লং আইল্যান্ডে ঐতিহাসিক নাট্যমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে নাট্যমেলার উদ্বোধন করছেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব রেখা আহমেদ
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে নাট্যমেলার উদ্বোধন করছেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব রেখা আহমেদ

শিল্পাঙ্গনের উদ্যোগে নিউইয়র্কের লং আইল্যান্ডে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী নাট্যমেলা। ২২ সেপ্টেম্বর লেভিটটাউন হলের বিশাল মিলনায়তন চত্বরে এই নাট্যমেলার আয়োজন করা হয়।

গত বছর সেপ্টেম্বরে জ্যামাইকা শহরে প্রথম নাট্যমেলা আয়োজনে নাট্যকর্মী, বোদ্ধা ও দর্শকদের বিপুল সাড়া পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় এবার ব্যাপক পরিসরে দ্বিতীয় নাট্যমেলার আয়োজন করা হয়। বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত এই নাট্যমেলা চলে।

বাংলাদেশ ও উত্তর আমেরিকার প্রথিতযশা নাট্যব্যক্তিত্ব, সংগীত শিল্পী, নৃত্যশিল্পী, সাহিত্যিক এবং পেশাদার নাট্যদল যোগ দিয়েছে নাট্যমেলায়। প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব রেখা আহমেদ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে নাট্যমেলার উদ্বোধন করেন। তাঁকে শিল্পাঙ্গনের উত্তরীয় পরিয়ে দেন স্বপন কবীর। এরপর শিল্পাঙ্গনের পক্ষে সভাপতি আমর আশরাফ নাট্যমেলায় উপস্থিত সবাইকে স্বাগত জানান। নাট্যমেলার ঘোষণাপত্র পাঠ করেন সহসভাপতি আকতার কামাল।

উদ্বোধনের পর প্রথম পরিবেশনা ছিল পুথি। মোশারফ হীরা রচিত ‘দেশের পুথি’ উপস্থাপন করেন মিজানুর রহমান বিপ্লব। এরপর কবিতার ভেতর দিয়ে নাট্যরস ও গল্প উপস্থাপন করেন হোসেন শাহরিয়ার তৈমুর ও দুররে মাকনুন নবনী। তাঁরা অভিনয় করেন আহসান হাবীবের দোতলার ল্যান্ডিং, মুখোমুখি দুজন এবং মুমু আনসারীর তুমি-আমি। সৈয়দ শামসুল হকের কাব্যনাটক ‘নূরলদীনের সারা জীবন’ থেকে অংশবিশেষ অভিনয় করেন সুলতান বোখারি।

লোকনাট্যের আর একটি ধারা গীতিকা। ময়মনসিংহ গীতিকার বিখ্যাত পালা দ্বিজ কানাই রচিত ‘মহুয়া’ থেকে অংশবিশেষ উপস্থাপন করেন সাবিনা শারমিন নিহার ও ফারুক ফয়সল। এস এম সোলায়মান রচিত ও শামসুল আলম বকুল নির্দেশিত ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’ নাটকের একটি অংশ পরিবেশন করেন নাট্যদল ‘কৃষ্টি’র পক্ষে শীতেশ ধর।

উইলিয়াম শেক্‌সপিয়ারের নাটক ‘জুলিয়াস সিজার’ নাটকের মার্ক অ্যান্টনির চরিত্রের একটি বিখ্যাত সংলাপে অভিনয় করেন হুসেন শরীফ আহমেদ। মমতাজ উদ্দীন আহমদের ‘যামিনীর শেষ সংলাপ’ এর আংশিক পরিবেশন করে নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের পক্ষে শরীফ হোসেন।

শিল্পাঙ্গন নাট্যমেলা উৎসর্গ করা হয় চারজন প্রথিতযশা নাট্যজনের স্মৃতির উদ্দেশ্যে। এঁরা হলেন আবদুল্লাহ আল মামুন, মমতাজ উদ্দীন আহমদ, সেলিম আল দীন ও হুমায়ুন ফরীদি। চার কিংবদন্তি নাট্যব্যক্তিত্বের সংক্ষিপ্ত জীবনী ও নাটকের সংলাপ পরিবেশিত হয়।

