লাতিন আমেরিকায় হস্তক্ষেপ নয়: ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের দিন এখন অতীত। আজ শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, মধ্য আমেরিকার দেশ পানামায় উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলন (এসওএ-সামিট অব দি আমেরিকাস) শুরুর আগ মুহূর্তে এ মন্তব্য করেন ওবামা।
পানামা সিটিতে গতকাল শুক্রবার আমেরিকা মহাদেশের সপ্তম এই শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে ৩০টি দেশের প্রেসিডেন্টরা যোগ দিয়েছেন।
পানামা সিটিতে সুশীল সমাজের এক অনুষ্ঠানে ওবামা বলেন, এই অঞ্চলের (লাতিন আমেরিকা) বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র অবলীলায় হস্তক্ষেপ করতে পারে বলে যে অনুমান রয়েছে, তা এখন অতীত।
সম্মেলনে আসা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর মধ্যে আজ সাক্ষাৎ হবে। সম্মেলনের এক ফাঁকে তাঁদের মধ্যে বৈঠকও হতে পারে। এই দুই নেতা গত বৃহস্পতিবার পানামায় আসেন।
২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানে রাউল ও ওবামার মধ্যে স্বল্প সময়ের জন্য দেখা হয়েছিল। পানামায় ওবামা-রাউল সাক্ষাৎ বা বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের বরফ অনেকটাই গলতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্নায়ুযুদ্ধকালীন দীর্ঘ বৈরিতার ইতি টেনে যুক্তরাষ্ট্র ও কিউবা গত জানুয়ারি থেকে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করে। এসওএ সম্মেলনে কমিউনিস্ট কিউবার অংশগ্রহণ এবারই প্রথম।
কিউবা-যুক্তরাষ্ট্র সর্বশেষ উচ্চপর্যায়ের বৈঠক হয়েছিল ১৯৫৯ সালে। কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো এবং তখনকার মার্কিন ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ওই আলোচনায় অংশ নেন। এর দুই বছর পরই দুটি দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। কয়েক দশক পর গত বছর বারাক ওবামা ও রাউল কাস্ত্রোর ঘোষণার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের ‘নতুন অধ্যায়’ শুরু করার প্রক্রিয়া শুরু হয়। ওবামা তখন বলেন, কিউবার সঙ্গে সম্পর্ক ছিন্ন রাখার নীতি অকার্যকর প্রমাণিত হয়েছে।
এদিকে হাভানার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক পুনরুদ্ধারের প্রক্রিয়া গতি পেলেও ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের তিক্ততা এখনো রয়ে গেছে। এসওএ সম্মেলনেও পড়তে পারে দেশ দুটির মধ্যকার এই উত্তেজনার ছায়া।