লকডাউনের ভালোমন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বিখ্যাত মনোবিজ্ঞানীদের ধারণা হোম কোয়ারেন্টিন যত দীর্ঘ হবে, ততই সৃষ্টি হতে থাকবে সামাজিক অবক্ষয়। মানবিক মূল্যবোধে আসবে চরম ভাঙন। এবং তার পরিণতি হবে করোনাভাইরাস থেকেও ভয়াবহ।
দেশে দেশে লকডাউনে সামাজিক দূরত্ব বা ঘরবন্দী মানুষের জীবনে কোয়ারেন্টিনের সঙ্গে নেমে আসবে সব উন্নয়ন কর্মকাণ্ডের নিস্তব্ধতা। বাড়তে থাকবে স্নায়বিক চাপ। অতীতের আলোকপাত করতে গিয়ে নস্টালজিয়ায় পেয়ে বসবে এক শ্রেণির সমাজকে। ধর্মীয় মূল্যবোধে আসবে অনীহা। ফলে সমাজে অনাচার আধিপত্যবাদের সংস্কৃতি বৃদ্ধির সম্ভাবনা দেখা দেবে। দীর্ঘদিন গৃহবন্দী থেকে মাঝে মাঝে দাম্পত্য কলহ বেড়ে যাবে। কারণ হিসেবে বলতে পারি, বিশেষ করে বাঙালি সমাজ ব্যবস্থায় ৮০ শতাংশ পুরুষ কাজের মাধ্যমে কিংবা বিভিন্ন অজুহাতে সারা দিন বাইরে থেকেই অভ্যস্ত।
নারীরা ঘর–সংসার আর সন্তান লালনপালনে ব্যস্ত থাকেন। কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে সবাইকে একই ছাদের নিচে কাটাতে হচ্ছে দিনের পর দিন।
যদিও শুরুতে সবাই এক সঙ্গে থাকাটা বেশ মজারই ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায়, পান থেকে চুন খসলেই স্বামী–স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। কেউ কাউকে মেনে নিতে পারছে না। এই মেনে না নেওয়ার কারণও অনেক। বেশির ভাগ নারীদের অভিযোগ থাকতে পারে পুরুষদের অহেতুক আবদার, যা কারও পক্ষেই মেনে নেওয়া যাবে না। করো কারও দৈহিক সম্পর্কের চাহিদা বাড়ে। কেউবা আবার ব্যক্তিত্বের বাহাদুরি খাঁটিয়ে একে অন্যকে হেয় করার মনোভাব থাকে। এই টানাপোড়েনে পরবর্তীতে একেবারে ডিভোর্সে রূপ নিতে পারে, যদিও সেটা কাম্য নয়।
অনেকে হয়তো লকডাউন তুলে নেওয়ার পক্ষে, সবকিছু স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছে। কেউ হয়তো আদালতের শরণাপন্ন হতে শেষ সমাধানের অপেক্ষায় আছেন। এর একমাত্র কারণ হচ্ছে দীর্ঘদিন গৃহবন্দী থাকা।
এদিকে কোয়ারেন্টিনের অভিনব পন্থার কাহিনিও আজকাল শোনা যায়। এক নারী স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছুটি নিয়ে বাড়ি পৌঁছালে স্থানীয় ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতার আদেশে পানি শুকিয়ে যাওয়া নির্জন পুকুরের মাঝখানে এলাকাবাসীর সহায়তায় তালপাতায় নির্মিত ছোট্ট কুঁড়েঘরে ওই স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টিনে রাখা হয়। রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে ওই নারী এক সপ্তাহ পার করেন।
এই অভিনব কোয়ারেন্টিন স্মরণ করিয়ে দেয় দুই শ বছর আগের আরেক মহামারি গুটিবসন্তের কথা। তখনকার দিনে বসন্ত রোগীকে নির্জন কুটিরে ফেলে রাখা হতো কোয়ারেন্টিন হিসেবে। আজ একবিংশ শতাব্দীতে করোনাভাইরাসের কোয়ারেন্টিন সবাইকে ফিরিয়ে নিয়ে যায় সেই আদি যুগে।
তবে আমেরিকার ভূতত্ত্ববিদেরা অন্য ধরনের চিন্তাভাবনা পোষণ করেন। দীর্ঘ লকডাউনকে স্বাগত জানিয়ে তাঁরা বলছেন, বর্তমানে পৃথিবী খুবই শান্ত।
যানবাহনের দৌরাত্ম্য নেই, কিংবা কল–কারখানা চালু না থাকায় এবং জনমানুষের কোলাহলমুক্ত থাকায় একদিকে যেমন বায়ুদূষণ থেকে পৃথিবী মুক্ত হয়েছে, অন্য দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ছোট ছোট ভূমিকম্পগুলোর অবস্থান খুবই সূক্ষ্মভাবে অবলোকন করা যাচ্ছে। লকডাউনের আগে কিন্তু কোলাহলযুক্ত পৃথিবীতে ভূতত্ত্ববিদদের তাদের পরীক্ষা-নিরীক্ষায় অনেক সময় সঠিক তত্ত্ব নির্ধারণে হিমশিম খেতে হত।
আজ অনেক যুক্তির টানাপোড়েন চলছে অহরহ। এখন কথা হচ্ছে মানুষ কোন্ পথ বেছে নেবে! মনোবিজ্ঞান না ভূতত্ত্ববিজ্ঞান না বর্তমান লকডাউন?