লাউতাবাসীর উদ্যোগে কামাল আহমেদের কবর জিয়ারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামাল আহমেদের কবর জিয়ারত করছেন লাউতাবাসী

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সোসাইটির দুবারের সভাপতি ছিলেন কামাল আহমেদ। গত ৫ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ১০ এপ্রিল তাঁকে নিউইয়র্কের ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে দাফন করা হয়। ৬ সেপ্টেম্বর সেই কবর জিয়ারত করা হয় লাউতাবাসীর উদ্যোগে।

৬ সেপ্টেম্বর নিউইয়র্ক ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে মরহুম কামাল আহমেদের কবর জিয়ারতের এ উদ্যোগ নেন তাঁর গ্রাম লাউতা থেকে আসা মানুষেরা। এই আয়োজনে মোনাজাত পরিচালনা করেন ইমাম কাজী কায়্যূম। কামাল আহমেদের মাও একই কবরস্থানে সমাহিত। ওই দিন একই সঙ্গে তাঁর মায়ের কবরটিও জিয়ারত করা হয়।

উল্লেখ্য, নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রায় ৪০০ বাংলাদেশির অনেককেই এই কবরস্থানে দাফন করা হয়েছে।

কবর জিয়ারত শেষে পরিবারের পক্ষ থেকে সবার মধ্যে তবারক বিতরণ করা হয়। পরে জোহরের নামাজ আদায় করা হয়।