লস অ্যাঞ্জেলসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অস্থায়ী ভাবে নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ছবি: প্রথম আলো
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অস্থায়ী ভাবে নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ছবি: প্রথম আলো

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। স্থানীয় সময় গত সোমবার ১২টা ১ মিনিটে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ।

কনস্যুলেটের কাউন্সিলর (বাণিজ্য) আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ডেপুটি কনসাল জেনারেল কাজী আনার কলি। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর (বাণিজ্য) আল মামুন। পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দ্বিতীয় সচিব সুদীপ্ত আলম।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশারফ হোসেন। সমাপনী বক্তব্য রাখেন কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা।

এদিকে শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে অমর একুশ ফেব্রুয়ারি পালিত হয়েছে। সেখানে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রবাসী শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুষ্পার্ঘ্য অর্পণ। পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্থানীয় মুক্তিযোদ্ধা, বেঙ্গল আমেরিকান হিন্দু সোসাইটি, বাংলাদেশ একাডেমি, রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যালিফোর্নিয়া ও বাংলাদেশ আওয়ামী লীগ-ক্যালিফোর্নিয়া শাখা।

লস অ্যাঞ্জেলসের প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে লিটল বাংলাদেশস্থ হাবার্ড কলেজ মিলনায়তনে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। লস অ্যাঞ্জেলস প্রবাসী সংগঠন ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ অব লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ-ক্যালিফোর্নিয়া স্টেট শাখা, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-ক্যালিফোর্নিয়া স্টেট শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া, উত্তরণ শিল্পী গোষ্ঠী, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া, ফ্রেন্ডস ক্লাব অব লস অ্যাঞ্জেলস, বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক পার্টি অব ক্যালিফোর্নিয়া, বৈশাখী মেলা লস অ্যাঞ্জেলস, বিক্রমপুর সমিতি, প্রবাসে আওয়ামী লীগ, বৃহত্তর খুলনা সমিতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলস (বালা), বাংলার বিজয় বহর, বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটি, মানিকগঞ্জ সমিতি, ভাসানি ফাউন্ডেশন, ওসমানী স্মৃতি সংসদ, স্বরাজ ব্যান্ড, দৈনিক জাগরণসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের আগে সন্ধ্যা থেকে এখানে চলতে থাকে ভাষা শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান। শাহনাজ বুলবুলের নেতৃত্বে সমবেত শিল্পীদের কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সামিহা রহমান ‘একুশের প্রেক্ষাপট’ শীর্ষক স্বরচিত প্রবন্ধ পাঠ করে শোনান। সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজান শাহিনের পরিচালনায় পরিবেশিত হয় গীতিআলেখ্য ‘একুশ এবং আমার ভাষা’। সাইফুল আলম চৌধুরীর গ্রন্থনায় গীতি আলেখ্যটির ধারা বর্ণনায় ছিলেন সাইফুল আলম চৌধুরী, শিউলি মিজান ও সৈয়দ নাসিরুদ্দিন জেবুল। সংগীত পরিবেশন করেন শাহনাজ বুলবুল, উপমা সাহা মজুমদার, সোনিয়া বড়ুয়া, আদনান খান, মাহতাব আজমি, রাশা ও তাবাসসুম।

এ ছাড়া পরদেশ রেস্টুরেন্টের সামনেও বেশ কয়েকটি সংগঠন অস্থায়ী ভাবে নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।