লর্ড অ্যান্ড টেইলর ভবনে হচ্ছে উইওয়ার্ক সদর দপ্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুচরা বাজার হিসেবে নিউইয়র্ক শহরের ফিফথ ম্যানহাটন অ্যাভিনিউয়ের লর্ড অ্যান্ড টেইলর ভবনের দ্বার উন্মুক্ত হয়েছিল আজ থেকে শতবর্ষ আগে। ৬ লাখ ৭৬ হাজার বর্গফুটের এ ভবনকে বাণিজ্য মন্দির হিসেবে বিশেষভাবে নকশা করা হয়েছিল। এক দশক আগে এ ঐতিহ্যবাহী বাণিজ্যকেন্দ্রটিকে নিউইয়র্ক শহরের অন্যতম মাইলফলক স্থাপনা হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু এখন সে ঐতিহ্যের দরজা বন্ধ হতে চলেছে। খুচরা বাজারের জন্য বিখ্যাত এ ভবনে এখন স্থাপন হতে যাচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীকে কার্যালয় স্থাপনের সেবাদাতা প্রতিষ্ঠান উইওয়ার্কের সদর দপ্তর। 

নিউইয়র্কের সবচেয়ে পুরোনো ও অভিজাত খুচরা বাজার লর্ড অ্যান্ড টেইলর ভবনের মালিকানা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে এর পরিচালনাকারী প্রতিষ্ঠান হাডসন’স বে। ২৪ অক্টোবর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে লর্ড অ্যান্ড টেইলর ভবনটিতে উইওয়ার্কের সদর দপ্তর স্থাপনের বিষয়টি নিশ্চিত করা হয়।
ঐতিহ্যবাহী এ ভবনের মাত্র এক-চতুর্থাংশ এখন খুচরা পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবে। বাকি তিন-চতুর্থাংশই নিয়ে নিয়েছে উইওয়ার্ক। প্রতিষ্ঠানটি এখানে বৈশ্বিক সদর দপ্তর স্থাপন করবে। এ ছাড়া ভবনটিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে কার্যালয় স্থাপনের ব্যবস্থাও করে দেবে সাত বছর আগে যাত্রা করা এ প্রতিষ্ঠান। এ জন্য আগামী বছর বড়দিনের পর ভবনটির সংস্কার কার্যক্রম শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
লর্ড অ্যান্ড টেইলর ও হাডসন’স বে’র পক্ষ থেকে জানানো হয়েছে, ইতালীয় রেনেসাঁর স্থাপত্যশৈলীতে নির্মিত এ ভবনটি উইওয়ার্ক ৮৫০ মিলিয়ন ডলারের বিনিময়ে কিনেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়ের জন্য পুরোনো স্থাপত্যরীতির এ ভবনের দাম দিন দিন বাড়ছে, যা খুচরা পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ভাড়া দিয়ে পাওয়া সম্ভব নয়। এখন অনলাইনে পণ্য ক্রয় সেবাদাতা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে। তারা প্রথাগত খুচরা ব্যবসায়ীদের মতো নয়। তারা প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করছে, যা নতুন ধরনের। গুটিকয় বড় বড় শহরই শুধু এসব কোম্পানির ব্যবসা সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্র হয়ে উঠেছে।
লর্ড অ্যান্ড টেইলরের বিশালত্ব সম্পর্কে কলাম্বিয়া বিজনেস স্কুলের রিটেইল স্টাডিজের পরিচালক মার্ক এ কোহেন নিউইয়র্ক টাইমসকে বলেন, ডিপার্টমেন্ট স্টোরটি শুধু ডাইনোসরের সঙ্গেই তুলনীয়। এখন এর হাতবদলের সময় এসেছে।
