লং আইল্যান্ডে অবৈধদের গ্রেপ্তারের হিড়িক
নিউইয়র্ক নগরীর পাঁচ বরো কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস, ম্যানহাটন ও স্ট্যাটেন আইল্যান্ড থেকে অবৈধ অভিবাসীদের ফৌজদারি মামলা ছাড়াই গণহারে গ্রেপ্তার করছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এজেন্টরা। গত সপ্তাহে লং আইল্যান্ডের অন্তত ১০টি কমিউনিটিতে আইস অভিযান চালিয়ে মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কমিউনিটিগুলো হচ্ছে হেম্পস্টেড, ফ্রিপোর্ট, এলমন্ট, হিকসভিল, সেন্ট্রাল আইস্লিপ, ব্রেন্টউড, নিউ হাইড পার্ক, রুজভেল্ট ও হান্টিংটন স্টেশন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার অভিযান জোরদার হয়েছে। তবে
এবারের মতো এত বড় অভিযান আর চালানো হয়নি।
নিউইয়র্ক নগরীর কম্পট্রোলার স্কট স্ট্রিংজারের দেওয়া তথ্য অনুযায়ী, নিউইয়র্কে অবৈধ অভিবাসীদের বিতাড়নের হার আগের তুলনায় ২৬৫ শতাংশ বেড়েছে। স্ট্রিংজার বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ক্ষমতার শেষ সাল ২০১৬ সালে মাত্র ৩১৩ জন অবৈধ অভিবাসীকে ফৌজদারি মামলা ছাড়াই আইস গ্রেপ্তার করেছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সময়ে এটি বহুগুণে বেড়ে গেছে। ২০১৮ সালে কোনো ফৌজদারি মামলায় এ সংখ্যা বেড়ে ১ হাজার ১৪৪ জনে দাঁড়ায়। এ ছাড়া অভিবাসন আইন ভঙ্গের কারণে একই বছর গ্রেপ্তার করা হয় ৩ হাজার ৪৭৬ অভিবাসীকে। ২০১৬ সালে এ সংখ্যা ছিল ১ হাজার ৮৪৭।
এ বিষয়ে স্কট স্ট্রিংজার উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এ পরিসংখ্যান বড় চিন্তার কারণ হয়ে উঠেছে। এগুলো কেবলই সংখ্যা নয়। এরা আমাদেরই ছেলে-মেয়ে, ভাই-বোন, মা-বাবা, বন্ধু, প্রতিবেশী ও সহযোগী।’
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সম্প্রতি গ্রেপ্তার হওয়া অবৈধ অভিবাসীদের অধিকাংশই চীন ও ভারতীয়। বিতাড়নের হিসাবে সম্প্রতি আমেরিকা থেকে বিতাড়িত অভিবাসীদের মধ্যে ২১ শতাংশই চীনা। আর ১০ শতাংশ ভারতীয়। সম্প্রতি গ্রেপ্তার হওয়াদের মধ্যে হন্ডুরাস, গুয়াতেমালা ও ইউক্রেনের অবৈধ অভিবাসীরাও রয়েছেন।
এ বিষয়ে আইস কর্মকর্তারা বলেন, যেসব অবৈধ অভিবাসী আমেরিকায় বসবাস করছেন, তারা সবাই অভিবাসন আইন ভঙ্গ করছেন। কোনো রাজনীতির বিতর্কে না জড়িয়ে অভিবাসন আইন অনুযায়ীই কাজ করছে আইস।