বিশ্লেষণ: মার্কিন নির্বাচন
লক্ষ্যভেদে সক্ষম বাইডেন
অধিকাংশ ভাষ্যকার বলেছেন, জো বাইডেন তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের সেরা ভাষণটি দিয়েছেন।
‘বর্তমান প্রেসিডেন্ট বড় বেশি সময় আমেরিকাকে অন্ধকারে ঢেকে রেখেছেন। বড় বেশি ক্রোধ, বড় বেশি ভীতি, বড় বেশি বিভক্তি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমাকে যদি প্রেসিডেন্ট হিসেবে আপনারা দায়িত্ব দেন, তাহলে আমি অন্ধকার নয়, আলোর মিত্র হব।’
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন গ্রহণ করে প্রায় শূন্য হলঘরে, ক্যামেরার দিকে তাকিয়ে কথাগুলো উচ্চারণ করেন জো বাইডেন। প্রতিটি শব্দ ছিল প্রবল আত্মবিশ্বাসে পূর্ণ। আশার ও আলোর পথে অগ্রসর হওয়ার এমন একটি প্রতিশ্রুতির অপেক্ষায় ছিল আমেরিকার মানুষ।
‘এমন আঁধারভরা সময়েও আমার বিশ্বাস, অগ্রগতি সম্ভব, সামনে এগোনো সম্ভব।’—এমন দৃপ্ত প্রত্যয় জানিয়ে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বাইডেন প্রশ্ন করেন, ‘এই যাত্রায় আমার সঙ্গী হতে আপনারা সবাই প্রস্তুত?’ উত্তর দেওয়ার কেউ ছিল না, কিন্তু যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ টিভির সামনে বসে নীরবে উচ্চারণ করলেন, ‘হ্যাঁ, আমরা প্রস্তুত।’
এই প্রথম বিশ্বের মানুষ এমন অদ্ভুত রাজনৈতিক সম্মেলন প্রত্যক্ষ করল, যেখানে কোনো দর্শক নেই। করোনাভাইরাসের কারণে হাজার হাজার ডেলিগেট ও দর্শকে পূর্ণ হলের বদলে চার দিনের এই সম্মেলন ছিল ‘ভার্চ্যুয়াল’, অর্থাৎ পুরো অনুষ্ঠানই কোনো দর্শক ছাড়া ক্যামেরার সামনে অথবা পূর্ব রেকর্ডকৃত বক্তব্য সম্প্রচারের মধ্যে সীমাবদ্ধ ছিল। দেশের অধিকাংশ টিভি নেটওয়ার্ক হয় পুরো সম্মেলন অথবা তার অংশবিশেষ সরাসরি সম্প্রচার করে। অনেকেই ভেবেছিলেন, দর্শক ছাড়া এই সম্মেলন সফল হবে না। ডেমোক্রেটিক পার্টি সে কথা ভুল প্রমাণ করেছে।
সবচেয়ে বেশি ভয় ছিল ৭৭ বছরের জো বাইডেনকে নিয়ে। বাগ্মিতার জন্য তিনি সুপরিচিত নন। অনেক শব্দ বলার সময় তিনি গুলিয়ে ফেলেন। সবচেয়ে বড় কথা, তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভাষণ তাঁকে দিতে হচ্ছে বারাক ওবামা, মিশেল ওবামা ও কামালা হ্যারিসের অসাধারণ বাগ্মিতাপূর্ণ ভাষণের পর। প্রেসিডেন্ট ট্রাম্প বরাবর বলে এসেছেন, জো বাইডেন মানুষের সামনে কথা বলতে ভয় পান। তিনি এত বৃদ্ধ যে হাঁটাচলার শক্তি পর্যন্ত নেই। ট্রাম্প বাইডেনের নাম দিয়েছিলেন ‘স্লো জো’।
