লকডাউনে গ্র্যাজুয়েশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার করোনায় ভিন্ন পরিস্থিতিতে  আমেরিকায় গ্র্যাজুয়েশন অনুষ্ঠান হল
এবার করোনায় ভিন্ন পরিস্থিতিতে আমেরিকায় গ্র্যাজুয়েশন অনুষ্ঠান হল

করোনাভাইরাসের কারণে আমেরিকায় যখন লকডাউন শুরু হয়, তখন শিক্ষার্থীদের স্প্রিং সেমিস্টার চলছিল। ১৩ মার্চ নিউইয়র্ক শহরে শেষ ক্লাস হয়। তারপর থেকে টানা তিন মাস সব শিক্ষার্থী ঘরে বসা। পড়াশোনা অনলাইনে চলেছে, সেমিস্টার শেষে পরীক্ষা দিয়েছে অনলাইনে। করোনাকালে স্কুলের প্রশ্নপত্রেও বেশ বদল এসেছে। পুরোনো অভিজ্ঞ শিক্ষকদেরও এই নতুন সিস্টেমে হিমশিম খেতে হয়েছে। কারণ, তাদের কারওরই এ দূরশিক্ষণে পর্যাপ্ত ট্রেনিং ছিল না।

প্রতি বছর সব স্কুল থেকেই পরীক্ষা শেষে অনুষ্ঠান করে ছাত্রছাত্রীদের সার্টিফিকেট বা সনদ দেওয়া হয়। এ বছরে লকডাউনে সব এলোমেলো হয়ে গেছে। অনলাইনে পরীক্ষা শেষ হয়েছে। এখন চলছে অনলাইনে গ্র্যাজুয়েশন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এ বছরের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ বিশেষ বক্তব্য রেখেছেন। এ বছরটা করোনার কারণে বিশেষ তাৎপর্যপূর্ণ। সম্পূর্ণ আলাদা নিয়মের মধ্যে বলতে গেলে বন্দী থেকেই ছেলেমেয়েরা তাদের পড়াশোনা শেষ করেছে। অনেক সন্তান তার পরিবারের সদস্য হারিয়েছে। তাই এ বছরের ছাত্রছাত্রীদের বলা হচ্ছে সুপার হিরো ২০২০।

নিউইয়র্ক, নিউজার্সির বিভিন্ন বাড়িতে শোভা পাচ্ছে গ্র্যাজুয়েটদের ছবিসহ তাদের জন্য শুভেচ্ছাবাণী। কেউ কেউ তাদের বাড়ির সামনে লিখেছেন অভিনন্দন গ্র্যাজুয়েট। লং আইল্যান্ডের কিছু স্কুল ড্রাইভ থ্রো গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করেছে। শিক্ষার্থীদের সারিবদ্ধ গাড়ি স্কুল গেটে প্রবেশ করে। আর সব শিক্ষক সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গাড়ির ভেতর থেকে হাত বাড়িয়ে শিক্ষা সনদ নিতে দেখা গিয়েছে। আলাবামার এডুকেশন ডিপার্টমেন্ট ইউটিউব ও ফেসবুক পেজের মাধ্যমে তাদের শিক্ষার্থীদের সম্মাননা জানিয়েছে। এমনটি করছে আমেরিকার অন্যান্য বহু স্কুলও।

সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। তাই কোনো অনুষ্ঠানের আয়োজন না করে নিউইয়র্কের স্কুলগুলো তাদের হাই স্কুল শিক্ষার্থীদের জন্য মেইলে স্পেশাল বক্স পাঠিয়েছে।

আমার মেয়ে বক্সটি খুলে মন খারাপ করে বসেছিল। কারণ এবারও ভেলোডিকটেরিয়ান হয়েছে। এটা তার দ্বিতীয় ভেলোডিকটেরিয়ান স্ল্যাশ। প্রথমটা পেয়েছে ক্লাস এইটে। টানা চার বছর অত্যন্ত পরিশ্রম করে পড়াশোনা করেই সে আবারও এই স্ল্যাশ অর্জন করেছে। সঙ্গে এসেছে প্রিন্সিপাল সাইন করা সার্টিফিকেট। বরাবরের মতো সর্বোচ্চ নম্বর পেয়েছে।

আমার মেয়ে আদিবা বলে, মা মনে আছে ক্লাস এইটের কথা! মিডল স্কুল এইটের সমাপনী বক্তৃতায় প্রিন্সিপাল তার প্রশংসায় আধা ঘণ্টার বক্তৃতা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তার ২৭ বছরের শিক্ষকতায় এই প্রথম কোনো অভিবাসী সন্তান দুবছর পড়াশোনা করে সব বিষয়ে সর্বোচ্চ নম্বর তুলেছে। কারণ, আদিবা দুবছর আগে দেশ থেকে এসে ক্লাস সিক্সে ভর্তি হয়েছিল। ম্যানহাটন সায়েন্স অ্যান্ড ম্যাথ স্কুলে চার বছরে শিক্ষা কারিকুলামের বাইরেও আদিবার পদচারণা এবারও উজ্জ্বল ছিল। তাই, এবারে আরও বেশি কিছু সে আশা করেছে। তাই এমন মেইল বক্স পেয়ে স্বাভাবিক ভাবেই তার মন খারাপ হয়েছে।

হয়তো একদিন সবকিছু স্বাভাবিক হবে। কিন্তু এ বছরে যারা পাশ করে বের হলো, তারা থেকে যাবে ইতিহাসের পাতায়। আজকের শিক্ষার্থীরা বা তাদের সন্তানেরা একদিন বলবে, আমার পরিবারে একজন ছিল যে কিনা ২০২০ লকডাউনে গ্র্যাজুয়েশন করেছে। করোনা আমাদের জীবনধারা বদলে দিয়েছে। শরতের সেশনে সামাজিক দূরত্ব মেনে স্কুল খোলার পরিকল্পনা চলছে। চীন সে দেশে এক শিফটের স্কুলকে তিন শিফটে ভাগ করে শিক্ষা কার্যক্রম পরিচালনা শুরু করেছে। চীন সামাজিক দূরত্ব মেনে তাদের ক্লাস রুম সাজিয়েছে। আমেরিকার চিন্তা ভাবনাও অনেকটা সে রকমই। তারা ভাগ ভাগ করে স্কুল চালু করবে। একদিন স্কুল এবং একদিন বাসা থেকে পড়ানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে অনেক রাজ্যে।