লরিতে করে পাচার হচ্ছিল ২০০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর তামাউলিপাস অঙ্গরাজ্যে একটি লরি থেকে নারী, পুরুষ, শিশুসহ প্রায় ২০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। তামাউলিপাস অঙ্গরাজ্যটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সীমান্তের দক্ষিণে। 

কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, তারা গুয়েতেমালা, হন্ডুরাস ও এল সালভাদর থেকে আসছিল। তাদের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। এ ঘটনায় পাচারকারী সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মেক্সিকোর পুলিশ জানায়, পুলিশের তল্লাশিচৌকিতে লরিটিকে থামানো হয়। স্ক্যান করার সময় ধরা পড়ে এর ভেতরে লোকজন লুকিয়ে আছে। তাদের খাবার ও পানি ছিল না। এমনকি সেখানে ঠিকমতো বাতাসও চলাচল করছিল না।

গত মাসে মধ্য আমেরিকার ১৭০ জনের বেশি অবৈধ বাসিন্দাকে কাওইলা ও তামাউলিপাস অঙ্গরাজ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গুয়েতেমালা, হন্ডুরাস ও এল সালভাদর থেকে যুক্তরাষ্ট্রে বেশি অবৈধ অভিবাসী পাচার হয়ে থাকে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে বদ্ধপরিকর। বিশেষ করে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের করার ঘোষণা তিনি নির্বাচনের আগে থেকেই দিয়ে আসছেন।