লং আইল্যান্ডে বাংলা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লং আইল্যান্ডে বাংলা উৎসবে আগত দর্শক ও অতিথিরা
লং আইল্যান্ডে বাংলা উৎসবে আগত দর্শক ও অতিথিরা

নিউইয়র্কের লং আইল্যান্ডে ৪ নভেম্বর অনুষ্ঠিত হলো রঙ্গালয়ের বর্ণাঢ্য ‘বাংলা উৎসব’। রঙ্গালয় সাংস্কৃতিক গোষ্ঠীর তত্ত্বাবধানে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এই উৎসবে সংগীত, নৃত্য ও নাটক দর্শকদের মুগ্ধ করে রাখে।
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসের কনসাল জেনারেল শামীম আহসান, বিশিষ্ট সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাসসহ অনেক সাংস্কৃতিক ও প্রবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ উৎসবে অংশ নেন। রঙ্গালয়ের মেধাবী ও পেশাদার শিল্পীদের পাশাপাশি প্রতিষ্ঠিত শিল্পীবৃন্দও বাংলা উৎসবের মঞ্চকে আলোকিত করেন।
নিউইয়র্কের ৪০ ওয়েস্ট নিকোলাই স্ট্রিট, হিক্সভিলে অবস্থিত ট্রিনিটি লুথেরান গির্জার বিশাল পরিসরের মিলনায়তনে সন্ধ্যা ৬টায় বাংলা উৎসবের সূচনা হয় রঙ্গালয়ের বিভিন্ন অনুষ্ঠানমালার একটি সচিত্র প্রতিবেদন দিয়ে। ৬টায় বাংলা উৎসবের উদ্বোধন হয়। আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করে সারগাম চৌধুরী কৃষ্টি ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন রঙ্গালয়ের শিল্পীরা। এরপর ‘আলো আমার আলো ওগো’ গানের সঙ্গে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগীতশিল্পী, শিক্ষক ও গবেষক মুত্তালিব বিশ্বাস। রঙ্গালয়ের পক্ষে স্বাগত বক্তৃতা করেন রঙ্গমেলার আহ্বায়ক সোবহান ইসমেত চৌধুরী। শুভেচ্ছা বক্তব্যে মুত্তালিব বিশ্বাস বাংলা সংস্কৃতির চর্চা ও প্রসারে রঙ্গালয়ের উদ্যোগকে অভিনন্দন জানান। তিনি বাংলা গানের ঐতিহ্য ও বাংলাদেশের সমৃদ্ধ লোকসংগীতের ওপর আলোকপাত করেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে রঙ্গালয়ের শিল্পীরা পরিবেশন করেন আলেখ্যানুষ্ঠান ‘বিজয়ী বাংলা’। আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের আসন্ন বিজয় দিবস উপলক্ষে এ আলেখ্যানুষ্ঠানে বাংলা ভাষা, সংস্কৃতি ও বাংলাদেশের গৌরবের কথা উপস্থাপন করা হয় সুরে ও ছন্দে। বাংলা উৎসবের অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্বে ছিল নৃত্যালেখ্য ‘দুলি আনন্দে’। এখানে সুরের ভেলায় ভাসিয়ে সবাইকে নিয়ে যাওয়া হয় এক অজানা দেশে যেখানে এক স্বর্গীয় সুখ এনে দেয় পাঁচ কন্যা নৃত্যের ছন্দে ।
তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় প্রেমের কবিতা ও দ্বৈত কণ্ঠের গান নিয়ে আলেখ্যানুষ্ঠান ‘সুরের ছন্দে’। পঞ্চাশের দশক থেকে আধুনিক কাল পর্যন্ত বিভিন্ন যুগের কালজয়ী কিছু বাংলা গান নিয়ে সাজানো হয় এ পসরা।