ই-কমার্সের এ যুগে অনেক আগে থেকেই তাল মেলাতে ব্যর্থ হচ্ছিল লর্ড অ্যান্ড টেইলর। আর নতুন অর্থনীতির এ ধারাকেই কাজে লাগিয়েছে উইওয়ার্ক, নতুন প্রজন্ম ও তাদের প্রতিষ্ঠানকে ব্যবসা পরিচালনার জন্য তুলনামূলক নমনীয় ক্ষেত্র দেওয়ার মধ্য দিয়ে। গ্রাফিক ডিজাইনারদের মতো ব্যক্তি উদ্যোগ কিংবা প্রতিষ্ঠানকে নিজেদের প্রয়োজন ও সুবিধা মতো কার্যালয়ের আকার বেছে নেওয়ার সুযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ভাড়ার মেয়াদের ক্ষেত্রেও নমনীয় অবস্থান নিয়েছে উইওয়ার্ক। গ্রাহকদের জন্য উইওয়ার্কের অফারের নমনীয়তা বুঝতে তাদের নীতিবাক্য ‘শুধু যাপন নয়, জীবনই নির্মাণ করুন’-এর দিকে তাকালেই চলে।
২০১০ সালে নিউইয়র্কের মাত্র দুটি অঞ্চলে কার্যক্রম শুরু করেছিল উইওয়ার্ক। বর্তমানে বিশ্বের ৫২টি শহরের ১৬০টি অঞ্চলে এর কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি বিভিন্ন শহরের অভিজাত এলাকাগুলোয় ব্যবসা সম্প্রসারণের দিকে মনোযোগ দেয় প্রতিষ্ঠানটি। এরই মধ্যে বেশ কিছু সাফল্য এলেও তারা সবচেয়ে বড় সাফল্যের মুখ দেখেছে লর্ড অ্যান্ড টেইলরে এসে।
শুধু লর্ড অ্যান্ড টেইলরই নয় ই-কমার্সের এ যুগে অনেক ঐতিহ্যবাহী খুচরা ব্যবসাকেন্দ্রই নিজেদের বদলে নিতে বাধ্য হয়েছে। কোথাও গড়ে উঠেছে টেক সিটি, কোথাও অত্যাধুনিক জিম, আবার কোথাও সিনেমা হল। বহু পুরোনো খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান তাদের নামের সঙ্গে অবিচ্ছেদ্য হয়ে ওঠা বিক্রয়কেন্দ্রগুলো ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। যদিও ই-কমার্সের বাড়বাড়ন্তের এ সময়েও অধিকাংশ মানুষই এখনো এ ধরনের বিক্রয়কেন্দ্র থেকেই নিত্যকার বাজার করতে বেশি আগ্রহী।
এ বিষয়ে ব্যবসায়িক চুক্তি সম্পাদনে মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত পিটার জে সলোমন নিউইয়র্ক টাইমসকে বলেন, গত ২৫ বছর ধরেই লর্ড অ্যান্ড টেইলর কঠিন সময় পার করছে। কিন্তু এখনো খুচরা বাজারের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিত্তশালী তরুণদের সবাই অ্যামাজনে ছুটছে না, এটা আমাদের মনে রাখতে হবে।
অভিজাত খুচরা বাজার হিসেবে লর্ড অ্যান্ড টেইলরের যাত্রা শুরু হয় ১৮২৬ সালে। আর ১৯১৪ সালে এটি ফিফথ ম্যানহাটন অ্যাভিনিউয়ের রাজকীয় ভবনটিতে স্থানান্তরিত হয়। এই বছরের ফেব্রুয়ারিতে ভবনটি উদ্বোধনের সময় ৭৫ হাজার মানুষ সমবেত হয়েছিল।
সে সময় থেকে আজ পর্যন্ত নিউইয়র্ক ঘুরতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রে রয়েছে ভবনটি। ২০০৬ সালে ভবনটির মালিকানা কিনে নেন সাবেক সেনা কর্মকর্তা রিচার্ড বেকার। এক ছাদের নিচে তিনি জায়গা করে দেন বিশ্বের স্বনামধন্য ও বড় বড় সব কোম্পানিকে। আর এসবই হয়েছে হাডসন’স বে কোম্পানির ব্যানারে, যে কোম্পানি এখন এ ঐতিহ্যবাহী বাজারের সমাপ্তি ঘোষণা করেছে।