নাট্যমেলার একটি পরিবেশনার দৃশ্য
নাট্যমেলার একটি পরিবেশনার দৃশ্য

আবদুল্লাহ আল মামুনের সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করেন সামিনা আশরাফ। তাঁর ‘এখন দুঃসময়’ নাটকের একটি অংশ উপস্থাপন করেন শিরীন বকুল ও মুনির হাসান। মমতাজ উদ্দীন আহমদের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন মাহনাজ হাসান। তাঁর নাটক ‘কি চাহ শঙ্খচিল’-এর একটি সংলাপ উপস্থাপন করেন সাবিনা শারমিন নিহার। সেলিম আল দীনের সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করেন ইশরাত আহামেদ। হুমায়ুন ফরীদির সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করেন শাহ্পার ইসলাম সিমি। সেলিম আল দীনের ‘কেরামত মঙ্গল’ নাটকে হুমায়ুন ফরীদি অভিনীত কেরামত চরিত্রের একটি সংলাপ উপস্থাপন করেন মোহাম্মদ নজরুল ইসলাম।

শিল্পাঙ্গন নাট্যমেলায় আমন্ত্রিত শিল্পী ও উদ্বোধক রেখা আহমেদ বহু বছর পর একক অভিনয় করেন। তাঁরই লেখা ও নির্দেশনায় ‘বীরাঙ্গনা সখিনা’য় অসাধারণ অভিনয় করেন তিনি। নাট্যদল ঢাকা ড্রামা পরিবেশন করে বুদ্ধদেব বসুর নাটক ‘প্রথম পার্থ-এর একটি অংশ। শিরীন বকুলের নির্দেশনায় ‘প্রথম পার্থ’ নাটকে অভিনয় করেন শিরীন বকুল, বসুনিয়া সুমন, এজাজ আলম ও মুনির হাসান।

নাটকের জন্য লেখা এবং নাটকে ব্যবহৃত গান নিয়ে একটি পেশাদার পরিবেশনা করেন বিদিশা দেওয়ানজী। তিনি রবীন্দ্র ও নজরুল সংগীত গেয়ে শোনান। নৃত্যে গল্প উপস্থাপনার কৌশল উপস্থাপনার নিমিত্তে প্রিয়া ডায়েসের নির্দেশনায় একটি অপূর্ব পরিবেশনা করেন প্রিয়া ডায়েস, শিল্পাঙ্গন নৃত্য বিভাগ ও প্রিয়া ড্যান্স একাডেমি। নেপথ্য কণ্ঠে ছিলেন টনি ডায়েস।

নাট্যমেলায় নাটকের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন বেশ কয়েকজন সাহিত্যিক ও সাংবাদিক। কবিতা ও নাটকের সম্পর্ক নিয়ে বিশ্লেষণ করেন কাজী জহিরুল ইসলাম। প্রবাসে বাংলা নাটকের চর্চা ও প্রসার নিয়ে বুদ্ধিদীপ্ত আলোচনা করেন মঞ্জুর আহমেদ ও আহমাদ মাযহার।

