লস অ্যাঞ্জেলসের হাইস্কুলে বন্দুকধারীর গুলি, আহত ৭

লস অ্যাঞ্জেলস কাউন্টির সান্তা ক্লারিটা এলাকার সাওগাস হাইস্কুলে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় হাইস্কুলসহ ওই এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়, ১৪ নভেম্বর ক্যালিফোর্নিয়া সময় সকালের দিকে এই ঘটনা ঘটে। বন্দুকধারীকে গ্রেপ্তারে ওই এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
লস অ্যাঞ্জেলস কাউন্টির শেরিফ বিভাগ এক টুইট বার্তায় জানিয়েছে, সাওগাস হাইস্কুলে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্তত সাতজন আহত হয়েছেন। সন্দেহভাজন ওই বন্দুকধারী এশিয়ান পুরুষ। তার পরনে কালো পোশাক ছিল।
লস অ্যাঞ্জেলস কাউন্টির ফায়ার ডিপার্টমেন্টের একটি সূত্র জানিয়েছে, গুলিতে অন্তত সাতজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আহতদের অবস্থা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সশস্ত্র সদস্যরা বিষয়টি তদন্তে ঘটনাস্থলের দিকে যাচ্ছে। বর্তমানে সবাইকে ওই এলাকা ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ফায়ার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাতটা ৪০ মিনিটে একজন চিকিৎসক ফোনে বন্দুকধারীর গুলি আহত এক ব্যক্তির খবর জেনেছেন। ওই ব্যক্তির পেটে গুলি লেগেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, একটি ভিডিওচিত্রে আহত এক ব্যক্তিকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া দেখা গেছে। অতিরিক্ত সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সান্তা ক্লারিটা এলিমেন্টারি স্কুল, সেকো ক্যানিয়ন রোড ও ডেকোরো ডিআরের আবাসিক এলাকায় তল্লাশি চালাচ্ছে।