লস্ট অ্যান্ড ফাউন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকজন প্রায়ই ট্যাক্সিতে এটা-ওটা ফেলে যায়। যেমন, সেলফোন, মানিব্যাগ, হাতমোজা, ক্যাপ, ল্যাপটপ কম্পিউটার, বাচ্চাদের খেলনা, গাঁজার পুরিয়া, কোকেনের ছোট্ট প্যাকেট; কত কী। তবে সবচেয়ে বেশি ফেলে যায় ছাতা। আমার সংগ্রহে অনেকগুলো ছাতা আছে। ইলেকট্রনিকস জিনিসপত্র ফেরত দেওয়া যায়। ফোনের মালিক কল করলে আমরা ফোন ফেরত দিয়ে আসি। দুবার কম্পিউটার পেয়েছিলাম; সেগুলোও ফেরত দিয়েছি। হারানো মালপত্র ফেরত পেলে লোকজন খুশি হয়ে ভালো বকশিশ দেয়। কিন্তু ছাতা? ছাতা ফেরত দেব কীভাবে? ছাতায় তো আর কেউ নিজের নাম লিখে রাখে না। একবার এক প্যাসেঞ্জার বারবেরি ব্রুট (ডিজাইনার ছাতা) ছাতা ফেলে গিয়েছিল। আমি বিকেলবেলা কাজ শেষে সেই ছাতা নিয়ে বাসায় ফিরেছি। বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে আমার শ্যালিকা চোখ বড় করে বলল, ‘ভাইয়া তুমি এই ছাতা পেলে কোথায়?’ তাকে বললাম, ‘কেউ একজন গাড়িতে ফেলে গেছে।’ সে বলল, ‘তুমি এই ছাতার দাম জানো?’
আমি জানি না; জানার কথাও না। তা ছাড়া আমি কোনো ছাতা বিশেষজ্ঞ নই। আমার কাছে বাংলাদেশের ইদ্রিস ছাতা যা, বারবেরি ব্রুটের অতি মূল্যবান ছাতাও তা। তবে সেই ছাতার দাম জেনে সেদিন আমি চমকে উঠেছিলাম। প্রিয় পাঠক, সেই মহামূল্যবান ছাতার দাম ছিল দু শ নব্বই ডলার। এর কোনো মানে হয়? ছাতার দাম ২৯০ ডলার হবে কেন? এর হাতল কি স্বর্ণ দিয়ে বানানো?
যা হোক, এই জীবনে আমি আমার আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের প্রচুর ছাতা উপহার দিয়েছি। তবে সেই ছাতাটি আমার শ্যালিকা নিয়ে গেছে। একবার এক লোক তাঁর মানিব্যাগ ফেলে গেল। লোকজন পেছনের সিটে কী ফেলে যাচ্ছে সেটা জানা আমাদের পক্ষে মোটামুটি অসম্ভব। নিরাপত্তাজনিত কারণে ট্যাক্সিতে পার্টিশন থাকে। নিজেকে তখন মনে হয় কবুতরের খুপরির মধ্যে বসে আছি; পার্থক্য শুধু এই খুপরির সামনে, ডানে-বামে জানালা আছে। ড্রাইভিং সিট থেকে পেছনের সিট বা গাড়ির মেঝের কিছুই দেখা যায় না। আর আমরা যারা ট্যাক্সি চালাই, সাধারণত কাজ শেষ করেই পেছনের সিট পরিষ্কার করি। এর আগে কে কী ফেলে যাচ্ছে সেটা জানার সুযোগ কম। ধরুন আপনি ম্যানহাটনে একটা ট্যাক্সিতে উঠেছেন। ট্যাক্সি আপনাকে আপনার গন্তব্যে নামিয়ে দিয়েছে। নামার সময় অসাবধানে