নাট্যমেলায় শিল্পাঙ্গনের ছিল চারটি নাট্য পরিবেশনা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্যে ও গীতিতে তাঁকে নিয়েই শিল্পাঙ্গনের প্রথম নাটক ‘প্রলয় সুন্দর’। ফেরদৌস সাজেদীনের গ্রন্থনা, জারিন মাইশার নৃত্য পরিচালনা ও মোহাম্মদ নজরুল ইসলামের নির্দেশনায় ‘প্রলয় সুন্দর’-এ অংশ নেন শাহপার ইসলাম সিমি, শাহরুখ তাসনিম, ম ম জসীম, জিনাতুন নাহার হেরা ও মোহাম্মদ নজরুল ইসলাম। শিল্পাঙ্গন যুব বিভাগ পরিবেশন করে নাটক ‘বাংলা মা’। ম ম জসীমের মূল রচনা ও ভাবনা এবং মোহাম্মদ নজরুল ইসলামের নির্দেশনায় এই নাটকে অংশ নেয় জিনাতুন নাহার হেরা, সামায়রা মাহিবা, নুসায়বাহ কবীর, সাহিল কামাল, আবীর ইসলাম, মহিউদ্দিন ও ম ম জসীম। শিল্পাঙ্গনের তৃতীয় নাটক ছিল ‘কৃষ্ণগণ’। মোহাম্মদ নজরুল ইসলামের রচনা ও নির্দেশনায় এতে অংশ নিয়েছেন শফিউল আলম, সোনিয়া পান্না, লতিফ রহমান, শাহরুখ তাসনিম ও মোহাম্মদ নজরুল ইসলাম। শিল্পাঙ্গনের সর্বশেষ পরিবেশনা ছিল নাটক ‘শিখর’। মোহাম্মদ নজরুল ইসলামের রচনা ও নির্দেশনায় এ নাটকে অংশ নেন সাবিনা হাই ঊর্বি, শিরীন বকুল, মৃধা জসীম, শওকত রিমন, সোনিয়া হক, শফিউল আলম, সোনিয়া পান্না ও লতিফ রহমান। নেপথ্যে কণ্ঠ দেন বিদিশা দেওয়ানজী, সামিনা আশরাফ, মাহনাজ হাসান, শাহ্পার ইসলাম সিমি ও আহমেদ নাসিম। শব্দ নিয়ন্ত্রণ করেন ইশরাত কুমু এবং আলোকের দায়িত্বে ছিলেন সিদ্দিকা চৌধুরী।

শিল্পাঙ্গন নাট্যমেলায় বিশেষ আকর্ষণ ছিল তিনজন স্বনামধন্য শিল্পীর পরিবেশনা। এঁরা হলেন সংগীত শিল্পী লিলি ইসলাম, অনিন্দিতা কাজী ও নাট্যশিল্পী শাহীন তরফদার। অনিন্দিতা কাজী ও শাহীন তরফদার যুগল কণ্ঠে দুটি কবিতা দিয়ে একটি অসাধারণ শ্রুতিনাট্য উপস্থাপন করেন। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ও গান নিয়ে সংগীতালেখ্য পরিবেশন করেন লিলি ইসলাম।

শিল্পাঙ্গন নাট্যমেলার উপস্থাপনার দায়িত্বে ছিলেন সাবিনা শারমিন নিহার, তাহরিনা পারভীন প্রীতি, সাবিনা হাই, সোনিয়া হক, মোহাম্মদ শানু ও প্রতিমা সুমি।

নাট্যমেলার মঞ্চে বিরামহীন নাটক ও নাটক-সংক্রান্ত পরিবেশনার পাশাপাশি মিলনায়তনে বসেছিল বই ও চিত্রকলা প্রদর্শনী। মঞ্চ ও মিলনায়তন সজ্জার দায়িত্বে ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম, আহমেদ নাসিম, হাসিব হোসেন ও শফিউল আলম।

নাট্যমেলার শব্দ ও আলোক ব্যবস্থাপনা করে বিডি সাউন্ড। মহড়া ব্যবস্থাপনায় সোনিয়া হক, শফিউল আলম, সোনিয়া পান্না, নাজিহা ফাতেমা বুশরা, সালেহা আক্তার ও স্বপন কবির। উপদেষ্টা ছিলেন শিরীন বকুল।

শিল্পাঙ্গন আরও যাদের কাছে কৃতজ্ঞ, তাঁরা হলেন—রাহাত হোসেন, মুজিব বিন হক, বাশিরুল হক, মুজিবুর রহমান, খালেদ চৌধুরী, হুসেন শরীফ আহমেদ, অনিক রহমান, হাসান ইসলাম সানি, শামীম ইসলাম, মাসুদুল ইমাম, মুস্তফা মোর্শেদ ও কনক আদিত্য। নাট্যমেলার গ্রন্থনা ও সমন্বয় করেন মোহাম্মদ নজরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমর আশরাফ, ফালাহ আহামেদ এবং আকতার কামাল।