লাদেন হত্যা কাহিনি: লেখক নেভি সিলের সদস্যের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নো ইজি ডে’ প্রকাশের পরপরই মার্কিন বেস্টসেলারের তালিকার শীর্ষে চলে আসে। ছবি: এএফপি
‘নো ইজি ডে’ প্রকাশের পরপরই মার্কিন বেস্টসেলারের তালিকার শীর্ষে চলে আসে। ছবি: এএফপি

আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যার অভিযান নিয়ে প্রকাশিত বইয়ের লেখককে জরিমানা গুনতে হচ্ছে। গোপনীয়তার শর্ত ভেঙে তথ্য প্রকাশের দায়ে যুক্তরাষ্ট্র সরকার তাঁকে ৭০ লাখ ডলার জরিমানা করেছে। শুধু তাই নয়, লেখককে বইয়ের স্বত্বও ছাড়তে হচ্ছে।

২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন নেভি সিলের সদস্যদের কমান্ডো অভিযানে ওসামা বিন লাদেন নিহত হন। ওই অভিযান নিয়ে ‘নো ইজি ডে’ নামে বই লেখেন অভিযানে অংশ নেওয়া নেভি সিলের সদস্য ম্যাট বিসোনেট। লেখক হিসেবে তিনি ছদ্মনাম ‘মার্ক ওয়েন’ ব্যবহার করেন।
২০১২ সালে ‘নো ইজি ডে’ প্রকাশের আগে লেখক যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন থেকে ছাড়পত্র পেতে ব্যর্থ হন। যদিও বইটি প্রকাশের পর পরই তা সবচেয়ে বেশি বিক্রীত (বেস্টসেলার) বইয়ের তালিকার চলে আসে। যুক্তরাষ্ট্রের নেভি সিলের নিয়ম অনুযায়ী বিশেষ কমান্ডো অভিযানে অংশ নেওয়া কোনো সদস্য ওই অভিযানে নিজের ভূমিকার জন্য প্রকাশ্যে কৃতিত্ব দাবি করতে পারেন না। কিন্তু ম্যাট বিসোনেট এই বইয়ে মূলত অভিযানে নিজের ভূমিকার কথা তুলে ধরেছেন।

ওসামা বিন লাদেন। ছবি: রয়টার্স
ওসামা বিন লাদেন। ছবি: রয়টার্স

‘নো ইজি ডে’ বই লেখার জন্য বিসোনেটের জরিমানা অন্যান্য বিষয় নিষ্পত্তি হয় ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি আদালতে। জরিমানা ও স্বত্ব হারানোর পাশাপাশি বই বিক্রি থেকে কোনো লাভ পাবেন না বিসোনেট। এমনকি বইটির চিত্রায়ণ ও সাক্ষাৎকার বাবদ কোনো অর্থও তিনি নিতে পারবেন না। এর বিনিময়ে মার্কিন সরকার এই বই সংক্রান্ত অন্যান্য বাধ্যবাধকতা থেকে লেখককে মুক্ত করে দেবে।
লেখক বিসোনেট স্বীকার করেন, বইটি প্রকাশের আগে তা পর্যালোচনার জন্য পেন্টাগনে জমা দিতে তিনি ব্যর্থ হন। এক বিবৃতিতে তিনি বলেন, তিনি ক্ষমাপ্রার্থী। আইনজীবীর ভুল পরামর্শে এ কাজ করেছেন। বিসোনেট বলেন, ‘একটি বড় ধরনের ভুল করেছি। আমি অন্যদের বলছি, তাঁরাও যেন এ ধরনের ঘটনা না ঘটান।’ তিনি আরও বলেন, ‘আমি ইচ্ছাকৃতভাবে আমার সাবেক সহকর্মীদের বিপদে ফেলার জন্য এ কাজ করিনি। এখন বুঝতে পারছি বড় ঝুঁকির কথা বিবেচনা করে বইটি প্রকাশের আগে আমার সহকর্মী এবং তাদের পরিবারের কাছে তা দেওয়া উচিত ছিল। এ ব্যর্থতার জন্য বিশেষভাবে ক্ষমা চাইছি।’