লং আইল্যান্ডে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ

আমেরিকার নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উই আর দা পিপল। ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কের লং আইল্যান্ড এলাকার নর্দার্ন বুলেভার্ড সংলগ্ন বাংলাদেশ কনস্যুলেট ভবনের সামনে মানবাধিকার সংগঠন উই আর দ্য পিপল আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। যুক্তরাষ্ট্র শাখা বিএনপি বিক্ষোভে সমর্থন জানিয়ে এতে সমর্থন জানায়।
১৮ সেপ্টেম্বর দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিউইয়র্কের লং আইল্যান্ড নগরের নর্দার্ন বুলবার্ড সংলগ্ন বাংলাদেশ কনস্যুলেট ভবনের সামনে মানবাধিকার সংগঠন ‘উই আর দ্য পিপল’ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। অন্যান্যের মধ্যে এ সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের প্রধান জ্যাকব মিল্টন। বিক্ষোভ-পরবর্তী সমাবেশে বাংলাদেশের চলমান পরিস্থিতিকে হতাশাজনক উল্লেখ করে তাঁরা এর জন্য হাসিনা শেখ এবং আওয়ামী লীগকে দায়ী করেন। জ্যাকব মিল্টন অভিযোগ করে বলেন, ‘ভারতীয় সেনা কমান্ডাররা বাংলার মাটিতে এসে বাংলাদেশের সেনাবাহিনীকে কমান্ড করলে বাংলাদেশের সার্বভৌমত্বের আর পৃথক স্বাধীন অস্তিত্ব থাকে না।’
রোহিঙ্গা গণহত্যায় ভারতের ভূমিকার প্রতি ইঙ্গিত করে মিল্টন বলেন, ‘গত এক বছরে ভারতীয় বাহিনীর নেতৃত্বে বাংলাদেশ এবং মিয়ানমার সেনাবাহিনী উখিয়া সীমান্তে অসহায় রোহিঙ্গাদের পুশব্যাক করে আরাকানে ঠেলে পাঠিয়েছে যেখানে তাদের বৌদ্ধ জঙ্গিরা মিয়ানমার সেনাবাহিনীর সহায়তায় জবাই করে।’
‘উই আর দ্য পিপল’ এর অ্যাটর্নি ডেভিড কর্নগোল্ড একই সমাবেশে বলেন, ‘পৃথিবীর সবাই জানে, বাংলাদেশ চালিত হচ্ছে একজন অনির্বাচিত ব্যক্তি এবং দলের দ্বারা যে দল সাধারণ মানুষকে প্রতিনিধিত্ব করে না।’
বর্তমান প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে বিএনপি নেত্রী নীরু এস নিরা বলেন, যিনি তার দেশে শান্তি স্থাপন করতে পারেননি, মানবাধিকার হরণ করেছেন, অঘোষিত একদলীয় শাসন চালু করে মানুষকে কারারুদ্ধ করছেন, বিচার বিভাগসহ সবক্ষেত্রে দলীয়করণ করেছেন তাঁকে শান্তির জন্য নোবেল পুরস্কার প্রদানের দাবি লজ্জাজনক। এই বিক্ষোভে বিএনপি যুক্তরাষ্ট্রের পক্ষে নীরু এস নিরা, মোহাম্মদ আবু সুফিয়ান, বাদশা জামান, আবদুল্লাহ আল মামুন, প্রকৌশলী মহিউদ্দিন এবং আনোয়ার আহমেদ প্রমুখ নেতা ও বিপুলসংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।
এ ছাড়া ‘উই আর দ্য পিপল’এর পক্ষে বিক্ষোভে টবি এঞ্জেল, ড্যারিয়ার হেইংস, স্যাকা টমাস, জারমিয়া জন্স, ল্যাওয়ারেন্স মন্টগোমারী, লিসা ইলিস, মেলোডি হেরানডেজসহ এক ডজনেরও বেশি মার্কিন নাগরিক অংশ নেন।