আপনি মানিব্যাগটি ট্যাক্সিতে ভুলে ফেলে গেলেন। আপনি নামার পর অন্য কেউ সেই ট্যাক্সিতে উঠল। এখন সে যদি ভালোমানুষ হয়, তাহলে সিটে পড়ে থাকা মানিব্যাগটি ট্যাক্সি ড্রাইভারের কাছে দেবে। সেই ড্রাইভার যদি সৎ হয়, তাহলে মানিব্যাগ পাওয়ার সম্ভাবনা শতভাগ। কিন্তু প্যাসেঞ্জার যদি নিজেই সেই মানিব্যাগটি পকেটস্থ করে, তাহলে ড্রাইভারের সেটা জানার কথা না।
এক ভোরবেলা আমার ট্যাক্সিতে এক বুড়ো মহিলা উঠেছেন। ফিফথ অ্যাভিনিউয়ের ধনাঢ্য মহিলা। এই ভোরেও তাঁর সাজসজ্জা চোখে পড়ার মতো। তাঁর গা থেকে দামি সেন্টের সুবাস আসছে। মনে হচ্ছে তিনি পুরো এক বোতল সেন্ট গায়ে ঢেলেছেন। মহিলা গাড়িতে উঠেই সেফটি পার্টিশনে টোকা দিয়ে বললেন, ড্রাইভার, কেউ তোমার গাড়িতে মানিব্যাগ ফেলে গেছে। এই বলে মানিব্যাগটি আমার দিকে এগিয়ে দিলেন। আমি মানিব্যাগ হাতে নিলাম। এ দেশে সবারই আইডি আছে। পেটমোটা কালো রঙের চামড়ার বিশাল মানিব্যাগটিতে নানা ধরনের আইডি। মানিব্যাগে লোকটির ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেল। আরও পেলাম বন্দুকের লাইসেন্স, প্রাইভেট পাইলট লাইসেন্স, ফিশিং পারমিট, হান্টিং পারমিটসহ নগদ পঞ্চাশ ডলার ও একটি ভিজিটিং কার্ড। ড্রাইভিং লাইসেন্স দেখে লোকটিকে চিনলাম। তাঁকে কিছুক্ষণ আগে অন্য এক জায়গায় নামিয়েছি; ড্রাইভিং লাইসেন্সে তাঁর ঠিকানা আছে। ওই ঠিকানায় পাঠিয়ে দিলেই মামলা ডিসমিস। একবার নেদারল্যান্ডসের এক লোক তাঁর মানিব্যাগ ফেলে গিয়েছিল। নিজের গাঁটের ২২ ডলার খরচ করে সেই মানিব্যাগও তাঁর কাছে ফেরত পাঠিয়েছি। উপহারস্বরূপ তিনি আমাকে ফেডারেল এক্সপ্রেসে বিশাল এক পনির পাঠিয়েছিল। পনিরের নাম ‘অ্যাডাম চিজ’। পনিরের আকৃতি দেখে আমি বিস্মিত হয়েছিলাম। আমাদের দেশের পনিরের প্রায় চার গুণ। অতি অখাদ্য সে পনির আমি খেতে পারিনি। আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ পনির হচ্ছে আমাদের দেশি পনির, যার ধারেকাছে অন্য কোনো পনির আসবে না।
যা হোক, মূল গল্পে ফেরা যাক। মানিব্যাগে যে ভিজিটিং কার্ড পেলাম, তাতে অন্য কারও নাম লেখা ছিল। তাঁকে ফোন করলাম। প্রথমে সে কিছুই বুঝল না। অনেক কষ্টে তাঁকে পুরো বিষয়টি বুঝিয়ে বললাম। এবার সে বুঝল। সে আমার ফোন নম্বর রেখে ফোন ছেড়ে দিল। ফোন ছাড়ার কিছুক্ষণ পরই মানিব্যাগ মালিকের ফোন। প্রতিটি বাক্যে বলার সঙ্গে সঙ্গে তিনি আমাকে তিনবার করে ধন্যবাদ জানাচ্ছেন। তাঁকে বললাম, ‘দেখ, তোমার মানিব্যাগ আমি খুঁজে পাইনি। গাড়ির আরেক প্যাসেঞ্জার পেয়েছে। মানিব্যাগের টাকাপয়সা খোয়া গেলে আমাকে কিছু বলতে পারবে না।’ সে হেসে বলল, ‘আমার মানিব্যাগে কোনো টাকা পয়সা ছিল না।’ যা হোক তাঁকে সেদিন তাঁর মানিব্যাগ ফেরত দিয়েছিলাম। তিনি আমাকে এক শ ডলার দিয়েছিলেন। বাংলাদেশি এক ট্যাক্সি ড্রাইভার একবার নগদ চৌদ্দ হাজার ডলার তাঁর ট্যাক্সিতে পেয়েছিলেন। তিনি সেই টাকা প্রায় পঞ্চাশ মাইল গাড়ি চালিয়ে মালিককে ফেরত দেন। আরেকজন পেয়েছিলেন ছোট্ট এক বাক্স হিরা এবং তিনি তাঁর মালিককে সেই হিরা ফেরত দিয়েছিলেন।
এখন আপনাদের যে গল্প শোনাতে যাচ্ছি সেটা মানিব্যাগ বিষয়ক। চলুন গল্পে ঢুকে পড়া যাক—
ভোর 8টা। জানুয়ারি মাস। এই সময়টাতে নিউইয়র্কে প্রচণ্ড শীত পড়ে। তাপমাত্রা থাকে শূন্যের কোঠায়। আমি জন এফ কেনেডি বিমানবন্দরের ট্যাক্সি হোল্ডে দাঁড়িয়ে প্লেনের ওঠানামা দেখছি, আর শীতে ঠকঠক করে কাঁপছি; অথচ এতটা শীত লাগার কথা নয়। আমার মাথায় উলের টুপি, হাতে গ্লাভস, গলায় মাফলার, গায়ে ভারী জ্যাকেট, পুরু কাপড়ের প্যান্ট; তারপরও প্রচণ্ড ঠান্ডা লাগছে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরালাম। শরীরের অভ্যন্তরীণ কলকবজা উষ্ণ রাখার প্রয়োজন আছে। আমি চাইলেই গাড়ির ভেতর বসে সিগারেট টানতে পারি। কিন্তু কেন যেন বসতে ইচ্ছে করছে না। দিনের বারো ঘণ্টা তো সেখানে বসেই কাটাই।
ট্যাক্সি হোল্ড হচ্ছে, যেখানে খালি ট্যাক্সিগুলো যাত্রীর জন্য অপেক্ষা করে। সেখানে ডিসপ্যাচারের অফিস, বাথরুম, ক্যানটিন—সবই আছে। এ ছাড়া বিশাল দুটো ঘর আছে, যেখানে অনেক ট্যাক্সি ড্রাইভার অবসর সময়ে তাস পেটায়, ক্যারাম খেলে, খাওয়াদাওয়া সারে। আমার ট্যাক্সিটি যেখানে পার্ক করা, সেখান থেকে ক্যানটিন, আর বাথরুমের দূরত্ব খুব বেশি না। চাইলেই ক্যানটিন থেকে এক কাপ কফি কিনে আনতে পারি। কিন্তু ইচ্ছে করছে না। কফি খেলেই ছোট বাথরুম পাবে। শীতের দিনে কোনো এক বিচিত্র কারণে ঘনঘন বাথরুম পায়। এই ভয়ে কফি কিনলাম না। গাড়িতে প্যাসেঞ্জার ওঠানোর পর বাথরুম পেলে বিরাট সমস্যা।
