লন্ডনে আন্তর্জাতিক বাংলা আবৃত্তি উৎসব

১৯৫২ থেকে ১৯৭১। দীর্ঘ দু দশকের পরিক্রমা। বায়ান্ন সালে মাতৃভাষা রক্ষার জন্য যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের মধ্যেই নিহিত ছিল বাঙালি জাতীয়তার ভিত। এই আন্দোলনই বাঙালির মননে স্বাধীনতার চেতনাটি প্রবিষ্ট করে। স্বপ্ন দেখায় জাতিরাষ্ট্র বিনির্মাণের। সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অসংখ্য শহীদের রক্তে রঞ্জিত হয় বাংলার রাজপথ। ছয় দফা, উনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ভাষা আন্দোলনই জুগিয়েছে অনুপ্রেরণা। মাতৃভাষা ও মাতৃভূমি রক্ষার সুদীর্ঘ আন্দোলনের কথকতা দিয়েই সাজানো হয়েছিল ‘জাগরণের পঙ্ক্তিমালা’ শীর্ষক আন্তর্জাতিক আবৃত্তি উৎসব। লন্ডনে প্রথমবারের মতো আন্তর্জাতিক আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর।
আয়োজক সংগঠন ছান্দসিকের প্রতিষ্ঠাতা মুনিরা পারভীনের কণ্ঠে যখন দলীয় পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারের হল ভর্তি দর্শক শুরুতেই ইতিহাস থেকে এমন বয়ান শুনে দেশাত্মবোধের চেতনায় উজ্জীবিত হয়ে ওঠে। ছান্দসিকের অনবদ্য এই পরিবেশনায় নিখুঁতভাবে চিত্রিত হয় জাতিরাষ্ট্র বিনির্মাণের ইতিহাস।
‘ছন্দপ্রভা ছড়িয়ে পড়ুক বিশ্বপ্রাণে’ স্লোগানকে সামনে রেখে ২০০৮ সালে প্রতিষ্ঠিত আবৃত্তি সংগঠন ছান্দসিকের আয়োজনে এ আবৃত্তি উৎসব মুগ্ধ করেছে সবাইকে। কবিতার মতোই ছন্দময় ছিল উৎসবের উদ্বোধনী পর্ব। প্রদীপ প্রজ্বালন করে, বেলি ফুল দিয়ে তৈরি ফিতে কেটে, ব্রিটেনের আকাশে নানা রঙের বেলুন উড়িয়ে অতিথিরা উদ্বোধন করেন উৎসবের। উদ্বোধক ছিলেন একুশের গানের রচয়িতা প্রখ্যাত সাংবাদিক অবদুল গাফফার চৌধুরী। অসুস্থ থাকায় হাসপাতালের বেড থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন তিনি। তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় উৎসব।
মূল মঞ্চে আলোচনা পর্বে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক সুলতান মোহাম্মদ শরীফ, মুক্তিযোদ্ধা খলিল কাজী এমবিই, লোকমান হোসেন ও বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল সেক্রেটারি এস এম জাকারিয়া হক এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ রাখেন গুরুত্বপূর্ণ বক্তব্য। এ পর্বে ছান্দসিক সম্মাননা দেওয়া হয় যুক্তরাজ্যের আবৃত্তি শিল্পী উদয় শংকর দাশ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, কলকাতার জনপ্রিয় বাচিক শিল্পী মুনমুন মুখার্জি ও সুজাতা চৌধুরীকে। তাঁদের প্রত্যেককেই দেওয়া হয় ক্রেস্ট।
বরণ করা হয় উত্তরীয় পরিয়ে। এর পরপরই উৎসব উপলক্ষে অনুষ্ঠিত চতুর্থ প্রজন্মের শিশুদের আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। ‘ক’ বিভাগে বিজয়ী তাজরিয়ান রহমান, সায়ন রায়, জেমিনা চৌধুরী এবং ‘খ’ বিভাগে বিজয়ী নাশিতা নূর, শুভাঙ্গি দাম ও আফরা খন্দকারের হাতে পুরস্কারের পাশাপাশি তুলে দেওয়া হয় একটি করে সনদ। বিজয়ীদের মধ্য থেকে তিন শিশুশিল্পী আবৃত্তি করে তিনটি কবিতা। আবৃত্তির সূচনায় ইথিওপিয়ার নাগরিক মেসফিন ওলডে যখন তাঁর মতো করে আবৃত্তি করেন বাংলাদেশের জাতীয় সংগীত, তখন সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি সম্মান জানান। এতে কণ্ঠ মেলান সবাই।

বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি বিলেতের প্রায় সব আবৃত্তি শিল্পীর উপস্থিতিতে মেলা হয়ে উঠেছিল প্রাণবন্ত। মুনমুন মুখার্জি, সুজাতা চৌধুরী ও আহকাম উল্লাহের একক আবৃত্তি ছিল মনে রাখার মতো। সুজাতা চৌধুরী উনিশ ও একুশকে একই সূত্রে গেঁথে নিজের লেখা কবিতা দিয়ে শুরু করেন উপস্থাপনা। একে একে আবৃত্তি করেন, ধীরেন্দ্র চন্দ্র চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, জয় গোস্বামী ও সব্যসাচী দেবের কবিতা। মুনমুন মুখার্জি শুরু করেন দেশভাগের কবিতা দিয়ে। শিশুদের জন্য আবৃত্তি করেন তিনি রবীন্দ্রনাথে ‘বীর পুরুষ’ কবিতাটি। পাশাপাশি তাঁর জনপ্রিয় কবিতাগুলো আবৃত্তি করে শোনান শ্রোতাদের। ‘ভালোবাসি’ কবিতাটি আবৃত্তির সময় তাঁর সঙ্গে কণ্ঠ মেলান অনেকেই।
বিলেতের আবৃত্তি শিল্পীরাও নিজেদের উপস্থাপনায় দেখিয়েছেন পারঙ্গমতা। উদয় শংকর দাশ, তানজীনা নূর ই সিদ্দিকী, সৈয়দ রুম্মান, সোমা দাশ, মিছবাহ জামাল, মহুয়া চৌধুরী, মঈনুল হোসেন, সুস্মিতা সাবরিনা, জেবতিক রাজীব, আনোয়ারুল হক, হাসিনা আক্তার, ফকরুল আম্বিয়া, পপি শাহনাজ, রাজ দাশ, সোমাভা বিশ্বাস, বুলবুল হাসান, সাঈদা সায়মা আহমেদ, লুৎফুন নাহার বেবী, সতত সুপ্রিয় রায়, নজরুল ইসলাম, রওশন সিমি, প্রিয় জ্যোতি বাবু, তাহেরা চৌধুরী, স্মৃতি আজাদ, ফয়জুল ইসলাম ফয়েজ নূর, শহীদুল ইসলাম, উর্মি মাজহার, সমর সাহা, আরফুমান চৌধুরী, শতরূপা চৌধুরী, জিয়াউর রহমান, রিজওয়ান মারুফদের উপস্থাপনায় ছিল মা, মাটি, প্রেম, দ্রোহ ও ভালোবাসার কথা। মুনিরা পারভীনের কণ্ঠে বীরাঙ্গনা প্রভারাণীর অশ্রুত আখ্যান শুনে কেঁদেছেন সবাই।
আবৃত্তি পর্বের ইতি ঘটে আহকাম উল্লাহর উপস্থাপনার মধ্য দিয়ে। অনেকগুলো কবিতার সমন্বয়ে একটি কোলাজ করেন তিনি। মূলত মুক্তিসংগ্রামের ইতিহাসই বিবৃত হয়েছে এতে। ব্রিটেনের বুকে যেন তখন জেগে ওঠে একখণ্ড বাংলাদেশ। তাঁর পরই মুনিরা পারভীন আসেন মঞ্চে। তাঁর নেতৃত্ব দক্ষতাই প্রতিভাত হয় শেষ অভিবাসনে। উৎসবের উদ্দেশ্য, অংশগ্রহণকারী, সহায়তাকারী ও সাংবাদিকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ উৎসবে আবৃত্তিপ্রেমিরা উপভোগ করেন বাচিক শিল্পীদের উপস্থাপনা। বিষয়টি মুগ্ধ করেছে মুনমুন মুখার্জিকে। সময়ের অন্যতম জনপ্রিয় এই বাচিক শিল্পীর ভাষায়, ‘এর পুরো কৃতিত্বটাই মুনিরা পারভীনের।’ তিনি বললেন, ‘দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখা চাট্টিখানি কথা নয়, তাও বিলেতের মতো জায়গায়। নেতৃত্ব গুনেই সেটা সম্ভব হয়েছে। আবৃত্তি শিল্পের প্রতি মুনিরা আপার এই নিবেদন আমাকে মুগ্ধ করেছে।’ তিনি এই উৎসবকে ঐতিহাসিক যাত্রা আখ্যায়িত করে বলেন, ‘প্রথম আয়োজনেই নির্ধারিত হয়েছে উৎসবের ভবিষ্যৎ।’
শুধু অনুষ্ঠান স্থলেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ছান্দসিক বন্দনা। আয়োজক সংগঠন ও উৎসব উদ্যোক্তার প্রশংসায় পঞ্চমুখ সবাই। ব্রিটেনে প্রথমবারের মতো এই আয়োজন করে শুধু ইতিহাসই স্থাপন করেননি মুনিরা পারভীন, ছান্দসিককেও আসীন করেছেন অনন্য উচ্চতায়। এখন থেকে নিয়মিতই এই উৎসব আয়োজন করবে ছান্দসিক।