লংআইল্যান্ডগামী রেলযাত্রীদের দুর্ভোগ কাটছে না
এমট্র্যাক কর্তৃক পরিচালিত নিউইয়র্ক সিটির পেন স্টেশনে সংস্কারকাজের কারণে নিউজার্সি ও লংআইল্যান্ডগামী রেলযাত্রীদের দুর্ভোগ এবারের গ্রীষ্মে লেগেই থাকবে। জুলাই ও সেপ্টেম্বর মাসের মধ্যে সব সমস্যা দূর করা সম্ভব হবে না বলে মনে হচ্ছে। ৮ জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত মেরামতকাজ চলবে বলে জানানো হয়েছে।
সংস্কারকাজের কারণে ট্রেন চলাচলে বিরক্তিকর বিলম্ব ছাড়াও ট্রেনের নির্ধারিত সময়সূচি বিঘ্নিত হবে। ট্রেন চলাচল বাতিল হওয়া, কোনো স্থানে গিয়ে দীর্ঘ সময় আটকে থাকার বিড়ম্বনা যাত্রীদের পোহাতে হতে পারে।
লংআইল্যান্ড রেলরোড (এলআইআরআর) নির্বাহী পরিচালক উইলিয়াম হেন্ডারসন বলেছেন, মেরামতকাজের মধ্যে সিগন্যাল সমস্যা অন্তর্ভুক্ত নয়। তাঁর মতে, চলমান মেরামতকাজের পরেও পেন স্টেশনের সব সমস্যা দূর হবে না।
লংআইল্যান্ডগামী যাত্রীরা সকালে ও বিকেলে ব্যস্ত সময়ে (রাশ আওয়ারে) বিদ্যুৎ প্রবাহের কারণে বিলম্ব ভ্রমণের মুখে পড়তে পারেন। এ সমস্যা এখনই দূর হচ্ছে বলে মনে হয় না।
এমট্র্যাক নিউজার্সিগামী রেললাইন নিয়ন্ত্রণ করে। কিন্তু এমট্র্যাক এ লাইনের সমস্যা দূর করার জন্য তেমন তৎপর নয়। নিউজার্সির ওয়েস্ট ওরেঞ্জ লুইস ভ্যালক্যারসেল (৫৩) এমট্র্যাক সম্পর্কে এমন মন্তব্য করেন।
সংস্কারের দায়িত্বপ্রাপ্ত হেন্ডারসন গ্রুপের কর্মকর্তারা মনে করেন, চলতি সামারে তাঁরা এমট্র্যাকের সিগন্যাল মেরামতের কাজেও হাত দেবেন। তবে এ কাজের জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে। আবার এ কাজের কারণে রেললাইনের মেরামতকাজে কিছুটা চাপ পড়তে পারে। রিনোভেশনের কাজ সম্পন্ন হলে স্টেশনের অন্যান্য সমস্যা দূর করার প্রকল্পে হাত দেওয়া হবে বলে জানানো হয়েছে।
পেন স্টেশনের ভৌতকাঠামো এত খারাপ পর্যায়ে চলে গেছে যে দুটি ট্রেন বিগত মাসগুলোতে লাইনচ্যুত হয়। ফলে প্রত্যেকবারেই ট্রেন চলাচলে দীর্ঘ বিলম্ব ঘটে। সিগন্যাল ও বিদ্যুৎ–বিভ্রাটের কারণে যাত্রীরা দুর্ভোগে পড়েন। কোনো কোনো সময় যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা ট্রেনে আটকা থাকতে হয়।