কিছুক্ষণ অপেক্ষার পর লক্ষ্য করলাম, আমি যে লাইনে ট্যাক্সি দাঁড় করিয়েছি, সেই লাইনের ট্যাক্সিগুলো চলতে শুরু করছে। অর্থাৎ, আমার অপেক্ষার পালা শেষ হয়েছে। মনটা ভালো হয়ে গেল। আজ বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। এমনও অনেক দিন গেছে, আমাকে এই ট্যাক্সি হোল্ডে দু-তিন ঘণ্টা কাটাতে হয়েছে। গাড়িতে উঠে বসলাম। ট্যাক্সি হোল্ডের গেটের মাথায় ছোট ছোট বুথ আছে। সেখানে ডিসপ্যাচাররা বসে থাকেন। বুথ পেরোনোর সময় হাতে হলুদ রঙের একটা কাগজ ধরিয়ে দেয়। সেই কাগজে টার্মিনালের নম্বর লেখা থাকে। সেই টার্মিনাল থেকেই প্যাসেঞ্জার ওঠাতে হয়। আমার ভাগ্যে পড়ল টার্মিনাল ওয়ান। কেনেডি বিমানবন্দরে মোট নয়টি টার্মিনাল আছে।
ট্যাক্সি নিয়ে টার্মিনালে পৌঁছাতে তিন-চার মিনিট সময় লাগল। এবার যাত্রীর জন্য অপেক্ষার পালা। টার্মিনালের মূল দরজা দিয়ে একে একে যাত্রীরা বের হচ্ছেন। দেখে মনে হলো মানুষগুলো ক্লান্ত। লম্বা বিমান ভ্রমণের কারণে তাঁদের চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। লক্ষ্য করলাম, বেশির ভাগই চ্যাপ্টা নাকের যাত্রী। উচ্চতা দেখে মনে হল জাপানিজ। জাপানিজরা সাধারণত লম্বা হয়, চীনারা হয় খাটো। তা ছাড়া ট্যাক্সি হোল্ডে অপেক্ষার সময় জাপান এয়ারলাইনসের প্লেনকে নামতে দেখেছি। যদিও এই টার্মিনালে এয়ার চায়নার প্লেনও নামে। জাপানিজরা ভালো বকশিশ দেয়। চাইনিজরা বকশিশ দেয় না; দিলেও তা না দেওয়ার মতোই। আমি গাড়ি থেকে বের হয়ে বাইরে দাঁড়ালাম। ট্যাক্সির পেছনের ট্রাঙ্কটা খুলে দিলাম। মনে মনে ভাবছি, কেমন যাত্রী পাব? ম্যানহাটনের হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ। ইস, যদি একটা নিউজার্সির বা লং আইল্যান্ডের যাত্রী পাই, কিংবা কানেকটিকাটের! এক ট্রিপেই কেল্লাফতে। ট্যাক্সি ব্যবসাটা আসলে অনেকটা লটারির মতো। কখন ভাগ্যে কেমন প্যাসেঞ্জার পড়বে, কেউ জানে না। তবে দীর্ঘদিন চালালে অনেক সময় আঁচ করা যায়। এই টার্মিনাল থেকে একবার আমি প্রায় চার শ ডলারের ট্রিপ পেয়েছিলাম। এসব আকাশ-পাতাল ভাবছি। ঠিক তখনই ডিসপ্যাচার আমার গাড়িতে চার জাপানিজকে উঠিয়ে দিল। চারজনের পরনেই স্যুট। সঙ্গে ছোট চারটি স্যুটকেস।
মালপত্র গাড়ির ট্রাঙ্কে ঢুকিয়ে তারা গাড়িতে উঠে বসল। তিনজন বসল পেছনের সিটে, আর একজন সামনে আমার পাশে। পেছনের সিটে বসা তিনজনেরই বয়স কম, ত্রিশ-পঁয়ত্রিশের বেশি হবে না। তবে সামনের লোকটি বয়স্ক। দেখে মনে হলো তিনিই টিম লিডার। পাশে বসা লোকটিকে জিজ্ঞেস করলাম, ‘কোথায় যাবে?’
