লস অ্যাঞ্জেলেসে শেষ হলো তিন দিনব্যাপী শেখ কামাল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী মঞ্চে অতিথিরা।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী মঞ্চে অতিথিরা।

স্বাধীন বাংলাদেশের মেধাবী ক্রীড়া সংগঠক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের স্মরণে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হলো তৃতীয় শেখ কামাল ইউএসএ ওয়েস্ট রিজওনাল টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। তিন দিনব্যাপী এ আসর শেষ হয় ২ সেপ্টেম্বর।

ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবি আলমের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্ট আয়োজন করে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। ভেন নাইস সিটির উডলি পার্কের ক্রিকেট গ্রাউন্ডে লেবার ডে উইকেন্ডে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের আটটি দল, যেখানে ছিলেন আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটারও।

তিন দিনব্যাপী এ আসরের ফাইনালে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৩০ রান করে। ১৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯ ওভার ১ বলে ১২৬ রান করে অলআউট হয়ে যায় নর্দার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। চ্যাম্পিয়ন হয় সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি আম্পায়ার নাদীর শাহ।

গত ৩১ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধন করেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়া উদ্দিন। লেবার ডের লম্বা ছুটিতে প্রবাসীরা ফাইনাল ম্যাচটি উপভোগ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, লস অ্যাঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশি কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাজ্জাদুল আলম, আমেরিকা ক্রিকেট বোর্ডের সভাপতি অতুল রায় ও সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহের গান্ধী।