লড়াই ইসলাম বিকৃতকারীদের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের লড়াই ইসলামের বিরুদ্ধে নয়, যারা ইসলামকে বিকৃত করছে, তাদের বিরুদ্ধেই এই লড়াই। ওয়াশিংটনে চরমপন্থাবিরোধী আন্তর্জাতিক সম্মেলনে বুধবার এ কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জঙ্গিবাদীদের ইসলামের প্রতিনিধিত্ব করার দাবি প্রত্যাখ্যান করতে পশ্চিমা ও মুসলিম নেতাদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
ডেনমার্ক, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে একের পর এক সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষাপটে গত মঙ্গলবার শুরু হয় বারাক ওবামা আয়োজিত তিন দিনের এ সম্মেলন। মার্কিন সমাজকর্মীদের পাশাপাশি এতে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীসহ অন্তত ৬০টি দেশের প্রতিনিধিরা।
হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার ভাষণ দেন ওবামা। এ সময় তিনি বলেন, যে মতাদর্শগুলো মানুষকে প্রতিক্রিয়াশীল করে তোলে এবং চরমপন্থার দিকে ঝুঁকতে আগ্রহী করে, সেসব মতাদর্শকে রুখতে বিশ্বকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। ‘চরমপন্থার মিথ্যা প্রতিশ্রুতি’কে পরাজিত করতে মুসলিম ধর্মীয় নেতাদের ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। ইরাক ও সিরিয়াসহ বিভিন্ন দেশে সক্রিয় গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং আল-কায়েদার মতো গোষ্ঠীগুলোর নেতারা ধর্মীয় নেতা নয়, বরং তারা সন্ত্রাসী—এ মন্তব্য করে ওবামা বলেন, ‘ওই সন্ত্রাসীরা এক শ কোটি মুসলিমের কথা বলে না। তারা নিজেদের ধর্মীয় নেতা, ধর্মযোদ্ধা হিসেবে উপস্থাপনের চেষ্টা করে। আসলে তারা তা নয়, বরং তারা সন্ত্রাসী।’
ডেনমার্ক, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ঘটা সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলোকে ‘ইসলামি প্রতিক্রিয়াশীলদের’ কাজ হিসেবে বর্ণনা না করায় ওবামার নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর সমালোচকেরা। ওই সমালোচনার জবাবে তিনি বললেন, ইসলামিক স্টেট বা আল-কায়েদার সঙ্গে ইসলামকে মিলিয়ে দেখা হলে তা হবে ওই সব গোষ্ঠীর প্রচারণার ফাঁদেই পা দেওয়া।
‘সহিংস চরমপন্থা’র বিরুদ্ধে লড়াইয়ে শুধু সামরিক শক্তি দিয়ে জয়ী হওয়া যাবে না বলে মন্তব্য করেন ওবামা। তিনি বলেন, এলাকায় এলাকায় স্থানীয় বাসিন্দাদের অবশ্যই তাঁদের দায়িত্ব পালন করতে হবে।
বারাক ওবামা আরও বলেন, বিশ্বজুড়ে বহু মুসলিম রয়েছেন, যাঁরা কোনোভাবেই আইএসের কৌশলকে সমর্থন করেন না। তিনি বলেন, ‘আমরা ইসলামকে দমন করতে সংকল্পবদ্ধ—এমন ধারণাকে মুছে ফেলতে মুসলিম নেতাদের আরও অনেক কিছু করতে হবে।...আমরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছি না। আমাদের এই যুদ্ধ ইসলামকে বিকৃত করা ব্যক্তিদের বিরুদ্ধে।’
মার্কিন প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানদের মধ্যে বিরাজমান সংশয় এবং সন্দেহের বিষয়টিও উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের মুসলমানদের মধ্যে প্রশাসনিক নজরদারির ব্যাপারে ব্যাপক উদ্বেগ রয়েছে। যুগ যুগ ধরে যুক্তরাষ্ট্রের সমাজে, এমনকি সেনাবাহিনীতে মুসলমানদের অবদানের কথা বক্তব্যে গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তিনি।
ওয়াশিংটন সম্মেলন থেকে পাওয়া সুপারিশের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরে চরমপন্থাবিরোধী নানা সামাজিক কর্মসূচি চালু করা হবে। প্রাথমিক অবস্থায় বোস্টন, লস অ্যাঞ্জেলেস, মিনিয়াপোলিস এবং সেন্ট পল নগরে প্রতিরোধমূলক সামাজিক কর্মসূচি গ্রহণ করা হবে। স্থানীয় সমাজকর্মী, ধর্মীয় সংগঠন, পুলিশ ও নাগরিক সংগঠনের সমন্বয়ে এসব কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। মার্কিন মুসলমানদের এতে ব্যাপকভাবে সম্পৃক্ত করা হবে বলে সম্মেলন কেন্দ্র থেকে বলা হয়েছে।
ওই ভাষণের পর গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত আরেক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল ওবামার। এতে বিশ্বের ৬০টি দেশের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা।
ওবামার নিবন্ধ: লস অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকায় একটি নিবন্ধ লিখেছেন প্রেসিডেন্ট ওবামা। এতে তিনি বলেছেন, আইএসের মতো জঙ্গিগোষ্ঠীগুলো লোকজনের ক্ষোভকে কাজে লাগায়। মানুষ যখন মনে করে, অবিচার ও দুর্নীতির কারণে নিজেদের জীবনমান উন্নত করার আর কোনো সুযোগ নেই, তখনই তাদের মধ্যে ক্ষোভ জন্মে। ওবামা লিখেছেন, ‘যেসব সরকার মানবাধিকারকে অস্বীকার করে, তারা সন্ত্রাসীদের হাত নিয়ে খেলা করে। বিশ্বকে আজকের তরুণদের সামনে ভালো কিছু উপস্থাপন করতে হবে।’