সবাইকে ভুল প্রমাণ করলেন বাইডেন। অধিকাংশ ভাষ্যকার বলেছেন, জো বাইডেন তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের সেরা ভাষণটি দিয়েছেন। এমনকি ট্রাম্প-সমর্থক হিসেবে পরিচিত ফক্স নিউজ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে, লক্ষ্যভেদে সক্ষম হয়েছেন বাইডেন।
কোনো সন্দেহ নেই, ডেমোক্রেটিক পার্টি ও তার সমর্থকদের জন্য এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাস্ত করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব নেই। ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন ইলেকটোরাল কলেজ ভোটে ট্রাম্পের হাতে পরাস্ত হয়েছিলেন মূলত বিপুলসংখ্যক আফ্রিকান-আমেরিকান ও নবীন ভোটারদের অনুপস্থিতির কারণে। এবারের সম্মেলনে প্রায় সব বক্তাই ভোট প্রদানের ওপর জোর দেন। প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান নেতৃত্ব নানাভাবে ভোট প্রদানে বাধার সৃষ্টি করছেন। দীর্ঘদিন থেকে এ দেশে ডাক মারফত নিরাপদে ভোট প্রদানের নিয়ম চালু থাকলেও তিনি এখন ডাক-ভোটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। অভিযোগ উঠেছে, তাঁর প্রশাসন ডাক বিভাগে জটিলতার সৃষ্টি করছে। সম্মেলনের প্রথম তিন দিন বারাক ওবামা, হিলারিসহ সব বক্তাই সে বাধা এড়াতে কালক্ষেপণ না করে এখনই ডাক-ব্যালটের জন্য অনুরোধ করার আহ্বান জানান।
শেষ দিনেও অনেকেই সে প্রসঙ্গে ফিরে আসেন। সদ্য প্রয়াত কংগ্রেসম্যান জন লুইসের নাম উচ্চারণ করে আটলান্টার মেয়র কেইশা ল্যান্স বটমস বলেন, ‘সর্বজনীন ভোটাধিকার অর্জনের সংগ্রামে তিনি ছিলেন এক অকুতোভয় নেতা। ভোটাধিকারের দাবিতে আমরা বিপুল ত্যাগ করেছি। এখন সময় এসেছে সেই ত্যাগের প্রতি শ্রদ্ধা দেখিয়ে অবিলম্বে ভোটার হিসেবে তালিকাভুক্ত হওয়া ও যথাসময়ে ভোট দেওয়া।’
সম্মেলনে ডেমোক্র্যাটদের জন্য অন্যতম চ্যালেঞ্জ ছিল নিজেদের ঐক্যবদ্ধ দল হিসেবে উপস্থাপন করা। সম্মেলনের আগে অনেকেই এই ভেবে ভীত ছিলেন, বাম ও মধ্যপন্থীদের মধ্যে বিভক্ত ডেমোক্রেটিক পার্টি তার অভ্যন্তরীণ বিভেদ এড়াতে সক্ষম হবে না। কামালা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করায় দলের আফ্রিকান-আমেরিকান ও নারী সমর্থকদের আশ্বস্ত করা গেলেও ‘প্রগ্রেসিভ’ হিসেবে পরিচিত বামপন্থীদের খুশি করানো যায়নি। সিনেটর বার্নি স্যান্ডার্সের সমর্থক এসব প্রগতিশীল রাজনৈতিক গ্রুপ চেয়েছিল সিনেটর এলিজাবেথ ওয়ারেনকে। বর্ণবাদ, পুলিশ প্রশাসনের সংস্কার ও অর্থনৈতিক সমতাসহ বিভিন্ন প্রশ্নে দলের প্রস্তাবিত কর্মসূচিতে তারা সন্তুষ্ট নয়। কিন্তু চার দিনের এই সম্মেলনে সে অসন্তোষের কোনো ছোঁয়া ছিল না। প্রগতিশীলদের প্রতিনিধি হিসেবে ভাষণ দেন আলেকজান্দ্রিয়া-ওকাসিয়া কর্তেস, সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও বার্নি স্যান্ডার্স। তাঁরা প্রত্যেকেই নিঃশর্তে বাইডেনের পক্ষে নিজেদের সমর্থন ঘোষণা করেন।
