লকডাউন ও প্রবীণদের মানসিক স্বাস্থ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বের প্রায় সব দেশেই লকডাউন চলছে। এই লকডাউনের কারণে তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে সিনিয়র সিটিজেনদের। এমনিতেই আমেরিকার প্রবীণেরা সময়ের সঙ্গে সঙ্গে একা হয়ে যান। ছেলে-মেয়ে থাকলেও জীবন ও জীবিকার তাগিদে তারা দূরে সরে যায়। দেখা হয় কদাচিৎ। কথা হয় ফোনে। শুভেচ্ছা বিনিময় হয় ফাদার্স ডে আর মাদার্স ডেতে।
এ কারণে সিনিয়র সিটিজেনরা নিজেদের মধ্যে ছোট দল বানিয়ে ঘুরে বেড়ান। পার্কে বসে একে অপরে করে যান নিজেদের জীবনের গল্প। কখনো কখনো ডানকিন ডোনাটে বসে চলে কফির আড্ডা। কিন্তু করোনাভাইরাস রোধে জারি হওয়া লকডাউনের কারণে তাঁদের এই চিরচেনা জীবনে ছন্দ পতন ঘটছে। লকডাউনের কারণে নিঃসঙ্গ একাকী জীবন যেন জেলখানার জীবন হয়ে ধরা দিয়েছে তাঁদের কাছে।
পওলা ও হেনা লি নামের এমন দুই প্রবীণের সঙ্গে কথা হয়। তাঁরা দুজনেই কুইন্সের উডসাইডের বাসিন্দা। অশীতিপর পওলা বলেন, স্বামীর মৃত্যুর পর অ্যাপার্টমেন্টে তিনি একাই থাকেন। তাঁকে সপ্তাহে তিন দিন ফিজিওথেরাপি নিতে হয়। কিন্তু লকডাউনের কারণে এখন থেরাপি বন্ধ। সামাজিক দূরত্ব মেনে চলার কারণে বন্ধুদের সঙ্গে আড্ডাও দিতে পারছেন না। যেতে পারছেন না প্রিয় কফি শপে। ঘরে-বাইরে সবখানে দমবন্ধ অবস্থা। এমন মুহূর্তে তাঁর নিজেকে অপ্রয়োজনীয় মনে হয়। এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবকিছু কখন আবার আগের মতো হবে। হেনা লিকে একা একা আপন মনে গাছের নিচে দাঁড়িয়ে এক্সারসাইজ করছেন। মুখে মাস্ক আর হাতে গ্লাভস। দূর থেকে দেখা হতেই চিরচেনা সুরে বললেন ‘হাই’। হেনার স্বামী গত বছরের মাঝামাঝি সময়ে মারা গেছেন। সেই আক্ষেপ করে বললেন, ‘মি. লি অনেক ভাগ্যবান তাই আগেই মারা গেছেন। তা না হলে আজকের এই দুঃসহ সময়ের বোঝা বইতে হতো ।’ স্বামীর মৃত্যুর পর ছোট নাতিকে নিয়ে দিন কাটাতেন হেনা।কিন্তু কোভিড-১৯ এর জন্য নাতি তার মায়ের কাছে চলে গেছে। এখন নিঃসঙ্গ একাকী জীবন কাটাচ্ছেন হেনা।
বাঙালি কমিউনিটির অবস্থা অবশ্য একটু ভিন্ন। তারা মোটামুটি সবাইকে নিয়েই বসবাস করেন। কিন্তু সমস্যা তবুও থেমে নেই। নিরবচ্ছিন্ন ভাবে একই জায়গায় থাকতে গিয়ে তারাও হাঁপিয়ে উঠছেন। অনেকে আবার করোনায় সংক্রমিত হয়েছেন একই অ্যাপার্টমেন্টে থেকে।
নাম প্রকাশ না করার শর্তে ম্যানহাটন নিবাসী একজন বাঙালি বলেন, ‘বয়স হয়েছে। জীবন সঙ্গীর প্রয়োজনীয়তা অবশ্যই আছে। কিন্তু এই লকডাউনে দিন রাত ২৪ ঘণ্টা এক সঙ্গে থাকতে গিয়ে মনোমালিন্য হচ্ছে।’ এভাবেই লকডাউনের দীর্ঘ সময় সিনিয়র সিটিজেনদের মানসিকতার ওপর চাপ সৃষ্টি করেছে। তাঁদের গ্রাস করছে বিষণ্নতা ও অস্থিরতা। তাঁরা অসহায় হয়ে তাকিয়ে আছেন সামনের দিকে।