লক্ষণ প্রকাশে সময় লাগায় আক্রান্তের সংখ্যা নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করোনাভাইরাসের বেলায় ইনকিউবেশন পিরিয়ড বা ‘তা দেওয়া সময়’ মোটাদাগে ৫ থেকে ১৪ দিন পর্যন্ত হয়। অর্থাৎ একজন ব্যক্তির দেহে ভাইরাসটি থাকলেও তার লক্ষণ প্রকাশ পেতে কমপক্ষে পাঁচ দিন সময় লাগবে। কারও কারও ক্ষেত্রে এ সময় ১৪ দিন পর্যন্ত সময় লাগে। এ কারণে সন্দেহ হলেই চিকিৎসকেরা সংশ্লিষ্ট ব্যক্তিকে ১৪ দিনের জন্য ‘কোয়ারেন্টিনে’ থাকার পরামর্শ দিচ্ছেন। লক্ষণ ছাড়া যেহেতু কাউকে পরীক্ষা করা হচ্ছে না, তাই বর্তমানে বিশ্বের ঠিক কত মানুষ ভাইরাসটিতে আক্রান্ত, তার হিসাব কারও কাছেই নেই।
সাধারণত সর্দি-কাশি, জ্বর ইত্যাদি উপসর্গ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে আশঙ্কা করা হয়। যেহেতু ভাইরাসটি স্পর্শের মাধ্যমে ছড়ায়, তাই ওই ব্যক্তি থেকে বাকিদের পৃথক থাকতে হয়। এই একা থাকার বিষয়টিই ‘কোয়ারেন্টিন’। এভাবে কোয়ারেন্টিনে থাকলে এদের এড়িয়ে চলা সম্ভব হয়। কারণ লক্ষণ প্রকাশ না পাওয়ায় অন্যদের পক্ষে তাকে এই সময়টায় এড়িয়ে চলা সম্ভব নয়। ফলে অনেকের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই চিকিৎসকেরা এই সময়টিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন।
বিজ্ঞানীরা শুরু থেকেই নতুন করোনাভাইরাস সম্পর্কে আশঙ্কা করছিলেন যে, ইনকিউবেশন পিরিয়ডের মধ্যেই ভাইরাসটি সংক্রমিত হয়। এ নিয়ে নানা গবেষণাও পরিচালনা করেন তিনি। সর্বশেষ ১৬ মার্চ প্রকাশিত এক গবেষণা নিবন্ধে, বিজ্ঞানীদের শুরুর সেই আশঙ্কাকেই সত্য বলে উল্লেখ করা হয়েছে। এ কারণে বর্তমানে বিশ্বের কত শতাংশ মানুষ ভাইরাসটিতে আক্রান্ত, তা কারও পক্ষেই নিশ্চিত করে বলা সম্ভব নয়।
এক গবেষণায় দেখা গেছে, সিঙ্গাপুরে আক্রান্ত কোভিড-১৯ রোগীর ৪৮ শতাংশ ও চীনের তিয়ানজিন নগরের আক্রান্তদের ৬২ শতাংশই লক্ষণ নেই এমন মানুষ থেকে সংক্রমণের শিকার হয়েছে।
আমেরিকায় এখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। এ সংখ্যা দ্রুত বাড়ছে। যাদের পরীক্ষা করা হচ্ছে, তাদের মধ্য থেকেই আক্রান্ত ব্যক্তিদের খুঁজে পাওয়া যাচ্ছে। কিন্তু কতজনের পরীক্ষা হচ্ছে? যেহেতু ইনকিউবেশনকালেও এ ভাইরাস সংক্রমিত হয়, তাই কোনো লক্ষণ ছাড়াই কত মানুষ ঘুরে বেড়াচ্ছে, তার সংখ্যা কেউ জানে না। জনসংখ্যার কত শতাংশ এরই মধ্যে আক্রান্ত হয়েছে, তার হিসাবও কারও কাছে নেই। বিশেষজ্ঞ মহল এখন ধারণা করছেন, কয়েক কোটি মানুষের দেহে এ ভাইরাস রয়েছে। আমেরিকার অন্তত দুই কংগ্রেস সদস্যের দেহে ইতিমধ্যে এ ভাইরাস ধরা পড়েছে বলে জানিয়েছে ইউএসএ টুডে।