লকডাউন ও মানসিক স্বাস্থ্য

বর্তমান লকডাউন পরিস্থিতিকে মানসিক স্বাস্থ্যের অন্তরায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মহামারি কোভিড-১৯ এই মুহূর্তে জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই তার ছাপ রেখে যাচ্ছে। শুধু স্বাস্থ্য খাতেই নয়, এটি অর্থনীতি ও মানসিক স্বাস্থ্যকেও প্রভাবিত করছে। বিশেষ করে এই বিপর্যয়ে যারা চাকরি হারিয়েছেন, তাঁদের মনস্তাত্ত্বিক বিপর্যয় প্রকট। যারা লকডাউনে কেবল বাড়ির ভেতরে আটকে আছেন, তাদের ক্ষেত্রে এ প্রভাবের তীব্রতা কম হলেও তা তুচ্ছ নয়—বিশেষ করে যাদের মানসিক স্বাস্থ্য সমস্যা ইতিমধ্যে বিদ্যমান।
মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান হেনরি জে কায়সার ফ্যামিলি ফাউন্ডেশনের (কেএফএফ) এক নতুন প্রতিবেদনে দেখা গেছে, লকডাউনে প্রায় সবারই মানসিক স্বাস্থ্যের জটিলতা বাড়ছে। মার্চের মাঝামাঝি পরিচালিত এক জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের মধ্যে ৩২ শতাংশ করোনভাইরাস সম্পর্কিত উদ্বেগ ও চাপে আক্রান্ত, যা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। দু সপ্তাহ পর মার্চের শেষ দিকে এ হার বেড়ে ৪৫ শতাংশে দাঁড়ায়। এই উদ্বেগ আবার পুরুষদের চেয়ে নারীদের মধ্যে বেশি।
কেএফএফের জরিপে দেখা গেছে, কোভিড-১৯-এর আতঙ্কে নারীরা পুরুষদের চেয়ে বেশি ভুগছেন। শতাংশের হিসাবে এ হার নারীদের মধ্যে ১৬ শতাংশ বেশি। আর ১৮ বছরের কম বয়সী সন্তান রয়েছে এমন মা-বাবার জন্য এই সংখ্যা আরও বেশি নাটকীয়। মার্চ শেষে চালানো জরিপে ৫৭ শতাংশ মা ও ৩২ শতাংশ বাবা বলেছেন, এই মহামারির কারণে তাঁদের মানসিক স্বাস্থ্য খারাপ হচ্ছে। মহামারির মনস্তাত্ত্বিক প্রভাব আগামী মাস ও সামনের মাসগুলোতে আরও বাড়তে পারে।
টরন্টো বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক এবং মুড ডিসঅর্ডারস সাইকোফার্মাকোলজি ইউনিটের প্রধান রজার ম্যাকিনটায়ার বলেন, ‘দুর্ভাগ্যক্রমে মানসিক স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্রের অনুসন্ধানে আমরা দেখছি, সময় যত গড়াচ্ছে এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বা বিচ্ছিন্নতা যত বাড়ছে, পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে লোকেদের মধ্যে আরও বেশি মাত্রায় উদ্বেগ বা হতাশা দেখা যাচ্ছে। সামনে উদ্বেগ আক্রান্ত ও হতাশায় ভোগা মানুষের সংখ্যা আরও বাড়বে।’
পূর্ববর্তী অর্থনৈতিক সংকটকালের একটি পরিসংখ্যান উল্লেখ করে রজার ম্যাকিনটায়ার বলেন, ‘সময় বাড়ার সঙ্গে সঙ্গে এবং ঘরে থাকার যন্ত্রণা তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে আত্মহত্যার হার বাড়তে পারে। এমনটি আগেও দেখা গেছে। আনুমানিক ১০ মিলিয়ন আমেরিকান গত ২ সপ্তাহে বেকারভাতার আবেদন করেছে। এটিই উদ্বেগের প্রধান কারণ। বেকারত্বের হার ১ শতাংশ বাড়লে আত্মহত্যার হারও অনুরূপভাবে বৃদ্ধির আশঙ্কা থাকে।’ সংবেদনশীল বেকার বা তরুণদের মধ্যে লকডাউনটি নিঃসঙ্গতা ও হতাশার অনুভূতিগুলোকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে তিনি মনে করেন।
কোভিড-১৯ মহামারিতে শারীরিক স্বাস্থ্যের দুরবস্থা স্পষ্ট এবং অনেক কিছু ঝুঁকির মধ্যে রয়েছে। এই মানসিক স্বাস্থ্যের পরিণতিগুলো এড়িয়ে যাওয়া উচিত নয়। আমাদের উচিত হবে একটি ধসে যাওয়া সমাজকে পুনরায় চালুর বিষয়ে চিন্তা শুরু করা। যত তাড়াতাড়ি সম্ভব এটি করতে হবে। তবে অবশ্যই এ কাজ করতে হবে তথ্য-উপাত্ত ও পরিস্থিতি পুরোপুরি অনুধাবনের মধ্য দিয়ে। এই সময় শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও সমানভাবে নজর রাখতে