তিনি পকেট থেকে কাগজ বের করে আমার দিকে বাড়িয়ে ধরলেন; মুখে কিছু বললেন না। হয়তো ভালো ইংরেজি বলতে পারেন না। কাগজে লেখা ৪০৫ ল্যাক্সিংটন অ্যাভিনিউ নিউইয়র্ক ১০১৭৪; বুঝলাম ক্রাইসলার বিল্ডিংয়ে যাবে।
ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টা বাজে। লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে প্রচুর ট্রাফিক। হভ (হাই অকুপেন্সি ভেহিকল লেন) লেনেও মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। গাড়ি এগোচ্ছে শম্বুকগতিতে। প্রায় দেড় ঘণ্টা পর তাঁদের ক্রাইসলার বিল্ডিংয়ে নামিয়ে দিলাম। ওই আমলে কেনেডি এয়ারপোর্ট থেকে ম্যানহাটনের ভাড়া ছিল ৩৫ ডলার, টোল ছিল চার ডলার। বুড়ো জাপানিজ লোকটি ৬০ ডলার দিয়ে গাড়ি থেকে নেমে গেলেন।
সারা দিন কাজ শেষে বিকেলবেলা পার্টনারকে তাঁর বাড়ি থেকে তুলতে গেছি। এখানে বলা দরকার, নিউইয়র্ক শহরে ট্যাক্সি ড্রাইভাররা দুই শিফটে কাজ করে। একজন দিনের শিফট; অন্যজন রাতের শিফট। আমার ট্যাক্সিটি রাতের শিফটে যে চালায়, সে আমার পুরোনো বন্ধু। তাঁর বাসার সামনে পৌঁছে হর্ন টিপতেই সে বের হয়ে এল। সে এখন আমাকে আমার বাসায় নামিয়ে গাড়ি নিয়ে ম্যানহাটনে চলে যাবে। আমাদের ট্যাক্সি ব্যবসার কেন্দ্র হচ্ছে ম্যানহাটন। ৯০ শতাংশ প্যাসেঞ্জারই ম্যানহাটন থেকে গাড়িতে ওঠে এবং ম্যানহাটনের কোথাও নামে। বন্ধুটি গাড়ির দরজা খুলে ভেতরে ঢোকার সময় রাস্তা থেকে এক ব্যাগ তুলে আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ‘এটা তোর ব্যাগ?’
-না তো! কই পেলি?
-সিট আর দরজার মাঝখানে পড়ে ছিল।
আমি ব্যাগটির দিকে তাকালাম, পেটমোটা বাদামি রঙের চামড়ার ট্রাভেল ব্যাগ।
বন্ধুকে বললাম, ‘ব্যাগটা খুলে দেখ তো ভেতরে কী?’
সে ব্যাগ খুলল। ভেতরে চারটি জাপানিজ পাসপোর্ট। বেশ কিছু ইয়েন/ডলার, আর ছোট একটি অ্যাড্রেসবুক। বুঝলাম, ভোরবেলা যে জাপানিজদের উঠিয়েছিলাম, তাঁরাই এই ব্যাগের মালিক। সারা দিন আর কেউই সামনের সিটে বসেনি। বন্ধুটি আমাকে আমার বাসায় নামিয়ে দিয়ে কাজে চলে গেল। বাসায় ফিরে খাওয়াদাওয়া সারলাম। তারপর বসলাম ব্যাগ নিয়ে। এই ব্যাগের মালিককে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। বিদেশ বিভুঁইয়ে বেচারা ব্যাগ হারিয়ে নিশ্চয়ই চোখে সর্ষে ফুল দেখছে। ব্যাগে থাকা অর্থের পরিমাণ অনেক। প্রায় তিন হাজার ডলার ও বেশ কিছু জাপানিজ ইয়েন। ইয়েনের পরিমাণ বুঝতে পারলাম না। কারণ, প্রতিটি নোটেই অনেকগুলো শূন্য বসানো। অ্যাড্রেসবুকের পাতা ওলটাতে শুরু করলাম। কিছুই বুঝলাম না। কারণ, সবকিছুই জাপানিজ ভাষায় লেখা। হঠাৎ মনে পড়ল জাপানিজ লোকটা নামার সময় আমার কাছ থেকে ভাড়ার রসিদ নিয়েছে। তিনি নিশ্চয়ই ট্যাক্সি অ্যান্ড লিমোজিন কমিশনের সঙ্গে যোগাযোগ করবেন। টিএলসির কাছে সব ট্যাক্সি ড্রাইভারের ফোন নম্বর আছে, গাড়ির গ্যারেজের নম্বরও থাকে। দুদিন কেটে গেল। কেউই আমাকে ফোন করল না।
