লাইজলের মূল্য বৃদ্ধি ঠেকাতে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসে দ্রুত ছড়িয়ে পড়ায় নিউইয়র্কের সর্বত্র নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ জীবাণুনাশক লাইজলের দাম এক লাফে দ্বিগুণ হয়ে গেছে। মূল্য বৃদ্ধির মূল হোতাদের ধরতে উইলিয়ামসবার্গের ফুড বাজারে অভিযান চালিয়ে স্টোর ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হয়।
মূল্য বৃদ্ধির এই অসাধু চক্রকে জনসমক্ষে তুলে আনতে সিবিএস-এর রিপোটার্স ক্রিস্টিনা ফান দোকানে আগত সমাজের নানা স্তরের গ্রাহকদের মতামত প্রচার করেন।
ব্রুকলিন বরো প্রেসিডেন্ট এরিক অ্যাডামস বলেন, ৬ ডলার মূল্যের লাইজল ১৪ ডলারে কেনা অনেক কষ্টকর।
বারবারা উইলিয়ামস নামের একজন প্রবীণ ক্রেতা সুযোগ পেয়ে এ ধরনের মূল্য বৃদ্ধিকে অপরাধ বলে উল্লেখ করেন। প্রবীণ এই ক্রেতা বলেন, ৬ ডলার মূল্যের সামগ্রী প্রায় দ্বিগুণ মূল্যে বিক্রি করা হচ্ছে। আমার মতো অনেক সিনিয়র সিটিজেন বসবাস করেন যাদের ক্রয় ক্ষমতা সীমিত।
তবে স্টোর ম্যানেজারকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, হঠাৎ করে এ মূল্য বৃদ্ধির জন্য পণ্য সরবরাহকারীদের কারসাজি রয়েছে।
সিবিএসের রিপোটার্সকে অন্যান্য দোকান মালিকেরাও একই কথা বলেন। কোনো কোনো এলাকায় জীবাণুনাশক লাইজল সর্বোচ্চ মূল্য ১৯.৯৯ ডলারে বিক্রি হচ্ছে। তবে দোকান মালিকেরা বলছেন, তাঁরা ১২ ডলারে লাইজল বিক্রি করতে বাধ্য হয়েছেন।
নিউ ইউনিভার্সিটি পেন স্টোরের মালিক আলী মোহাম্মদ বলেন, চালু মূল্যের চেয়ে এক পেনি কম মূল্যে তিনি বিক্রয় করতে পারবেন না। পাশাপাশি তিনি আমাজনকে মূল্য বৃদ্ধির এই অসাধু কাজে যুক্ত থাকার জন্য অভিযুক্ত করেন।
অ্যাটর্নি অফিস মূল্য বৃদ্ধি সম্পর্কিত ১২টির মতো অভিযোগ লিপিবদ্ধ করেছে। এ ধরনের অহেতুক মূল্য বৃদ্ধির জন্য দায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের খুঁজে পেতে সবার সাহায্য কামনা করেন অ্যাটর্নি। জরুরি ও প্রয়োজনীয় কোনো সামগ্রী বেশি দামে বিক্রির ঘটনা দেখলে অনলাইনে (ag.ny.gov/price-gouging-complaint-form) অভিযোগ করতে অনুরোধ করা হয়েছে।