীয়াংশ মানুষ বলেছে, তারা রোহিঙ্গাদের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রোহিঙ্গাদের অপরাধের মাত্রাও বেড়ে চলেছে দিন দিন। কয়েক দিন আগেও যুবলীগ নেতা ওমর ফারুকে হত্যা করে রোহিঙ্গারা। অনেকে মাদক বেচা–কেনার সঙ্গে জড়িত। উখিয়ার স্থানীয় জনগণ বিরক্ত রোহিঙ্গাদের ওপর।
রোহিঙ্গারা ক্রমশই শক্তিশালী হচ্ছে। আজ রোহিঙ্গারা উখিয়ায় মহাসমাবেশ করেছে। তারা শর্ত জুড়ে দিয়েছে, মিয়ানমারে নাগরিকত্ব ও স্বাভাবিক জীবনের নিরাপত্তা না পেলে, ফেলে আসা সম্পত্তি ফেরত না পেলে তারা স্বদেশে ফিরবে না। এই দাবি তারা যখন মিয়ানমার ছিল, তখন করেনি কেন? তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবি তারা করতে পারত। হ্যাঁ, হয়তো বাধা আসত, হাঙ্গামা হতো। কিন্তু দাবি আদায় করলে তো তাদের ভাসমান থাকতে হতো না। বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে, তাই বলে তাদের দাবি-দাওয়া আদায় করে দেবে এমন ভাবনা কেন এল? এখন আস্তে আস্তে তারা সংগঠিত হচ্ছে। একসময় দেখা যাবে, তারা স্থায়ী আবাসন গেড়ে বসেছে। ভবিষ্যতে হয়তো আলাদা রাজ্য চাইবে। তখন? সমস্যা হচ্ছে বাংলাদেশ উন্নত রাষ্ট্র নয়, মধ্যম আয়ের দেশ। যে দেশের লাখ লাখ শিক্ষিত যুবক বেকার, সেখানে রোহিঙ্গারা বাড়তি বোঝা। এমন একটা দেশ এত জনসংখ্যার ব্যয়ভার বহন করতে পারবে না। কীভাবে করবে, সরকারের হাতে আলাদিনের চেরাগ নেই। আর এখন অনুদান আসছে বাইরে থেকে কিন্তু একসময় তাও বন্ধ হয়ে যাবে।
সবচেয়ে বড় কথা, প্রতি বছর যে হারে রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে এভাবে জনসংখ্যা বাড়তে থাকলে দেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এত জনসংখ্যার ভরণপোষণ কীভাবে করবে সরকার? যেখানে নিজ দেশের জনগণের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে রাষ্ট্রকে। সরকারের উচিত, এ মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে উপস্থাপন করা যে অনুদান নয়, রোহিঙ্গারা যেন ফিরে যায় সে ব্যবস্থা করা।
রোহিঙ্গাদের যে দাবি–দাওয়া, তার জন্য জাতিসংঘকে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি, জোরালো ভূমিকা রাখার কথা বলতে হবে বাংলাদেশকে। যুক্তরাষ্ট্র বলছে, রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশের পাশে থাকবে, কথা নয় কাজে দেখাক তারা। এভাবে কত দিন চলবে, দুই বছর হয়ে গেল। দীর্ঘ সময় এভাবে থাকলে রোহিঙ্গারা আর কখনই ফিরে যাবে না। তখন জনসংখ্যার ভারে ন্যুব্জ এই দেশ হিমশিম খাবে জনগণের চাহিদা মেটাতে।