লাইট ফাউন্ডেশনের মহতি উদ্যোগ

দশ উদ্যোগী যুবকের প্রচেষ্টায় সম্প্রতি কুলাউড়া উপজেলায় প্রতিষ্ঠিত হয়েছে লাইট ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত এই সংগঠন পুরো মাসব্যাপী কুলাউড়ার বিভিন্ন অঞ্চলে দরিদ্র মানুষের মধ্যে ইফতার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করছে।
নিউইয়র্কে বসবাসরত তরুণ সমাজকর্মী ফজলে আবিদ খান রাবী ও তাঁর চার প্রবাসী সহপাঠী এই সংগঠনে অর্থায়ন করেছেন। লাইট ফাউন্ডেশন নামে সংগঠনটি আমেরিকাপ্রবাসী ফজলে আবিদ খান রাবী (এমডি ও ফাউন্ডার), পর্তুগালপ্রবাসী তানভির শোভনসহ (সিইও ও ফাউন্ডার), আমেরিকাপ্রবাসী মীর্জা বেগ রাহি , সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী এ আর অপু ও ফরহাদ চৌধুরীর উদ্যোগে গঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক রাজু আহমদ, যুগ্ম আহ্বায়ক আহমদ আলী, সজীব হাসান, সায়েম আহমদ, সদস্যসচিব তানিম খান ও সমন্বয়কারী মাওলানা রাজু আহমদ সংগঠনটিকে এগিয়ে নেওয়ার কাজ করছেন।
এই সংগঠনের উদ্যোগে রমজান মাসে কুলাউড়ার প্রত্যন্ত অঞ্চলে এক হাজার দরিদ্র পরিবারের মধ্যে ইফতার বিতরণ করা হবে। এ ছাড়া গত ১৫ মার্চ থেকে ফাউন্ডেশনের উদ্যোগে পর্যায় ক্রমে ১৫০টি দরিদ্র পরিবারকে এক সপ্তাহের খাবার হিসেবে ৭ কেজি চাল, ২ কেজি পেঁয়াজ, ২ লিটার তেল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি চানা দিয়ে যাচ্ছে।
এরই মধ্যে সংগঠনটির এমন উদ্যোগ বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দশজন উদ্যমী যুবকের এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়। বৈশ্বিক এই মহামারিতে দেশে যখন দরিদ্র মানুষ তীব্র খাদ্য সংকটে দিনাতিপাত করছে, তখন তাদের এই প্রচেষ্টা অন্তত কিছু মানুষের মুখে হলেও হাসি ফোটাবে। সবাই যদি এই মুহূর্তে এভাবে দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়, তাহলে দেশ ও সমাজ উপকৃত হবে।