এই সম্মেলনের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল একাধিক শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতার অংশগ্রহণ। তাঁদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল এবং ওহাইওর ইয়র সাবেক গভর্নর জন কেইসিক। চতুর্থ দিনে ভাষণ দেন নিউইয়র্কের সাবেক মেয়র মাইক ব্লুমবার্গ। তিনি ইতিমধ্যে ট্রাম্পকে পরাজিত করার জন্য ৬০ মিলিয়ন ডলার ডেমোক্রেটিক তহবিলে দিয়েছেন। কিঞ্চিৎ পরিহাসের সঙ্গে তিনি বলেন, ট্রাম্প নিজেকে বড় ব্যবসায়ী হিসেবে দাবি করলেও তাঁর হাতে একের পর এক ব্যবসার লাল বাতি জ্বলেছে। ‘এমন লোককে আমরা আবার চার বছরের জন্য চাকরিতে কেন পুনরায় নিয়োগ দেব? কিছুতেই না।’
তবে অন্য কেউ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত এই সম্মেলনের কেন্দ্রে ছিলেন জো বাইডেন ও কামালা হ্যারিস। দেশের পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই দেশকে সম্পূর্ণ ভিন্ন পথে চলতে তাঁরাই এই মুহূর্তের সবচেয়ে যোগ্য প্রার্থী, তাঁরা যুক্তি ও আবেগ দিয়ে সে কথা তুলে ধরেন। ট্রাম্প যেখানে আত্মকেন্দ্রিক ও স্বার্থপর, বাইডেন সেখানে সহমর্মী, নিজের বদলে অন্যের স্বার্থ তিনি সবার সামনে তুলে ধরেন। বিপুলসংখ্যক সাধারণ মানুষের সাক্ষ্যভাষ্যে নানাভাবে সে কথা উঠে আসে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ১৩ বছর বয়স্ক ব্রাইডেন হ্যারিংটন। তার একটি সমস্যা, কথা বলার সময় সে তোতলায়। বাইডেন নিজেও শৈশবে তোতলাতেন। নিউ হ্যাম্পশায়ারের এক অনুষ্ঠানে দেখা হওয়ার পর বাইডেন কিশোর ব্রাইডেনকে পরামর্শ দিয়েছিলেন কীভাবে তোতলামি থেকে তিনি নিজে মুক্ত হয়েছিলেন। কৃতজ্ঞ ব্রাইডেন এই রাতে সে অভিজ্ঞতার কথা স্মরণ করে।
বিশেষজ্ঞেরা বলছেন, অধিকাংশ জনমত জরিপে এই মুহূর্তে বাইডেন এগিয়ে থাকলেও ভোটারদের মধ্যে তাঁর প্রতি উৎসাহ যত প্রবল, তার চেয়ে অনেক তীব্র ট্রাম্পকে পরাস্ত করার ইচ্ছা। এই সম্মেলনে বাইডেনের সামনে বড় চ্যালেঞ্জ ছিল তাঁর প্রতি ভোটারদের আস্থা বাড়ানো, উৎসাহের সঞ্চার। তিনি সে চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে উতরে গেছেন। অধিকাংশ ভাষ্যকার মনে করেন, ট্রাম্পের তুলনায় তিনি কেন একজন অধিক উত্তম প্রেসিডেন্ট, সে কথা বাইডেন সফলভাবে প্রকাশ করেছেন।
‘আমরা আবার আলোর খোঁজ পাব’—বাইডেনের এই প্রতিশ্রুতি শূন্য কক্ষে উচ্চারিত হলেও বিপুলসংখ্যক আমেরিকানের মনে তা স্বস্তি এনে দিয়েছে, এ কথা বলা মোটেই অত্যুক্তি নয়।