রঙ্গালয়ের একটি শক্তিশালী মাধ্যম নাটক। মেধাবী নাট্যকর্মীরা নিয়মিত চর্চা ও মহড়ার মাধ্যমে উপহার দিচ্ছে অভিনব সব নাট্যপ্রযোজনা। বাংলা উৎসবে পরিবেশিত হয় রঙ্গালয়ের চতুর্দশ প্রযোজনা ‘অমৃত সৌরভ’। প্রতিটি মানুষেরই রয়েছে দুটি সত্তা, ভালো ও মন্দ। আমরা প্রতিনিয়ত এই ভালো-মন্দের দ্বন্দ্বের ভেতর দিয়ে যাই। এ রকম দ্বন্দ্বের ভেতর দিয়েই কেউ মহামানব হয়ে ওঠে, কেউ অমর হয়, সৌরভ ছড়ায়। এ ধরনের দ্বন্দ্ব প্রকট হয়ে উঠে একজনের জীবনে যার শরীরে অন্য একজনের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়। এই দ্বন্দ্বের এক অসাধারণ ও পরীক্ষামূলক নাটকীয় মুহূর্ত উপস্থাপন করা হয় ৪৫ মিনিটের এই নাটকে ।
বাংলা উৎসবের অনুষ্ঠানমালায় রঙ্গালয়ের শিল্পীদের পাশাপাশি অনেক আমন্ত্রিত ও বিশিষ্ট শিল্পী অংশ নেন। আবৃত্তি করেন বাচিক শিল্পী নজরুল কবীর। বিশুদ্ধ ধারার বাংলা গানের প্রথিতযশা শিল্পী সন্দীপ ভট্টাচার্য ও সুস্মিতা চক্রবর্তী দর্শক-শ্রোতাদের সুরের ভেলায় ভাসিয়ে নিয়ে যান ।
পেশাদার ভিত্তিতে বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত রঙ্গালয়ের অন্যতম প্রধান উদ্দেশ্য নতুন প্রজন্মকে বাংলা সাহিত্য-সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং প্রবাসে বাংলাকে প্রতিষ্ঠিত করা। বাংলা উৎসবের ব্যাপক সাফল্য রঙ্গালয়ের সুন্দরের পথে যাত্রাকে আরও বেগবান করে তুলবে । নির্ধারিত সময়ে অনুষ্ঠানের শুরু, মঞ্চে বিরতিহীন পরিবেশনা, সব পরিবেশনার একই মান বজায় রাখা, নিরীক্ষাধর্মী পরিবেশনা, সুলিখিত পাণ্ডুলিপি ও সুসংগঠিত ব্যবস্থাপনা বাংলা উৎসবের অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত।
বাংলা উৎসবে সংগীত পরিবেশন করেন বিদিশা দেওয়ানজী, মিতা হোসেন, শাহপার ইসলাম সিমি, ফারজানা সুলতানা শারমিন, ইশরাত তালিব লিপি, ফারিয়া হোসেন, ফরিদা চৌধুরী ছোটি, আরিফ আহমেদ অর্ণব, সৌগত সরকার ও মো. আওকাত হোসেন খান। সংগীত পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন বিদিশা দেওয়ানজী। সংগীত উপদেষ্টা ছিলেন সুপ্রিয়া চৌধুরী। তবলায় ছিলেন পিনাক পানি গোস্বামী, কিবোর্ডে রিপন ও মন্দিরায় আশিস চৌধুরী।
রঙ্গালয়ের নৃত্যে অংশ নেন আলিয়া ইসলাম, ফারদীনা ইউসুফ, দেবারতি চৌধুরী, ফারিয়া হোসেন ও অর্জিতা দাস। নাটকে অভিনয় করেন শামীম আরা আফিয়া, ফরিদা চৌধুরী ছোটি, তাসনুবা চৌধুরী রাজনী, শওকত রিমন ও মো. নজরুল ইসলাম। নাট্যরচনা, নির্দেশনা ও আবহ সংগীত পরিকল্পনায় ছিলেন মো. নজরুল ইসলাম। আবৃত্তি ও উপস্থাপনায় ছিলেন সাঈদা তানজিয়া হোসেন মৌ, সাবিনা হাই উর্বি, অশোক চৌধুরী, মোহাম্মদ শানু, ফারহানা হোসেন এবং মো. নজরুল ইসলাম। মঞ্চসজ্জায় ছিলেন শাহপার খান ডানা। এ ছাড়া শব্দ নিয়ন্ত্রণে বিডি সাউন্ড ও আলোক নিয়ন্ত্রণে ছিলেন আতিয়ার রহমান। অনুষ্ঠান পরিকল্পনা ও সমন্বয়, গ্রন্থনা এবং প্রকাশনা সম্পাদনার দায়িত্বে ছিলেন মো. নজরুল ইসলাম। বাংলা উৎসবের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সোবহান ইসমেত চৌধুরী।