লস অ্যাঞ্জেলেসে বন্দুকধারীর গুলিতে বাবা-ভাইসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। বাড়িতে বাবা ও ভাইকে গুলি করে হত্যার পর পাম্প স্টেশন ও বাসে আরও দুজনকে হত্যা করেন বন্দুকধারী। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। ১২ ঘণ্টা ধরে তিন জায়গায় তাণ্ডব চালিয়ে হতাহতের এ ঘটনা ঘটান বন্দুকধারী। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। তবে হতাহত ব্যক্তিদের নাম প্রকাশ করেনি পুলিশ।
আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সন্দেহভাজন বন্দুকধারীর নাম জেরি জারাগোজা (২৬)। গত বুধবার মধ্যরাত থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১২ ঘণ্টা ধরে হত্যাযজ্ঞ চালান বন্দুকধারী।
পুলিশ জানায়, স্থানীয় সময় গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে লস অ্যাঞ্জেলেসের কানোগা পার্ক এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে গুলিবর্ষণের ঘটনার সূত্রপাত। অ্যাপার্টমেন্টটিতে মা–বাবার সঙ্গে থাকতেন গ্রেপ্তার জেরি জারাগোজা। তাঁর গুলিতে বাবা ও ভাই নিহত হন। আহত হন মা। এর ৪৫ মিনিট পর হলিউডের উত্তরে একটি পাম্প স্টেশনের কর্মী পরিচিত এক নারীকে গুলি করে হত্যা করেন। ওই নারীর সঙ্গে গেরির সম্পর্ক কী ছিল, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় কোনো কোনো গণমাধ্যমে ওই নারীকে গেরির সাবেক প্রেমিকা বলা হয়েছে। আবার কোনো কোনো গণমাধ্যমে ওই নারীকে পরিচিত বলা হয়েছে। ওই সময় গেরি পাম্প স্টেশনের আরেক কর্মীকে পাঁচবার গুলি করেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। এরপর সকাল পৌনে আটটায় একটি এটিএম বুথ লুট করার চেষ্টা করেন তিনি। সবশেষ বেলা একটায় গেরি ভ্যান নাইসে বাসে উঠে নির্বিচারে গুলি করেন। ওই সময় এক ব্যক্তি নিহত হন।
বেলা দুইটার দিকে কানোগা পার্ক এলাকায় পুলিশ গেরিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, হত্যার উদ্দেশ্য সম্পর্কে তারা এখনো জানতে পারেনি। জেরি এখন পুলিশ হেফাজতে।