দুদিন পর দুপুরবেলা। সেদিন আমার ছুটি। ছুটিছাটার দিনে আমার স্ত্রী রান্না করে না। বাইরে থেকে খাবার নিয়ে আসি। আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি, তার নিচতলায় নতুন এক জাপানিজ রেস্টুরেন্ট কিছুদিন হয় চালু হয়েছে। ভাবলাম আজ দুপুরে জাপানিজ খাবার চেখে দেখি। এর আগে কখনো জাপানিজ খাবার খাওয়া হয়নি। জাপানিজ রেস্টুরেন্টে যাব বলে বাসা থেকে বের হচ্ছি, ঠিক তখনই আমার স্ত্রী বলল, ‘এই তুমি যে ব্যাগটি পেয়েছে সেটা ওই রেস্টুরেন্টের কাউকে দেখালে কেমন হয়? অ্যাড্রেসবুকে কী লেখা, ওরা নিশ্চয়ই বুঝবে।’ আমার স্ত্রী অতি রূপবতী এবং বোকাসোকা টাইপের মহিলা। তাঁর মাথায় এমন একটা আইডিয়া আসতে পারে, তা আমি স্বপ্নেও ভাবিনি। স্ত্রীর বুদ্ধিমত্তায় আমি চমৎকৃত হলাম। আসলেই তো এই ব্যাপারটা মাথায় আসেনি।
গেলাম জাপানিজ রেস্টুরেন্টে। খাবারের অর্ডার দিলাম। তারপর কাউন্টারে বসা বুড়ো জাপানিজ মহিলাটির হাতে অ্যাড্রেসবুকটি দিয়ে বললাম, ‘দেখ তো এখানে কোনো নিউইয়র্কের ঠিকানা আছে কিনা? তিনি বই দেখে একটি ঠিকানা বের করে বললেন, ‘এই ঠিকানাটা নিউইয়র্কের।’
-আমাকে ঠিকানাটা ইংরেজিতে লিখে দাও।
তিনি ঠিকানাটা ইংরেজিতে তর্জমা করে দিলেন। বাসায় ফিরে লাঞ্চ সেরে ওই ঠিকানায় ফোন ঘুরালাম। ওপাশ থেকে স্পষ্ট ইংরেজিতে কেউ একজন বললেন, ‘হ্যালো?’
-এক জাপানিজ ভদ্রলোক আমার ট্যাক্সিতে তাঁর ব্যাগ ফেলে গেছেন। সেই ব্যাগে একটি অ্যাড্রেসবুক ছিল এবং তোমার ঠিকানা আমি সেখানেই পেয়েছি। তোমার পরিচিত কেউ কি ব্যাগ হারিয়েছে?
লোকটি আনন্দে চিৎকার করে উঠল। ‘ওহ মাই গড, ওহ মাই গড’, বলে চ্যাঁচাতে লাগল।
আমি প্রশ্ন করলাম, ‘ব্যাগটি কার?’
তিনি উত্তেজিত কণ্ঠে বললেন, ‘ব্যাগটি আমার বাবার। তুমি কোথায় থাক? আমাকে বলো আমরা এখনই আসছি।’
আমি আমার ঠিকানা দিয়ে ফোন ছেড়ে দিলাম। ঘণ্টাখানেক পর সেই বৃদ্ধ জাপানিজ যাত্রী ও তাঁর ছেলে এসে হাজির। জাপানিজ বৃদ্ধ আমাদের দেখে আনন্দে জড়িয়ে ধরলেন। তাঁদের আমার ড্রয়িংরুমে এনে বসালাম। ব্যাগটি তাঁদের দিকে বাড়িয়ে দিয়ে বললাম, ‘দেখ সব ঠিক আছে কি না?’ অতি বিনয়ী সেই জাপানিজ ভদ্রলোক ব্যাগ খুলেও দেখলেন না। যাওয়ার সময় আমার হাতে ছোট একটি খাম দিয়ে ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন, ‘আমার কাছ থেকে সামান্য উপহার গ্রহণ করলে খুশি হব।’
আমি উপহার গ্রহণ করলাম। খাম খুলে দেখি, ভেতরে দশটি এক শ ডলারের চকচকে নোট।